ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, অবিলম্বে সংস্কার চায় জি-৪


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, অবিলম্বে সংস্কার চায় জি-৪

ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপান, এই চারটি দেশের জোট জি-৪ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত সংস্কারের জন্য আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, বর্তমান নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হচ্ছে না।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জি-৪-এর পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডেভিড ওয়াডেফুল এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, বর্তমান বিশ্বের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পরিষদের কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

আরও পড়ুন: বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

এক যৌথ বিবৃতিতে জি-৪ উল্লেখ করেছে, বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের বৃদ্ধি নিরাপত্তা পরিষদের সংস্কারকে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি করে তুলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো প্রায় ৮০ বছর পুরনো। ফলে এটি বর্তমান বিশ্বের রাজনৈতিক বাস্তবতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে যথাযথভাবে প্রতিফলিত করতে পারছে না।

জি-৪-এর মতে, এই পুরনো কাঠামো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাধা সৃষ্টি করছে। এর ফলে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিত্ব, বৈধতা, বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। চারটি দেশ তাই নিরাপত্তা পরিষদে দ্রুত ও কার্যকর সংস্কারের ওপর জোর দিয়েছে।

এই প্রেক্ষাপটে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪। তারা বলেছে, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে মিল রেখে নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করতে হবে।

আরও পড়ুন: সাত দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের সভাপতি হলেন পাকিস্তানের আহাদ খান চিমা

জি-৪-এর মতে, সংস্কারের অংশ হিসেবে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের সদস্য সংখ্যা বাড়ানো উচিত। একই সঙ্গে যেসব অঞ্চল এবং গোষ্ঠীর প্রতিনিধিত্ব কম বা নেই, তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোর নিরাপত্তা পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দিয়েছে জি-৪। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় আফ্রিকান দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রস্তাব দেওয়াকে স্বাগত জানিয়েছে তারা। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদসহ আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

তবে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আইজিএন আলোচনায় অগ্রগতি কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জি-৪। তাদের মতে, গত ১৮ বছর ধরে আলোচনা চললেও এখনো কাঙ্ক্ষিত কোনো বাস্তব ফল পাওয়া যায়নি। লিখিত আলোচনা শুরুর আগে একটি ‘সমঝোতামূলক প্রস্তাব’ উপস্থাপনের বিষয়েও আপত্তি জানিয়েছে জি-৪।

তাদের দাবি, ওই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের সদস্যপদ বাড়ানোর পক্ষে থাকা অধিকাংশ দেশের মতামত প্রতিফলিত হয়নি।

আরও পড়ুন: ফিনল্যান্ডে নিখোঁজ বাংলাদেশি নাফিস ইস্কান্দারের সন্ধানে পুলিশ সহায়তা চায়

জি-৪ আরো বলেছে, জাতিসংঘ সনদ ও আইজিএনের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদ সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব দেশের ঐকমত্য থাকা বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে সংস্কারপন্থী অন্যান্য দেশ ও জোটের সঙ্গে কাজ করে মতের মিল রয়েছে এমন বিষয়গুলো চিহ্নিত করতে চায় জি-৪। পাশাপাশি অধিকাংশ সদস্য দেশের মতামতকে গুরুত্ব দিয়ে একটি যৌথ সংস্কার প্রস্তাব তৈরির কথাও জানিয়েছে তারা।

জি-৪ বলেছে, নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে লিখিত আলোচনা দ্রুত শুরু করাই তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাদের মতে, এর মাধ্যমে নিরাপত্তা পরিষদে বাস্তব ও কার্যকর সংস্কারের পথ তৈরি হতে পারে।

জি-৪-এর দেশগুলো বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, বিশ্বাসযোগ্য ও কার্যকর করতে সংস্কার জরুরি। তাদের মতে, এই সংস্কারের মাধ্যমে জাতিসংঘের বহুপক্ষীয় ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিরাপত্তা পরিষদকে বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জয়শঙ্কর বলেন, নিউইয়র্কে জি-৪-এর বৈঠকে বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার এবং আরও প্রতিনিধিত্বশীল ও কার্যকর নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন নৌ অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রফতানি করছে ইরান

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডেভিড ওয়াডেফুলও নিরাপত্তা পরিষদে বিশ্বের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন ঘটানোর ওপর জোর দেন। তিনি আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান।

