ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা


সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

বীর চট্টগ্রামের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব (অব.), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং পুণ্যভূমি সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম জুয়েল এবং যুক্তরাজ্য শাখার সম্মানিত সদস্য ইয়াছিন আলতাপ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে উপস্থিত অতিথিদের সম্মানে একটি সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় সিলেট ও চট্টগ্রামের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল সম্মানিত অতিথি ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনে সিলেটচট্টগ্রাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের বাইরে নিত্যপণ্য বিক্রিতে টিসিবির নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০২ পি.এম


ফ্যামিলি কার্ডের বাইরে নিত্যপণ্য বিক্রিতে টিসিবির নতুন উদ্যোগ

বাজারদর কমানোর জন্য ভোক্তাদের স্বস্তি দিতে সরকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিদ্যমান স্মার্ট ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণ ব্যবস্থার বাইরে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলাবাজারে বিক্রির নতুন একটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, এ উদ্যোগের আওতায় বিদেশ থেকে তুলনামূলক কম দামে সংগ্রহ করা পণ্য কোন সরকারি ভর্তুকি ছাড়াই প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ এবং বর্তমান সরকারের চিন্তা থেকেই এর সূত্রপাত।’ তিনি বলেন, প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে এই উদ্যোগের কার্যক্রম শুরু হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রায় ২০ হাজার মেট্রিক টন ভোজ্যতেলের প্রথম চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

টিসিবি চেয়ারম্যান জানান, ‘আমরা তেল দিয়ে শুরু করছি। ডাল কম দামে সংগ্রহ করতে পারলে ডালও বিক্রি করব। চিনি কম দামে সংগ্রহ করতে পারলে চিনিও বিক্রি করব।’ এ উদ্যোগের লক্ষ্য হলো স্মার্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ভোক্তার জন্য নির্বাচিত পণ্য কেনার সুযোগ তৈরি করা।

তিনি বলেন, ‘সবাই খোলাবাজারে এসব পণ্য কিনতে পারবেন।’ প্রাথমিকভাবে তিন থেকে চার মাস এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে এবং বাজারে এর প্রতিক্রিয়া মূল্যায়ন করা হবে। ব্রিগেডিয়ার জেনারেল ফয়শল বলেন, প্রথম চালানটিকে ‘পাইলট লট’ হিসেবে বিবেচনা করা হবে। বাজারে সংগ্রহ করা পণ্য কার্যকরভাবে বিক্রি করা সম্ভব হচ্ছে কি না, তার ওপর উদ্যোগটির ধারাবাহিকতা অনেকাংশে নির্ভর করবে।

তিনি বলেন, ‘পণ্য আনলাম, কিন্তু বিক্রি করতে পারলাম না, তাহলে এটি চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর বিক্রি করতে পারলে আমরা উদ্যোগটি এগিয়ে নিতে পারব।’ টিসিবি চেয়ারম্যান স্পষ্টভাবে বলেন, খোলাবাজারে প্রস্তাবিত পণ্য বিক্রিতে সরকার কোন ভর্তুকি দেবে না। বরং প্রতিযোগিতামূলক দামে পণ্য সংগ্রহ করে তুলনামূলক কম মুনাফায় বিক্রির মাধ্যমে ভোক্তাদের সুবিধা দেওয়ার চেষ্টা করবে টিসিবি।

তিনি আরও বলেন, ‘এখানে সরকার কোন ভর্তুকি দেবে না। যেহেতু আমি কম দামে কিনেছি, তাই কিছুটা কম দামে বিক্রি করব। তবে তা বাজারদরের চেয়ে কম হবে।’ চেয়ারম্যানের মতে, পণ্য ও সংগ্রহমূল্যের ওপর নির্ভর করে প্রচলিত বাজারদরের তুলনায় প্রতি ইউনিটে প্রায় ১০ থেকে ১২ টাকা কম দামে পণ্য বিক্রি করা সম্ভব হবে।

তিনি জানান, এ উদ্যোগ মৌসুমভিত্তিক হবে না। বরং প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল মূল্যায়ন করে তা সফল হলে কর্মসূচি সম্প্রসারণের কথা বিবেচনা করা হবে। ভোজ্যতেলের দাম বর্তমানে বেশি এবং বাজারে এর চাহিদাও শক্তিশালী হওয়ায় প্রাথমিকভাবে এ পণ্য দিয়ে কার্যক্রম শুরু করা হচ্ছে।

তিনি বলেন, ‘ভোজ্যতেলের চাহিদা রয়েছে। আমরা তেল দিয়ে শুরু করছি, কারণ এখন তেলের দাম বেশি। আমি যদি কম দামে সংগ্রহ করতে না পারি, তাহলে কম দামে বিক্রিও করতে পারব না।’ টিসিবি চেয়ারম্যান জানান, পরবর্তী সময়ে চিনি ও ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও প্রতিযোগিতামূলক দামে সংগ্রহ করা সম্ভব হলে খোলাবাজারে বিক্রির আওতায় আনা হতে পারে।

