আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০১:১৯ পি.এম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তরপাড়া) এলাকায় পাগলা কুকুরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে তিন থেকে চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে পাগলা কুকুরটি হঠাৎ করে পথচারী ও গৃহপালিত প্রাণীর ওপর হামলা চালায়। এতে আহত হন ফুলবাড়ী (উত্তরপাড়া) গ্রামের লাল চাঁন মিয়া (৭০), ইব্রাহিমের স্ত্রী (৬০) এবং আটগাছা গ্রামের আরও একজন ব্যক্তি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের স্কুল, মাদ্রাসা ও কলেজে যাতায়াত নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসী অবিলম্বে পাগলা কুকুরটিকে আটক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তরাঞ্চলের সাহিত্য, নাটক, সংগীত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র ছিল লালমনিরহাট জেলা শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত ১২১ বছরের ঐতিহ্যবাহী এম. টি. হোসেন ইনস্টিটিউট। বাংলাদেশ রেলওয়ের প্রায় ২ একর ৭৩ শতক জমির ওপর নির্মিত বিস্তৃত ঐতিহাসিক স্থাপনাটি একসময় জেলার অন্যতম সিনেমা হল হিসেবেও পরিচিত ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে এটি ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত সংরক্ষণ ও সংস্কার উদ্যোগ না নিলে জেলার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মূল্যবান অধ্যায় হারিয়ে যাবে। সরেজমিনে দেখা যায়, ভবনটির দরজা-জানালা, টিনের ছাউনি এবং অধিকাংশ কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্থানে দেয়ালে ফাটল দেখা দিয়েছে, ইট খসে পড়েছে এবং চারপাশ আগাছায় ভরে পরিত্যক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অস্তিত্ব নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা আশরাফ হোসেন ও টুলু মিয়া বাসসকে জানান, একসময় ইনস্টিটিউটটিতে ঘূর্ণায়মান মঞ্চ, সমৃদ্ধ পাঠাগার, নাটক, সংগীতানুষ্ঠান, সাহিত্য সভা ও সিনেমা প্রদর্শনের নিয়মিত আয়োজন হতো। এসব অনুষ্ঠানগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল এমনকি তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গ থেকেও কবি, সাহিত্যিক ও নাট্যব্যক্তিত্বরা অংশ নিতেন। ইতিহাস থেকে জানা যায়, ১৯০৫ সালে ব্রিটিশ রেলওয়ে কর্মকর্তাদের উদ্যোগে 'ইন্ডিয়ান ইনস্টিটিউট' নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট পিয়ার্সের নামে এর নামকরণ করা হয় ‘পিয়ার্স ইনস্টিটুট’। পরবর্তীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের সমর্থক হিসেবে পরিচিত রেলওয়ের চিফ টিকিট এক্সামিনার এম. টি. হোসেনের অকাল মৃত্যুর পর শ্রমিক-কর্মচারীদের দাবির মুখে ১৯৩৪ সালে তার নামেই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার ও সুরকার সত্যেন্দ্রনাথ রায় বাসসকে বলেন, স্বাধীনতার পরও দীর্ঘদিন এম. টি. হোসেন ইনস্টিটিউট এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। এখানে নিয়মিত সিনেমাও প্রদর্শিত হতো। তবে দীর্ঘদিনের অবহেলা ও সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হারিয়েছে। তিনি প্রতিষ্ঠানটির সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সুদৃষ্টি কামনা করেন। সাহিত্যিক নিশিকান্ত রায় বাসসকে বলেন, রেলওয়ের অসাধু কিছু কর্মকর্তা এবং স্থানীয় ভূমিদস্যুরা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের সম্পদ লুটপাট ও জমি দখলের চেষ্টা করেছে। কিন্তু সাহিত্য-সাংস্কৃতিক কর্মী এবং সচেতন নাগরিকদের আন্দোলনের কারণে সেই প্রচেষ্টা কখনো সফল হয়নি। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভাওয়াইয়া সংগীতের প্রবীণ শিল্পী তাজুল চৌধুরী বাসসকে বলেন, ‘এটি শুধু একটি ভবন নয়, লালমনিরহাটের সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দ্রুত সংরক্ষণ ও সংস্কার করা না হলে জেলার একটি মূল্যবান ঐতিহ্য চিরতরে হারিয়ে যেতে পারে।’ জেলা কালচারাল অফিসার মো. হামিদুর রহমান বাসসকে বলেন, শতবর্ষী এই স্থাপনাটি সংস্কার করে পুনরায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করা জরুরি। সে উদ্দেশ্যে দ্রুত সংরক্ষণ এবং সংস্কার উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন বাসসকে বলেন, ‘স্থাপনাটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বাসসকে বলেন, ‘ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সংস্কৃতি কর্মীদের মতে, এম. টি. হোসেন ইনস্টিটিউট শুধু একটি পুরোনো ভবন নয়, এটি লালমনিরহাটের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। তাদের দাবি, সরকার দ্রুত সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরায় সাহিত্য, নাটক, সংগীত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। অন্যথায় জেলার ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসের মধ্যেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এই প্রেক্ষিতে, অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে।