ওয়াডেফুল বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর বিশ্বে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই জাতিসংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাতেও সেই পরিবর্তনের প্রতিফলন থাকা দরকার। ভারত, ব্রাজিল ও জাপানের সঙ্গে জার্মানি আরও অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা পরিষদের জন্য কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে আফ্রিকার দেশগুলোর মতামত ও প্রতিনিধিত্ব আরও যথাযথভাবে তুলে ধরা উচিত।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে জি-৪-এর চার দেশ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ নিজ দেশের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নয়াদিল্লিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সংস্কার উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করার বিষয়েও তারা একমত হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডেভিড ওয়াডেফুলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, উপসাগরীয় অঞ্চলের সংকট এবং বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পরে এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, ইউক্রেন ও উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট নিয়ে তারা মতবিনিময় করেছেন। জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে ভারত ও জার্মানির সহযোগিতা শক্তিশালী রয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পে লিভারপুলে যোগ দিতে পারতেন, কিন্তু পিএসজিতে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


এমবাপ্পে লিভারপুলে যোগ দিতে পারতেন, কিন্তু পিএসজিতে গেলেন

কিলিয়ান এমবাপ্পে গায়ের জার্সিটা সাদা নয়, বরং অলরেড হওয়ার কথা ছিল। তবে একটি মুহূর্তের মধ্যে সম্পর্ক বদলে যায়। সেই মুহূর্তটি ছিল এমবাপ্পের চাওয়া। লিভারপুলের সঙ্গে কেন চুক্তি হয়নি, সেই গল্প দ্য অ্যাথলেটিককে জানিয়েছেন ফরাসি তারকা।

ঘটনাটি ২০১৬ সালের। সে সময় মোনাকোর হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন এমবাপ্পে। তাকে পেতে অনেক ক্লাব যোগাযোগ শুরু করে। লিভারপুলও ছিল সেই তালিকায়। তখনকার ইংলিশ ক্লাবটির কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লপ। এমবাপ্পের মায়ের বড় ভক্ত ছিলেন ক্লপ। তাই মায়ের ইচ্ছা ছিল ছেলে অলরেডদের সঙ্গে চুক্তি করুক।

আলোচনার জন্য এমবাপ্পের মা প্রথমে লিভারপুলে গিয়েছিলেন। শহরটি ঘুরে দেখেন, স্টেডিয়ামে যান এবং সেখানকার লোকজনের সঙ্গে কথাও বলেন। ক্লাবটির আতিথেয়তায় তিনি অ্যানফিল্ডের প্রেমে পড়ে যান। এমবাপ্পে অ্যানফিল্ডে খেললে স্টেডিয়ামের আবহ কেমন হবে, তা বোঝার জন্য একা গ্যালারিতে বসে বেশ কিছু ম্যাচও উপভোগ করেন।

লিভারপুল থেকে ফিরে এসে এমবাপ্পের মাকে ছেলেকে চুক্তি করার জন্য তাগাদা দেন। কিন্তু ছেলের মন গলাতে পারেননি তিনি। তখন ১৮ বছর বয়সী এমবাপ্পে নিজের শহর প্যারিস ছেড়ে অন্য কোথাও যেতে চাননি। তাই পিএসজিতে যোগ দেন তিনি।

স্মৃতি রোমন্থন করতে গিয়ে এমবাপ্পে বলেন, “লিভারপুলের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে ছিলাম। আমার মায়ের সবচেয়ে পছন্দের জায়গা ছিল লিভারপুল, তিনি চেয়েছিলেন আমি যেন সেখানেই যাই। কিন্তু আমি মায়ের কথা শুনিনি। কারণ আমি প্যারিসে খেলতে চেয়েছিলাম। তারকা হওয়ার আগে নিজের দেশ ছেড়ে যেতে চাইনি। তবে আমার মা সব সময় বলতেন— ‘তুমি লিভারপুলেই যাবে, অ্যানফিল্ডে খেলবে, আর সেটা তোমার জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে’।”

এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়টি ২০২৬ বিশ্বকাপ চলাকালীন সময়ে ম্যাজেন্টা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্লপ স্বীকার করেছেন। বিষয়টি গোপন রাখতে ব্ল্যাকপুল থেকে ফ্রান্সের নিস শহরে পাঁচ রুমের একটি বিশাল প্রাইভেট জেট পাঠানো হয়েছিল। যাতে আকাশে চক্কর দিতে দিতে চুক্তির আলোচনা করা যায়।