তবে টিসিবি সব সময় সব পণ্যের বাজারে হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ বা দামের ওপর চাপ তৈরি হলে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পণ্য বাজারে আনা হবে। প্রস্তাবিত খোলাবাজারে বিক্রয় কার্যক্রম টিসিবির বিদ্যমান ভর্তুকিমূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির বিকল্প নয়, বরং এর অতিরিক্ত একটি কার্যক্রম হবে।

তিনি বলেন, ‘ভর্তুকির কার্যক্রমটি আলাদা। তবে এটি বাজারদরে হবে, যদিও প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে।’ ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল জানান, টিসিবির বিদ্যমান দায়িত্বের আওতায়ই এ কার্যক্রম পরিচালিত হবে। ‘এ কার্যক্রমের জন্য আলাদা কোনো নাম নেই। এটি টিসিবির স্বাভাবিক কার্যক্রমের অংশ,’ তিনি বলেন।

তিনি জানান, পরীক্ষামূলক কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রয়োজন হবে না, কারণ টিসিবির কার্যক্রম পরিচালনার জন্য চলতি বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে এ বাজেটে বরাদ্দ রেখেছি। বর্তমানে অতিরিক্ত কোনো বাজেট বরাদ্দের প্রয়োজন নেই।’

টিসিবি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে পরবর্তীতে আরও বেশি পণ্য এর আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, ‘পাইলট কার্যক্রম সফল হলে এটি সম্প্রসারণ করা হবে।’ প্রতিযোগিতামূলক দামে খোলাবাজারে টিসিবির উপস্থিতি বাড়ানো গেলে সামগ্রিক বাজারদর কমাতেও তা ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা যদি পণ্য বাজারে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই দাম কমতে শুরু করবে।’ টিসিবি চেয়ারম্যান বলেন, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নতুন একটি পণ্য সংগ্রহ ও খোলাবাজারে বিক্রয় ব্যবস্থার মাধ্যমে ভোক্তাদের কাছে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পৌঁছে দেওয়া। প্রাথমিকভাবে সীমিত পরিসরে এ ব্যবস্থা পরীক্ষা করে পরে এর সফলতার ভিত্তিতে বৃহত্তর পরিসরে সম্প্রসারণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই, ১২ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই, ১২ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বিমানবন্দরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া ছিনতাইয়ের ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন গ্রেফতার হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও অস্ত্র, গুলি এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও উদ্ধার করেছে।’

ঢাকা শহরের প্রধানত ডাকাতির ঘটনার সঙ্গে এই চক্র জড়িত বলে অতিরিক্ত পুলিশ কমিশনার উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তাদের ধরতে পারলে ডাকাতির ঘটনা অনেকাংশে কমে যাবে।’

তিনি আরও জানান, ‘গ্রেফতার সাগর বাড়ির বিরুদ্ধে ডাকাতির ১৩টি মামলা রয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজন পলাতক রয়েছে। মূল আসামিও পলাতক।’

ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারসহ পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও শফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা এখনো জানা যায়নি।’

গত ৯ আগস্ট সময় রাজধানীর বিমানবন্দরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা উপস্থাপিত হয়। ঘটনার রাতে পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

জানা গেছে, ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাকে ক্লিন-গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


ঢাকাকে ক্লিন-গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক

প্রধানমন্ত্রী ঢাকা শহরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করার ঘোষণা দেয়ার পর থেকেই এর বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি উল্লেখ করেছেন, নগরকে পরিষ্কার রাখার জন্য ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী যে ক্লিন ও গ্রিন সিটির প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে যা কিছু করণীয়, তা করা হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম আরও বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করা যথেষ্ট নয়; নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

মিরপুরের এই কর্মসূচির মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরো জোরদার করা হবে বলেও জানান ডিএনসিসির প্রশাসক। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


আক্রমণ ও নির্যাতনের শিকার অসহায় মায়েরা কিয়েভের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন

হিংস্র প্রাক্তন স্বামীর হাত থেকে নিরাপদ আশ্রয় পাওয়ার পর তার মুখে ফিরে এসেছে হারিয়ে যাওয়া সেই হাসি।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওলেনা ও তার ছোট ছেলে বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পরিচয় গোপন রাখা এই অ্যাপার্টমেন্ট ভবনটি শুধুমাত্র পারিবারিক সহিংসতার শিকার নারীদের জন্য নয়, পূর্ব ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকা থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা মা ও শিশুদেরও আশ্রয় দিয়ে আসছে।

ওলেনা তার আসল নাম নয়। যুদ্ধ শুরুর পর তিনি চাকরি হারিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে চলে গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। কয়েক মাসের মধ্যেই তিনি অন্তঃসত্ত্বা হন, বিয়ে করেন এবং পরে স্বামীর মারধরের শিকার হয়ে শরীরের আঘাতের দাগ লুকিয়ে রাখতে বাধ্য হন।

এখন তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে সন্তানের একক অভিভাবকত্ব পাওয়ার চেষ্টা করছেন।

