ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মওলানা ভাসানীর কৃষক রাজনীতির প্রভাব ও বর্তমান চ্যালেঞ্জ


মওলানা ভাসানীর কৃষক রাজনীতির প্রভাব ও বর্তমান চ্যালেঞ্জ

বাংলার কৃষকসমাজের ইতিহাস কেবল ফসল উৎপাদন, খাদ্য উৎপাদন বা গ্রামীণ অর্থনীতির ইতিহাস নয়। এটি শোষণ, বঞ্চনা, অধিকার আদায় এবং মর্যাদার সংগ্রামের ইতিহাসও বটে। এই সংগ্রামের রাজনৈতিক ভাষা গঠনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী অন্যতম। তিনি কৃষকের দুর্দশাকে শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখেননি; বরং তিনি এটি ক্ষমতা, সম্পদ ও ন্যায্যতার অসম বণ্টনের ফল হিসেবে বিবেচনা করেছেন। তার কৃষক রাজনীতির মূল বক্তব্য ছিল, যে ব্যক্তি খাদ্য উৎপাদন করে, রাষ্ট্র ও সমাজে তার ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হওয়া উচিত।

ভাসানীর রাজনীতির বিশেষত্ব ছিল, তিনি কৃষককে কেবল সাহায্যপ্রার্থী বা উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগী হিসেবে দেখেননি, বরং কৃষককে রাজনৈতিক পরিবর্তনের সক্রিয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। জমিদারি শোষণ, মহাজনি ঋণ, কৃষকের ওপর অন্যায় করের বোঝা এবং গ্রামীণ ক্ষমতাকাঠামোর বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট। তার নেতৃত্বে কৃষকের দাবি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চও কৃষি, পরিবেশ, জনজীবন ও জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ ছিল।

বর্তমান বাংলাদেশে ভাসানীর কৃষক রাজনীতিকে নতুন করে মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। কারণ, কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, প্রযুক্তির ব্যবহার বিস্তৃত হয়েছে, উন্নত জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি এসেছে। কিন্তু এই উৎপাদনের অগ্রগতির সঙ্গে কৃষকের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা কি একই হারে বৃদ্ধি পেয়েছে? এই প্রশ্নের উত্তর খুব আশাব্যঞ্জক নয়। একজন কৃষক ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করেন, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমের ব্যয় বহন করেন। আবহাওয়া, রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও তাকেই নিতে হয়। অথচ ফসল বাজারে ওঠার পর এর দাম নির্ধারণে তার ভূমিকা সীমিত থাকে। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য থাকে না। বাজারব্যবস্থা, সংরক্ষণ সুবিধা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহশৃঙ্খলে কৃষকের নিয়ন্ত্রণ দুর্বল থাকার কারণে মধ্যস্বত্বভোগী ও শক্তিশালী বাজার-অংশীজনরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়ে থাকেন। ফলে কৃষক উৎপাদনের প্রধান দায়িত্ব পালন করলেও ন্যায্য অর্থনৈতিক সুফল থেকে বঞ্চিত হন। এখানেই কৃষক রাজনীতির মৌলিক প্রশ্নটি সামনে আসে: খাদ্য উৎপাদনের ঝুঁকি যদি কৃষক বহন করেন, তাহলে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য ও বাজারব্যবস্থায় তার কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে না কেন? কৃষকের সমস্যা কেবল উৎপাদন বাড়ানোর সমস্যা নয়; এটি উৎপাদনের সুফল কীভাবে বণ্টিত হচ্ছে, সেই প্রশ্নও।

