ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো


ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এ অংশগ্রহণের জন্য তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইস্তাম্বুলে পৌঁছেছেন। পরে, তাকে ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুল বিমানবন্দরের অভ্যন্তরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz) সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ

এর আগে, আজ সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে, টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, সম্মেলনের ফাঁকে তিনি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আরও পড়ুন: বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণ অটোমেশনে: প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক, ৪০ মশাল ও চাকু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক, ৪০ মশাল ও চাকু উদ্ধার

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির সময় মোহনপুর থানা পুলিশ তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের দাবি, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান নিরব (২৫), পিতা মোজাহার আলী, সাং হরিদাগাছি; মো. মশিউর রহমান তুহিন (২৪), পিতা মো. ইমরুল হোসেন এবং মো. সুমন আলী (২১), পিতা দুলাল হোসেন। শেষোক্ত দুজনের বাড়ি উপজেলার তিলাহারী গ্রামে।

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা। তারা রাজধানীর কারওয়ান বাজারে নারী ব্যবসায়ীদের উচ্ছেদ না করে বাজারের খালি জায়গায় পুনর্বাসন এবং টোকেনের মাধ্যমে নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। নিরাপদ কর্মপরিবেশ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত হলে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) আয়োজিত একটি অ্যাডভোকেসি সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। ‘বাধা অতিক্রম : বাজারে ব্যবসায়রত নারীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস’র সভাপতি অধ্যাপক ড. ইশরাত শামীম।

তিনি উল্লেখ করেন, কারওয়ান বাজারের ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ৩০ জন সন্তান যাতে পড়াশোনার সুযোগ পায়, সে জন্য ‘শিশুদের পাঠশালা’ চালু করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নারী ব্যবসায়ীদের ব্যবসার সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকিও করা হচ্ছে।

সভায় উত্থাপিত মূল প্রবন্ধে সিডব্লিউসিএস’র প্রকল্প সমন্বয়কারী খাদিজা বেগম জানান, কারওয়ান বাজারের নারী ক্ষুদ্র উদ্যোক্তার ওপর পরিচালিত জরিপে তাদের ব্যবসা ও ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৫৫ দশমিক ৭ শতাংশ বিবাহিত, ৩১ দশমিক ৪ শতাংশ বিধবা এবং ১১ দশমিক ৪ শতাংশ স্বামী থেকে আলাদা রয়েছেন। তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মূলধনের সংকট, নিরাপত্তাহীনতা, চুরি ও হয়রানির মতো সমস্যার মুখোমুখি হতে হয়। নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন।

সভায় নারী ব্যবসায়ীরা ফুটপাত ও বাজার থেকে উচ্ছেদ না করার জন্য এবং তাদেরকে টোকেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান। সবজি বিক্রেতা রুমা খান ও লাবণী আক্তার বলেন, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হলে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসার পরিধি বৃদ্ধি করতে সক্ষম হবে।

কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার জানান, নারী ব্যবসায়ীরা এখন একটি শৃঙ্খলার মধ্যে এসেছেন। রাস্তা থেকে তাদের উচ্ছেদ করা হলে সিটি করপোরেশন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে বাজারের খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।

ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) প্রকল্প সমন্বয়কারী মো. নাসির উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের নারী ব্যবসায়ীদের মূলধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।

সভায় আরো বক্তব্য দেন ডিডব্লিউসিসিআই’র অর্থ ব্যবস্থাপক জুলকার নাইন, কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান, সিডব্লিউসিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রীতা ভৌমিক এবং ব্যবসায়ী মো নুরুজ্জামান, মনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আনোয়ার হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলার ভিত্তিতে তাদের আদালতে সোপর্দ করা হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, হাতিয়া থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এদিকে, সোমবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টা, সড়কে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেছেন সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন। তিনি বলেন, "রেললাইনে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।" তারা রাতভর দায়িত্ব পালন করেছেন এবং কোথাও এমন ঘটনা তাদের নজরে আসেনি। তবে লাকসামের দিকে এমন কিছু ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। সেটি তাদের সীমান্তবর্তী এলাকা। এ বিষয়ে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংগঠনটির ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশের আইনি উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে ভর্তি ৭৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে ভর্তি ৭৭

মানিকগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ২ হাজার ২২৪ জনে পৌঁছেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৭ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সাতজন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া মননো মেডিকেল কলেজ হাসপাতালে একজন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালে ১ হাজার ৬৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৩২ জনসহ মোট ২ হাজার ২২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। এই নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪৭ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%