ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মাহমুদ জামাল মারা গেছেন


রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মাহমুদ জামাল মারা গেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে পরিচিত মাহমুদ জামাল, যিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, মারা গেছেন। তিনি ৭৪ বছর বয়সে শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী নগরের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর রাজশাহী নগরের বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

মাহমুদ জামালের মৃত্যুতে বিসিবি গভীর শোক প্রকাশ করেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনের একটি পরিচিত মুখ হিসেবে, তিনি চার দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট চূড়ান্ত

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। এছাড়া, নগরের ঐতিহ্যবাহী ব্রাইট স্টার ক্লাব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে এনসিসিসির সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। এছাড়া জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রতিমন্ত্রী, পরিচালক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা. হাছানাত আলী মন্তব্য করেন, এনসিসিসির সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।

এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা ভিসি প্রফেসর ড. মোহা. হাছানাত আলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পবন্দরের চাপে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


শিল্পবন্দরের চাপে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপর্যস্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ শিল্পায়ন ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনের চাপে দিন দিন বিপজ্জনকভাবে ভারী হয়ে উঠছে। মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে আসা ভারী যান, সীতাকুণ্ডের স্থানীয় শিল্পকারখানার পণ্যবাহী ট্রাক এবং চট্টগ্রাম বন্দরমুখী ও বন্দর থেকে দেশজুড়ে ছুটে চলা কাভার্ড ভ্যানের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কের ওপর এই অতিরিক্ত যানবাহন ও একক নির্ভরতার কারণে সামান্য দুর্ঘটনা কিংবা একটিমাত্র যান বিকল হলেই দীর্ঘ পথজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে জরুরি যাত্রী ও পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে এই চাপ কমাতে উপকূল ধরে ১৭২ কিলোমিটার দীর্ঘ একটি বিকল্প মেরিন ড্রাইভ নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি এবং ডিজাইন-ড্রয়িংয়ের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সওজের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই মেরিন ড্রাইভটি মিরসরাই থেকে শুরু হয়ে সীতাকুণ্ড উপকূলীয় এলাকা ধরে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া ও মাতারবাড়ী হয়ে পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত সংযোগ স্থাপন করবে। এর মূল লক্ষ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প একটি শক্তিশালী ও যুগোপযোগী যোগাযোগ করিডর গড়ে তোলা।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মইদুল ইসলাম বলেন, "সওজের পক্ষ থেকে প্রকল্পটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এখন সরকারের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত পাওয়া গেলেই পরবর্তী প্রশাসনিক ও নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।"

বর্তমানে মিরসরাই ও সীতাকুণ্ডে ইস্পাত এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত করণসহ বিভিন্ন ভারী শিল্পের কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনের জন্য এই মহাসড়কই একমাত্র ভরসা। এর সঙ্গে চট্টগ্রাম বন্দর, বেটার্মিনাল, কর্ণফুলী টানেল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের বাণিজ্যিক কার্যক্রম যুক্ত হওয়ায় মহাসড়কের ওপর চাপ আরো বহুগুণ বাড়ছে। বিশেষ করে মাতারবাড়ীকে ঘিরে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারমুখী পণ্য পরিবহনে বিকল্প রুটের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। মেরিন ড্রাইভটি বাস্তবায়িত হলে পণ্যবাহী যানবাহনের একটি বড় অংশ এই বিকল্প পথ ব্যবহারের সুযোগ পাবে। সমুদ্রঘেঁষা সড়কের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণও একটি বড় কারিগরি চ্যালেঞ্জ।

উপকূলীয় অঞ্চলে শিল্পায়ন ও বাণিজ্যের গতি মোটেও থেমে নেই। কিন্তু সেই তুলনায় থমকে আছে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন। ফিজিবিলিটি স্টাডি ও নকশা প্রস্তুত থাকার পরও ১৭২ কিলোমিটারের এই স্বপ্নের মেরিন ড্রাইভ প্রকল্পটি এখন কেবল সরকারের একটি সবুজ সংকেত বা নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে আবাসন সংকটের বিরুদ্ধে বিক্ষোভ, লিসবনে পুলিশ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


পর্তুগালে আবাসন সংকটের বিরুদ্ধে বিক্ষোভ, লিসবনে পুলিশ অভিযান

পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। শনিবার রাজধানী লিসবনের একটি প্রধান সড়কে প্রতিবাদ মিছিলের পর আন্দোলনকারীরা সেখানে শতাধিক তাঁবু স্থাপন করেন।

পুলিশ পরে শনিবার গভীর রাতে ওই তাঁবুগুলো উচ্ছেদ করে। এই অভিযানের সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। সংঘর্ষের ফলে কিছু মানুষ সামান্য আহত হন, তবে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

পর্তুগাল বর্তমানে ইউরোপের অন্যতম তীব্র আবাসন সংকটে ভুগছে। ২০১৭ সালের পর দেশটির বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন চুক্তির আওতায় বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যা তরুণদের জন্য সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে।

শনিবারের বিক্ষোভ মিছিলের পর লিসবনের রোসিও স্কয়ারে আন্দোলনকারীরা শতাধিক তাঁবু স্থাপন করেন। শনিবার রাত ২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁবুগুলো সরিয়ে দেয়। এর আগে মঙ্গলবারও একই স্থানে একটি শিবির উচ্ছেদ করা হয়েছিল।

ব্যাংক অব পর্তুগালের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ লাখ বাড়ির ঘাটতি রয়েছে। বিক্ষোভকারীরা আবাসন আইন সংশোধনের প্রস্তাব বাতিল, উচ্ছেদ সহজ করার উদ্যোগ বন্ধ এবং নতুন ভাড়ার চুক্তিতে ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

আবাসন সংকটের প্রতিবাদে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি ও স্পেনেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের দুই টার্মিনাল চালুর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের দুই টার্মিনাল চালুর ঘোষণা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার হুমকির মধ্যে নিরাপত্তা সতর্কতা জারি করলেও সৌদি কর্তৃপক্ষ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এএনআই-এর তথ্য অনুযায়ী, রবিবার (২৫ অক্টোবর) থেকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য এবং ২ নম্বর টার্মিনালটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে। কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে যে, বিমানবন্দরে আসার আগে তাদের নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে টিকিটের বুকিং ও ফ্লাইটের আপডেট যাচাই করে নিতে হবে।

এর আগে ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন যে, তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, নাজরান বিমানবন্দর, খামিস মুশাইত এয়ারবেস এবং আরামকোর বিভিন্ন তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তারা কিং খালিদ বিমানবন্দরকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাসমূহ ও যাত্রীদের এটি ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সৌদি আরবগামী তাদের বেশ কিছু ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায়, আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম এবং ৩১ অক্টোবর পর্যন্ত জেদ্দাগামী ফ্লাইটগুলো বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট পরিবর্তনের সুবিধা বা পুরো টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%