আরও পড়ুন: জেন্ডার বৈষম্যের প্রাতিষ্ঠানিক পুনরুৎপাদন নিয়ে রাষ্ট্রের কাছে প্রশ্ন

বাজেটের অগ্রাধিকার ও কৃষকের বাস্তবতা

কৃষির প্রতি রাষ্ট্রের অগ্রাধিকার বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক হলো বাজেট বরাদ্দ। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মিলিত বরাদ্দ ছিল ৩৯ হাজার ৬২০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় প্রকাশিত সংশোধিত হিসাব অনুযায়ী, এই বরাদ্দ কমে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১২৬ কোটি টাকায়। অর্থাৎ মূল বরাদ্দের তুলনায় ২ হাজার ৪৯৪ কোটি টাকা বা প্রায় ৬ দশমিক ৩ শতাংশ কমেছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ ২৭ হাজার ২২৪ কোটি টাকা থেকে কমে ২৪ হাজার ৮২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে বাজেট বরাদ্দ কমলেই কৃষকের জন্য সহায়তা একই অনুপাতে কমেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বরাদ্দ, সংশোধিত বরাদ্দ এবং প্রকৃত ব্যয় এক বিষয় নয়। কোন খাতে অর্থ কমেছে, কোথায় পুনর্বিন্যাস হয়েছে এবং বরাদ্দের কতটুকু বাস্তবে কৃষকের কাছে পৌঁছেছে, সেগুলোও বিবেচনায় নিতে হবে। তবে এই হিসাব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে: কৃষির উৎপাদন, কৃষকের আয় এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগের অগ্রাধিকার কতটা যথাযথভাবে নির্ধারিত হচ্ছে?

কৃষি খাতকে শুধু উৎপাদন বৃদ্ধির দৃষ্টিতে দেখলে এই প্রশ্নের পূর্ণ উত্তর পাওয়া যাবে না। কৃষকের আয়, উৎপাদন ব্যয়, বাজারে প্রবেশাধিকার, সংরক্ষণ সক্ষমতা এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলার সামর্থ্যকে একই নীতিকাঠামোর অংশ হিসেবে বিবেচনা করতে হবে। কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে ফসল সংগ্রহ ও সরকারি ক্রয়ব্যবস্থায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের অংশগ্রহণ বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংরক্ষণাগার, হিমাগার, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষক সমবায়ের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কৃষিঋণ সহজলভ্য করার পাশাপাশি ঋণের শর্ত, সুদের চাপ এবং ঋণ পরিশোধের সময়সূচিও কৃষকের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। কৃষককে শুধু উৎপাদনের সময় সহায়তা দিলেই হবে না; উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে তার অবস্থান শক্তিশালী করতে হবে। কৃষক সংগঠন, সমবায় এবং স্থানীয় বাজারব্যবস্থার সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা গেলে উৎপাদক ও ভোক্তার মধ্যকার অপ্রয়োজনীয় দূরত্ব কমানো সম্ভব। এতে কৃষক যেমন ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন, তেমনি ভোক্তার জন্যও বাজারে স্থিতিশীলতা তৈরি হতে পারে।

কৃষককে রাষ্ট্রের অংশীদার করতে হবে

আরও পড়ুন: নদী দখল বন্ধ করবে কে?

কৃষকের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নটি শেষ পর্যন্ত রাষ্ট্রের চরিত্র ও দায়িত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র কৃষককে কেবল খাদ্য উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচনা করতে পারে না। কৃষকের ন্যায্য আয়, সামাজিক নিরাপত্তা, উৎপাদন উপকরণে প্রবেশাধিকার এবং বাজারে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে কৃষি নীতিনির্ধারণে কৃষক সংগঠন ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মতামত গ্রহণ করতে হবে। কৃষকের জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত কৃষকের অংশগ্রহণ ছাড়া গ্রহণ করা হলে সেই নীতির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা দুটিই প্রশ্নের মুখে পড়ে। মওলানা ভাসানীর রাজনীতি আমাদের মনে করিয়ে দেয়, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদনশীল জনগোষ্ঠীকে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের বাইরে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কৃষকের স্বার্থ রক্ষা কোনো বিশেষ গোষ্ঠীর দাবি নয়; এটি খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক ন্যায়বিচার এবং জাতীয় স্থিতিশীলতার প্রশ্ন।