সেই ঘটনা নিয়ে ক্লপ বলেন, ‘এমবাপ্পেকে পাওয়ার জন্য সব চেষ্টাই করেছিলাম। এমবাপ্পের পরিবারকে জেটে তুলে নিয়ে আকাশে চক্কর দিতে দিতে চুক্তি নিয়ে আলোচনা করি। সঙ্গে সবাই মিলে সুস্বাদু খাবারও খাই। মুহূর্তটা দারুণ ছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা আলোর মুখ দেখেনি। সে প্যারিসেই চলে যায়।’

শুরুতে ধারে পিএসজিতে খেলেন এমবাপ্পে। পরে ১৮০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়। দীর্ঘ ৭ বছরের ক্যারিয়ারে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। এরপর ২০২৪ সালে রিয়ালে যোগ দেন তিনি। পিএসজিতে যোগ দেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেন, ‘দিনশেষে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ প্যারিসে জন্ম ও বেড়ে ওঠা একজন তরুণের নিজ শহরের ক্লাবেই বড় তারকা হয়ে ওঠার চেয়ে সুন্দর অনুভূতি আমার কাছে আর কিছু ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলে গেলেন ‘দ্য স্টিং’ অভিনেতা জেমস স্লোয়েন, বয়স ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


চলে গেলেন ‘দ্য স্টিং’ অভিনেতা জেমস স্লোয়েন, বয়স ৮৫

মার্কিন অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। তিনি ‘দ্য স্টিং’ এবং ‘জ্যানাডু’ এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের একাধিক পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এই অভিনেতা ৮৫ বছর বয়সে গত ২২ জুলাই মৃত্যুবরণ করেন।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জেমস স্লোয়েনের মৃত্যুর খবর জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে, অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

জেমস স্লোয়েন ‘স্টার ট্রেক’ ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’—এই তিনটি সিরিজে অভিনয় করেছেন।

‘দ্য নেক্সট জেনারেশন’-এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরে একই সিরিজে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও তাকে দেখা যায়। ‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন স্লোয়েন।

১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় তাকে দেখা যায়। পরবর্তীতে অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও তিনি অভিনয় করেন।

জেমস স্লোয়েন ১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা জেমস ছিলেন নির্মাণ প্রকৌশলী। বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর তিনি দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীর চাকরি শেষে নিউইয়র্কে ফিরে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয় শুরু করেন। পাশাপাশি ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে তার ব্রডওয়ে অভিষেক ঘটে। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন তিনি।

১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় চলে যান জেমস স্লোয়েন। এরপর ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ এবং ‘ডেলভেকিও’-সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে তিনি অভিনয় করেন। ১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘদিন কাজ করেছেন স্লোয়েন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েসওভার শিল্পী হিসেবে কাজ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে, জেমস স্লোয়েন অভিনেত্রী ডিআরড্রে লেনিগানের সঙ্গে সংসার করেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন। তার ভাই লেখক ও পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল আইডি ২ বছরের মধ্যে চালু হবে: রেহান আসাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


ডিজিটাল আইডি ২ বছরের মধ্যে চালু হবে: রেহান আসাদ

বাংলাদেশ সরকার বিভিন্ন সেবা প্রদান করার জন্য একটি একক ডিজিটাল আইডি চালুর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তুলে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি নিউইয়র্কে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘের মহাসচিবের প্রযুক্তিবিষয়ক দূতের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সেখানে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ডিপিআইয়ের উন্নয়ন, ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে প্যানেলে বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে অংশগ্রহণ করে।

আরো পড়ুন

হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে রেহান আসাদ বলেন, "আমরা বিশ্বের সবচেয়ে ভালো ও নিরাপদ ডিপিআই এবং ডিজিটাল আইডি বাস্তবায়ন করতে চাই।" তিনি আরও বলেন, "বিভিন্ন দেশের সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ডিজিটাল আইডি ও বৃহত্তর ডিপিআই অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে। এতে সময় লাগবে, কোনো শর্টকাট নেই। তবে আমরা আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করছি।"