এএফপিকে তিনি জানান, যুদ্ধ চললেও তিনি সাবেক স্বামীর ওপর নির্ভরশীল থাকার চেয়ে ‘অনেক বেশি নিরাপদ’ বোধ করছেন।

তিনি বলেন, ‘ইউক্রেনে এমন জায়গা আছে, যেখানে একজন নারী লুকিয়ে নিরাপদে থাকতে পারেন—এটা সত্যিই ভালো বিষয়।’

ইউক্রেনীয় পাবলিক হেলথ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই আশ্রয়কেন্দ্রটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহায়তা পেয়ে আসছে। ২০২২ সাল থেকে এখানে ১৫০ জন নারী ও শিশু আশ্রয় নিয়েছে।

কেন্দ্রটির দায়িত্বে থাকা নাতালিয়া লিয়েশুকোভা বলেন, তিনি ‘সব নারীকে সাহায্য করতে’ চান।

তবে একসঙ্গে মাত্র ছয়জনকে এখানে রাখা সম্ভব হওয়ায়, আশ্রয়ের জন্য অপেক্ষমাণ মানুষের তালিকা কিছুটা দীর্ঘ হয়ে গেছে।

আশ্রয়কেন্দ্রের কার্যালয়ের দেয়ালে বিভিন্ন সময়ে সেখানে আসা বিখ্যাত ব্যক্তি ও সহযোগীদের ছবি টাঙানো রয়েছে। তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন, যিনি ২০১৮ সালে কিয়েভ সফরে এসেছিলেন।

যুদ্ধের কারণে বহু ইউক্রেনীয় মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন। একই সাথে দেশটির সামাজিক সহায়তা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, রাশিয়ার আগ্রাসনের আগের বছর ২০২১ সালের তুলনায় ইউক্রেনে দারিদ্র্যের হার দ্বিগুণ হয়ে ৪১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

আশ্রয়কেন্দ্র পরিচালনাকারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হালিনা স্কিপালস্কা বলেন, ‘সন্তান থাকা নারীরা আরও বেশি দরিদ্র হয়ে পড়েছেন, কারণ তাদের একসঙ্গে একাধিক সমস্যার মোকাবিলা করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, এসব সমস্যার মধ্যে রয়েছে শুধুমাত্র পারিবারিক সহিংসতা নয়—পরিচয়পত্র না থাকা, যুদ্ধের কারণে শিশুদের গুরুতর মানসিক সমস্যা, কথা বলার সমস্যা এবং অপুষ্টির মতো বিষয়।

আশ্রয়কেন্দ্রের অধিকাংশ মা তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছেন। অনেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে, আবার কিছু বাড়ি বর্তমানে রুশ বাহিনীর দখলে থাকা এলাকায় রয়েছে।

আশ্রয়কেন্দ্রের আরেক বাসিন্দা ক্রিস্টিনার নামও পরিবর্তন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তার একটি কন্যাসন্তান জন্ম নেওয়ার কথা।

এ বছর তিনি যুদ্ধের সম্মুখসারির একটি এলাকা থেকে কিয়েভে এসে ক্যাশিয়ার হিসেবে চাকরি নেন।

তিনি এএফপিকে বলেন, ‘সেখানে কাজ শুরু করার এক মাসের মধ্যেই আমি জানতে পারি যে আমি গর্ভবতী।

আমি ওই লোককে পুরো ব্যাপারটা জানাই। লোকটি আমাকে চলে যেতে বলল।’

একক মা হিসেবে চাকরি করা সম্ভব হবে না—এমন আশঙ্কায় তাকে নিজ এলাকায় ফিরে যাওয়ার কথা ভাবতে হয়। সেখানে তার জন্য ছিল ‘পরিত্যক্ত’ একটি বাড়ি, ওই বাড়িতে কোনো গরমের ব্যবস্থা নেই, চারদিকে রুশ গোলাবর্ষণের ভয়, আর ছিলেন তার মদ্যপ বাবা ও ভাই।

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমার জীবন শেষ।’

যদিও তিনি কিয়েভেই থাকার সিদ্ধান্ত নেন। তার বোনের সাহায্যে আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা হয়।

তিনি বলেন, ‘এখানে আমি শান্তিতে ঘুমাতে পারি। আর আমার ছোট্ট মেয়েটিকে আমি ভালোবাসি।

যুদ্ধের কারণে মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের জন্য কথা বলার চিকিৎসা বা স্পিচ থেরাপির চাহিদা বেড়ে যান ফাউন্ডেশনটির জন্য।

পাঁচ বছরের দিয়ানা ও চার বছরের বোগদান ভাই-বোন, তারা যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলের বাখমুত শহর থেকে এসেছে।

লিয়েশুকোভা জানান, ‘একটি দেয়াল মানুষের ওপর ধসে পড়তে দেখার পর তারা কথা বলা বন্ধ করে দিয়েছিল।’

ছয় মাস পর পরিবারটি আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং ঠিক তখনই খবর আসে, তাদের সেনাসদস্য বাবা যুদ্ধে নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%