বর্তমানে ভাসানীর কৃষক রাজনীতিকে বর্তমান সময়ের বাস্তবতায় নতুনভাবে ধারণ করার প্রয়োজন রয়েছে। সেই রাজনীতি হবে কৃষকের ন্যায্যমূল্যের পক্ষে, বাজারের অনিয়মের বিরুদ্ধে, কৃষিঋণ ও উৎপাদন উপকরণে ন্যায্য প্রবেশাধিকারের পক্ষে এবং কৃষকের নীতিনির্ধারণী অংশগ্রহণের পক্ষে। জাতীয় কৃষক শক্তির গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে কত বড় কর্মসূচি আয়োজন করা হলো, তা দিয়ে নয়; বরং কৃষকের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনা গেল, তা দিয়ে।

কৃষক কেবল খাদ্য উৎপাদন করেন না; তিনি দেশের অর্থনীতি, সমাজ ও ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখেন। তাই তাকে করুণা বা সাময়িক সহায়তার পাত্র হিসেবে নয়, রাষ্ট্রের মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে। মওলানা ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে তার কৃষক রাজনীতির এই মূল চেতনাকে ধারণ করা এবং কৃষকের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার সংগ্রামকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া।

লেখক: সদস্য সচিব, জাতীয় কৃষক শক্তি

আরও পড়ুন: প্রত্যক্ষদর্শী দুই সেনা কর্মকর্তার লেখায় ৭ নভেম্বরের বিপ্লবের চিত্র তুলে ধরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’ অভিযোগ সাহিদা ফকিরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’ অভিযোগ সাহিদা ফকিরের

১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়ে ছিলেন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। তিনি ছোট ছেলেকে বলেছিলেন, "কয়েক মিনিটের মধ্যেই ফিরবেন।" কিন্তু তিন মাসেরও বেশি সময় পর তিনি এখন বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে বসবাস করছেন। তিনি স্বামী ও দুই ছেলে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সাহিদার অভিযোগ, সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে আটক করে, মোবাইল ফোন কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত জোর করে বাংলাদেশে পুশইন করে। তিনি জানান, ওই ফোনে তার পরিচয়পত্রের কপি ছিল।

রয়টার্সের প্রতিবেদনে সাহিদা বলেন, "পেছন থেকে কেউ আমার হাত ধরে গাড়িতে উঠতে বাধ্য করে।"

রয়টার্স ১০টি পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে। তাদের স্বজনদের ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, বহিষ্কার কিংবা নাগরিকত্ব যাচাইয়ের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি ছিল এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নাম ভোটার তালিকায় রয়েছে।

ভোটার তালিকা সংশোধন ও বহিষ্কার অভিযান

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধনের ঘটনায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, বাদ পড়াদের মধ্যে মুসলিমদের অনুপাত তুলনামূলক বেশি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও বঞ্চনার অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। এর মধ্যে দ্বিতীয় দফার যাচাইয়ে বাদ পড়া ২৭ লাখ মানুষের প্রায় ৭০ শতাংশ মুসলিম, যদিও রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার ২৭ শতাংশ।

কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, "পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা বড় ভূমিকা রেখেছে।"

এদিকে ৫ নভেম্বর হরিয়ানার এক সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "বিজেপির লক্ষ্য হলো অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং একে একে দেশ থেকে বহিষ্কার করা।"

পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে অভিযান নিয়ে উদ্বেগ বাড়ছে। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সীমান্ত পেরিয়ে ব্যাপক মানুষের যাতায়াতের কারণে এ অঞ্চলে বহু পরিবারের শিকড় দুই দেশেই বিস্তৃত।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকিরের দাবি, রাত ১টার দিকে তাকে সীমান্তের একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। কাদামাখা অবস্থায় কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে আশ্রয় দেন।

মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, তাকে আসাম সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং পরে নির্ধারিত প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হয়। ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে বহিষ্কার করা হয়।