বাংলাদেশের ডিপিআই অবকাঠামো তৈরির অংশ হিসেবে এস্তোনিয়ার ‘এক্স-রোড’ মডেল নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান রেহান আসাদ। তিনি বলেন, "সরকারি বিভিন্ন ব্যবস্থার মধ্যে নিরাপদে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এক্স-রোডকে গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচনা করা হয়।"

আরো পড়ুন

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়, চিকিৎসকের প্র্যাকটিসও বন্ধ

অনুষ্ঠানে সীমান্তপারের ডিজিটাল সেবা ও পরিচয় ব্যবস্থাকে কীভাবে পরস্পরের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ডিপিআইয়ের সঙ্গে এআইয়ের সম্পর্ক এবং এসব অবকাঠামো নিরাপদে ব্যবহারে এআইয়ের সম্ভাব্য ভূমিকা উঠে আসে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের উদ্যোগ তুলে ধরে জানানো হয়, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তপারের ডিজিটাল ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করছে। রুয়ান্ডা সরকারি সেবা গ্রহণ এবং পূর্ব আফ্রিকায় সীমান্তপারের পরিচয় যাচাইয়ে ডিজিটাল আইডি ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নও পারস্পরিকভাবে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেট চালুর দিকে এগোচ্ছে। এসব ওয়ালেটের মাধ্যমে নাগরিকরা নিরাপদে নিজেদের পরিচয় যাচাই এবং দেশের বাইরেও ডিজিটাল নথি ও পরিচয়সংক্রান্ত তথ্য শেয়ার করতে পারবেন।

আরো পড়ুন

পিএসজি-রিয়াল নয়, লিভারপুলের হতে পারতেন এমবাপ্পে

রেহান আসাদ বলেন, রুয়ান্ডার উদ্যোগের লক্ষ্যগুলোর একটি হলো জন্মনিবন্ধন বা বিভিন্ন সনদ সংগ্রহের মতো কাজে নাগরিকদের সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন কমানো। আঞ্চলিক ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে এক দেশের নাগরিক অন্য দেশেও নিজের ডিজিটাল পরিচয় ব্যবহার করতে পারবেন।

ডিপিআই ব্যবস্থায় নিরাপত্তা, গোপনীয়তা ও আস্থার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়। জাতিসংঘের বৃহত্তর ডিপিআই সুরক্ষা উদ্যোগের লক্ষ্য হলো বড় পরিসরে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার সময় নিরাপত্তা, গোপনীয়তা ও সুশাসনসংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করা।

রেহান আসাদ বলেন, "ভবিষ্যতে বিশ্বজুড়ে সরকারি সেবাদানে ডিপিআই ও ডিজিটাল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি উল্লেখ করেন, "মূল বিষয় হলো, এটি শুধু বাংলাদেশ বা এশিয়া-প্যাসিফিকের বিষয় নয়। ভবিষ্যতে ডিপিআই ও ডিজিটাল আইডি সরকারি সেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।" বিভিন্ন দেশের ডিজিটাল ব্যবস্থা যাতে পরস্পরের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারে এবং একই সঙ্গে আস্থা ও নিরাপত্তা বজায় থাকে, সে জন্য দেশ ও অঞ্চলগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার রানের রেকর্ড গড়লেন রুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার রানের রেকর্ড গড়লেন রুট

ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিরল মাইলফলক অর্জন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের শুরুতে রুট ২৩ হাজার রান থেকে মাত্র তিন রান দূরে ছিলেন। ইনিংসের শুরুতেই একটি দারুণ রিস্ট ফ্লিকের মাধ্যমে বলটি সীমানাছাড়া করে তিনি কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করতে ৫২১ ইনিংস খেলেছেন।

এই অর্জনের মাধ্যমে তিনি দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের তালিকায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন। শচীন এই মাইলফলক অর্জন করেছিলেন ৫২২ ইনিংসে।

তবে তালিকার শীর্ষে এখনও রয়েছেন ভারতের বিরাট কোহলি, যিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন।

রুটের এই কীর্তির ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটারের সংখ্যা এখন আটজনে দাঁড়িয়েছে। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।

দীর্ঘদিন ধরে তিন ফরম্যাটে ইংল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হিসেবে পরিচিত রুট এবার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই রান-তালিকায় স্থান করে নিয়ে ক্যারিয়ারে আরও একটি বিরল অর্জন যোগ করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%