রেলওয়ে সূত্র অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি নতুন রেলপথ চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ২০১৮ সালে যমুনা সেতু-পাবনা লাইন, ২০২২ সালে ঢাকা-পদ্মা সেতু রুট এবং ২০২৪ সালে খুলনা-মোংলা রুট। তবে, কোচের ঘাটতির কারণে এই রুটগুলোতে পর্যাপ্ত ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হয়নি।
রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত হওয়ার পর, রেলপথ মন্ত্রণালয় ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। এছাড়া, ঢাকা-গোপালগঞ্জ রুটে একটি কমিউটার ট্রেন চালু করার এবং ঢাকা-খুলনা ট্রেন সার্ভিসটি মোংলা পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
এদিকে, রাজশাহী ও যশোর অঞ্চলের যাত্রীরা স্থগিত থাকা লোকাল ট্রেন সার্ভিসগুলো অবিলম্বে পুনরায় চালু করার পাশাপাশি পাঁচটি বিদ্যমান ট্রেনের পুরোনো কোচগুলো প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এবং 'রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ'-এর সাধারণ সম্পাদক জামাত খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থগিত থাকা ট্রেন সার্ভিসগুলো দ্রুত চালু করা এবং বন্ধ থাকা রেলওয়ে স্টেশনগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জনবল সংকটের বিষয়টি স্বীকার করে ফরিদ আহমেদ বলেন, নতুন নিয়োগ এবং চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার নিয়োগের মাধ্যমে বন্ধ থাকা স্টেশনগুলোকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে এবং স্থগিত ট্রেন সার্ভিসগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধি’র আশঙ্কা দেখা দেয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাস নিজেদের নাগরিকদের সতর্ক করেছে। পাশাপাশি অঞ্চলটি ছেড়ে যাওয়ার প্রয়োজনে প্রস্তুত থাকার জন্য তারা পরামর্শ প্রদান করেছেন।
বাহরাইন, মিশর, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো শনিবার অনলাইনে এই সতর্কবার্তা প্রকাশ করেছে।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুমকি দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির পর কিছু সময় পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারলেও পরবর্তীতে হামলা আবার শুরু হয়।
যুদ্ধের অবসানের কোনো লক্ষণ পাওয়া না যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি হয়েছে।
মার্কিন নিরাপত্তা সতর্কবার্তায় জানানো হয়েছে, ‘এই অঞ্চলে অবস্থানরত আমেরিকান নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত অথবা পরিস্থিতি আরো খারাপ হলে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
ওই বার্তায় নাগরিকদের ফ্লাইটের তথ্য যাচাই করার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা ও বাড়তি সচেতনতা অবলম্বন করা উচিত। তাদের ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশপথ বন্ধ এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে।’
জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিতে যেতে নিষেধ করা হয়েছে। এসব ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছে। অন্যদিকে ইসরায়েলে অবস্থিত নাগরিকদের নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানার পরামর্শ দেয়া হয়েছে।
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, ‘ইরানি সরকার অপ্রত্যাশিত আচরণ করছে। সাম্প্রতিক সময়ে তারা পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়া বিভিন্ন স্থানে হামলার সিদ্ধান্ত নিয়েছে এবং পূর্বে হামলার লক্ষ্য না হওয়া এলাকা (যেমন মিশর)-এও হামলা বিস্তৃত করেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
একইসাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে ঢাকা, নিকলি, শ্রীমঙ্গল ও সৈয়দপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮৭ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