সাহিদার পরিবারের করা আবেদনে ভারতের সুপ্রিম কোর্টে যুক্তি দেওয়া হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া দিয়ে কারও নাগরিকত্ব নির্ধারণ করা যায় না।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা যায়, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালের ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিলেন।

তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন দপ্তর আদালতকে জানিয়েছে, সাহিদা তদন্তের সময় বাংলাদেশের জন্মসনদ দেখিয়েছেন এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো গ্রহণযোগ্য নথি দিতে পারেননি।

সাহিদা এ দাবি অস্বীকার করে বলেন, তার ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা নথির কপি দেখানোর সুযোগ পাননি।

ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি

পশ্চিমবঙ্গের আরেকটি মামলায় থালা-বাসন বিক্রেতা নাসিরউদ্দিন শেখসহ পাঁচজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের আটক করা হয়, যদিও তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন।

নাসিরউদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে আরো ২২ জনের সঙ্গে আটক করে। তাদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর মুক্তি দেওয়া হয়। নাসিরউদ্দিনসহ অন্য তিনজনকে ৩২ দিন আটক রাখা হয়।

তিনি বলেন, এক পুলিশ সদস্য তাকে বলেছিলেন, "ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি বাংলাদেশি।"

আদালতে শুনানির আগের রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। নাসিরউদ্দিনের ভাষ্য অনুযায়ী, আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধনের পর তাদের আটকে রাখা হতো।

তিনি বলেন, "এটা সব অর্থেই একটি কারাগার ছিল। বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না।"

পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই।

তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী কেন্দ্রে রয়টার্সের সাংবাদিকরা কাপড় শুকাতে দেওয়া এবং জানালা দিয়ে উঁকি দেওয়া মানুষ দেখেছেন। কেন্দ্রটির ভেতরে কড়া নিরাপত্তা ছিল।

মানবাধিকারকর্মী কিরিটি রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে। ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করছে এবং মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি নাগরিক নন। কিন্তু এই প্রশাসনিক প্রক্রিয়াকে নাগরিকত্ব যাচাই ও বহিষ্কার অভিযানের সঙ্গে যুক্ত করায় ভারতীয় পরিচয় ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও বহু মুসলিম আটক ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে সিজিপিএ নিয়ে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ এম


শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে সিজিপিএ নিয়ে অনিয়মের অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ না করে প্রার্থী মনোনয়ন দেওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী, যিনি বঞ্চিত হয়েছেন। তার বক্তব্য, সমান সিজিপিএ থাকা সত্ত্বেও কোর্সভিত্তিক প্রাপ্ত নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট গুণক ব্যবহার করে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সব কোর্সের নম্বর সংরক্ষিত নেই বলে জানা গেছে। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিষয়টিকে ‘বিশ্ববিদ্যালয়ের সেনসিটিভ বিষয়’ উল্লেখ করে তথ্য দিতে অস্বীকৃতি জানান। এমনকি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

সম্প্রতি ২০২০, ২০২১ ও ২০২২ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে ইউজিসি। তালিকায় শাবিপ্রবির ১৮ শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী সানজিদা আক্তার।

সানজিদার অভিযোগ, ২০২২ সালের ১৪ আগস্ট বিভাগ থেকে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করে ডিন কার্যালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু চলতি বছরের ১৮ জুন ইউজিসি থেকে প্রার্থী পুনঃযাচাইয়ের চিঠি আসার পর তিনি সেখানে আরেক শিক্ষার্থী পাপিয়া রহমানের নাম দেখতে পান। বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, দুজনের সিজিপিএ সমান হওয়ায় কোর্সভিত্তিক নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট গুণক ব্যবহার করে নম্বর নির্ধারণ করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী পাপিয়া রহমানকে মনোনীত করা হয়েছে।

সানজিদার দাবি, এভাবে নম্বর নির্ধারণ করে প্রার্থী মনোনয়ন ইউজিসির নীতিমালার পরিপন্থী। নীতিমালা অনুযায়ী সিজিপিএ সমান হলে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হয়। নম্বরও সমান হলে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিবেচনার বিধান রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট সময়ের শিক্ষার্থীদের সব কোর্সের নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংরক্ষিত নেই। এ কারণে প্রতিটি বিষয়ের সিজিপিএর সঙ্গে ক্রেডিট গুণ করে একটি নম্বর নির্ধারণ করা হয়। ওই হিসাবের ভিত্তিতে পাপিয়া রহমানকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সানজিদার দাবি, সিজিপিএ সমান হলেও বিভাগে সংরক্ষিত ৬৩টি কোর্সের মধ্যে ৪৫টির মোট নম্বরের হিসাবে তিনি পাপিয়া রহমানের চেয়ে ৪০.২৫ নম্বর বেশি পেয়েছেন।

মনোনয়ন থেকে বাদ পড়ার পাশাপাশি নিজের প্রাপ্ত নম্বর ও প্রার্থী নির্বাচনের ভিত্তি জানতে গিয়েও ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন সানজিদা। তার ভাষ্য, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সব কোর্সের নম্বর সংরক্ষিত না থাকায় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে তাকে। ডিন কার্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের পাশাপাশি লিখিত আবেদনও করেছেন। কিন্তু নম্বর নির্ধারণে ব্যবহৃত গুণক কিংবা মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাননি।

সানজিদা জানান, উপাচার্যের সঙ্গে দেখা করলে তাকে বলা হয়, এ বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কমিটিগুলো কীভাবে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সভা সমন্বয়ের দায়িত্বে থাকা রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেও স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে দাবি তার।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে গত ৫ অক্টোবর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ইউজিসিতে লিখিত অভিযোগ ও ই-মেইল পাঠান সানজিদা। এর আগে ৯ আগস্টও ইউজিসি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিলেন তিনি। তার দাবি, কোন নীতিমালার ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হয়েছে, কেন তার নাম বাদ পড়েছে এবং কীভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা তদন্ত করে প্রকাশ করতে হবে।

এ বিষয়ে বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল সোয়েব আহমেদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দুজনই আমাদের বিভাগের শিক্ষার্থী। সানজিদা আমাকে জানানোর পর এখন কিছু করার থাকলে আমাকে জানাতে বলেছি। আমি গত বছর শিক্ষা ছুটিতে ছিলাম। তখন বিভাগের দায়িত্বে ছিলেন অন্য একজন। তাই কীভাবে বিভাগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তা আমি জানি না। সানজিদা ইউজিসিতে অভিযোগ করার কথা জানালে তার কথামতো আমি চিঠি ফরওয়ার্ড করেছি।’

সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আরজুবা আক্তার বলেন, এটি নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল। দুবার কমিটি করা হয়েছিল। তাদের দুজনের সিজিপিএ সমান থাকায় ফ্যাক্টর বেইসড নম্বর দেওয়ার জন্য বলা হয়। ওই কমিটিতে আমিও ছিলাম। তাই আমি তাদের বলেছিলাম, যেহেতু এখানে বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে, তাই আমরা বিষয়টি ইউজিসিতে পাঠিয়ে দিই। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। পরে কী করা হয়েছে, তা আমার জানা নেই।

২০২২ সালের ১৪ আগস্ট সানজিদাকে বিভাগ থেকে মনোনীত করার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আরজুবা বলেন, তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল কি না, তা তার জানা নেই। মনোনয়ন দেওয়া হয়ে থাকলেও কীসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সেটিও জানেন না তিনি। তার ভাষ্য, বিভাগ থেকে সরাসরি মনোনয়ন দেওয়া হয় না, শুধু ডিন কার্যালয়ে তথ্য পাঠানো হয়।

তিনি আরো জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তিনি বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তার সময়ে সানজিদাকে মনোনয়ন দেওয়া হয়নি। সবশেষ চলতি বছরের জুলাইয়ে কমিটি দুজনের নাম পাঠাতে বললে তিনি দুজনের নামই ফরওয়ার্ড করেন। তবে এর আগে বিভাগ থেকে একজনকে মনোনীত করার পর আবার কেন নতুন করে মনোনয়ন দিতে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সানজিদার আগের মনোনয়নের বিষয়টিও তার জানা ছিল না বলে জানান।

এ বিষয়ে তৎকালীন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেই।

ডিন অধ্যাপক ফারুক মিয়া বলেন, এখানে আমার কোনো কাজ নেই। যার ফলাফল ও নম্বর বেশি, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তার তথ্য আমার কাছে পাঠানো হয়। আমি সেটি রেজিস্ট্রার দপ্তরে পাঠিয়ে দিই।

২০২২ সালের মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তী সময়ে তৎকালীন বিভাগীয় প্রধান, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, উপউপাচার্য ও কমিটি কীভাবে প্রাথমিক নির্বাচন করেছিল, তা তিনি বলতে পারবেন না।

এদিকে, সংশ্লিষ্ট কোর্সগুলোর নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংরক্ষিত আছে কি না এবং কীভাবে নম্বর হিসাব করে প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হোসাইন সংশ্লিষ্ট প্রতিবেদককে বলেন, ‘তোমাকে এসব বলব কেন? এটা বিশ্ববিদ্যালয়ের সেনসিটিভ বিষয়। এসব সেনসিটিভ বিষয় কিংবা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কোনো নিউজ করলে এর জন্য তুমি রেসপনসিবল। বিশ্ববিদ্যালয় এটা আইন করেছে গত সিন্ডিকেটে। কী আইন হয়েছে, সেটা জেনে রেখো। বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়, এমন সংবাদ প্রকাশ করলে কী আইন আছে, তা জেনে নিও।’

এ বিষয়ে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুখের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নির্মাণ করছে প্রথম নিজস্ব প্রযুক্তির পারমাণবিক ফিউশন চুল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


ইরান নির্মাণ করছে প্রথম নিজস্ব প্রযুক্তির পারমাণবিক ফিউশন চুল্লি

ইরান তাদের প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতা ব্যবহার করছে। এই তথ্যটি গত রোববার দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি প্রকাশ করেছেন।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসলামি উল্লেখ করেন, ‘আমরা আশাবাদী যে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতায় নির্মিত ইরানের প্রথম টোকামাক চুল্লিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু হবে।’

তিনি জানান, ইরানি বিজ্ঞানীরা এই প্রকল্পের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। এসলামির মতে, এটি প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা প্রদর্শন করে।

প্রস্তাবিত চুল্লিতে টোকামাক প্রযুক্তি ব্যবহার করা হবে, যা একটি চৌম্বকীয় আবদ্ধকরণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস এই ফিউশন প্রক্রিয়া।

ফিউশন প্রক্রিয়া হালকা পরমাণুর নিউক্লিয়াস একীভূত করে শক্তি উৎপাদনের চেষ্টা করে, যেখানে প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপাদন করা হয়, যা ফিশন নামে পরিচিত।

বিজ্ঞানীদের মতে, ফিউশন প্রযুক্তি ভবিষ্যতে বিপুল পরিমাণ পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী ফিউশন প্রযুক্তি উদ্ভাবন এখনো বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিশ্বে এটি এখনও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় পরিণত হয়নি।

এসলামি প্রস্তাবিত চুল্লিটির উৎপাদনক্ষমতা, নির্মাণস্থল, ব্যয় কিংবা চালুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, পারমাণবিক ফিউশন প্রযুক্তি ইরানের বিদ্যমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। টোকামাক চুল্লি নির্মাণের উদ্যোগকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের অগ্রগতি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এটি মূলত বিজ্ঞান, জ্বালানি ও প্রযুক্তি গবেষণার একটি স্বতন্ত্র ক্ষেত্র।

সূত্র: গালফ নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ এম


ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনা

আফগানিস্তানের অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখন্দ ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। রোববার তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আফগান অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখন্দ তেহরান সফরে এসে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় এবং চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন আরাগচি ও আখন্দ।

তবে বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। আফগানিস্তানের তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন এবং পণ্য পরিবহনে গতি আনার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় আফগানিস্তানের নিমরোজ প্রদেশের আবু নাসর ফারাহি সীমান্ত শুল্ককেন্দ্র পুনর্নির্মাণ ও এর কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সীমান্তবর্তী শুল্ককেন্দ্রগুলো ২৪ ঘণ্টা চালু রাখা এবং দুই দেশের মধ্যে পণ্য ও যানবাহন চলাচল আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ইরানের দোগারুন, মাহিরুদ ও মিলাক সীমান্তবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে বলে আফগানিস্তান ইন্টারন্যাশনাল জানিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

কৃষি ও বিনিয়োগ সহযোগিতাও আলোচনায়

ইরান সফরের শুরুতে আফগান অর্থমন্ত্রী দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি গেজেলজেহের সঙ্গেও বৈঠক করেন। ১৫ নভেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে কৃষি, পশুপালন, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইরানের কৃষিমন্ত্রী বলেন, আফগানিস্তানের সঙ্গে কৃষি উৎপাদন, কৃষি যান্ত্রিকীকরণ ও পশুপালন খাতে সহযোগিতা সম্প্রসারণে তার দেশ আগ্রহী। আফগানিস্তানের কৃষিপণ্য ইরানের বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো এবং আফগানিস্তানের প্রয়োজনীয় কৃষিপণ্য ও উপকরণ সরবরাহেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া উন্নত বীজ ও উদ্ভিদ প্রজনন, পশুর জাত উন্নয়ন, পশুচিকিৎসা, ওষুধ ও টিকা সরবরাহ এবং আফগান কৃষি বিশেষজ্ঞদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হওয়ার পর বিকল্প কৃষিপণ্য উৎপাদনেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে আফগানিস্তানের ব্যবসায়ীদের ইরানের চাবাহার বন্দরের অবকাঠামো ও টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানানো হয়। ইরানের দাবি, এই বন্দর ব্যবহার করে আফগানিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ বাড়াতে পারবে।

যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের প্রস্তুতি

ইরান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা কমিশনের পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতিও আলোচনায় এসেছে। ইরানের কৃষিমন্ত্রী দ্রুত কমিশনের সপ্তম বৈঠক কাবুলে আয়োজনের ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে কয়েকটি সমঝোতা ও সহযোগিতার নথি প্রস্তুত করা হয়েছে। এগুলো চূড়ান্ত করে বিনিময় করা গেলে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অন্যদিকে আফগান অর্থমন্ত্রী কৃষি, খনিজ সম্পদ, পরিবহন, ব্যাংকিং ও আর্থিক সেবা, জ্বালানি এবং অবকাঠামো খাতকে দুই দেশের যৌথ বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।

দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপট

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চলছে। বিশেষ করে সীমান্ত বাণিজ্য, জ্বালানি, পরিবহন, শুল্ক ব্যবস্থাপনা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন দুই দেশের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর বন্দর ও পরিবহন অবকাঠামোর ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর এবং দুই দেশের সীমান্তবর্তী বাণিজ্যকেন্দ্রগুলো আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক এ সফরকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনায় উঠে আসা উদ্যোগগুলোর বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় চুক্তিগুলোর অগ্রগতি পরবর্তী সময়ে স্পষ্ট হবে।

সূত্র: ইরনা নিউজ এজেন্সি, ডন, তাসনিম নিউজ এজেন্সি, আফগানিস্তান ইন্টারন্যাশনাল, প্রেস টিভি ও পামির নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%