ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তান তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে: আফ্রাসিয়াব খাত্তাক


পাকিস্তান তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে: আফ্রাসিয়াব খাত্তাক

আফগানিস্তানের সাবেক আইনপ্রণেতা শিনকাই কারোখাইল ডয়চে ভেলেকে (ডিডব্লিউ) জানিয়েছেন, তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলোর পক্ষে পাকিস্তানের সহায়তা ছাড়া সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা প্রায় অসম্ভব। নব্বইয়ের দশকে তালেবান প্রথমবার ক্ষমতায় আসার সময় পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর পাকিস্তান তালেবানকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানের সাবেক সিনেটর আফ্রাসিয়াব খাত্তাকের মতে, তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে পাকিস্তান সমর্থন দিচ্ছে। তিনি জানান, এসব গোষ্ঠীর সদস্যরা ইসলামাবাদে গিয়ে বৈঠকও করেন। তবে কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কান্দিল আব্বাসের দাবি, পাকিস্তান তাদের রাজনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তা দিচ্ছে না।

আরও পড়ুন: গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক আলী আহমদ জালালির মতে, পাকিস্তান নিজেদের কৌশলগত স্বার্থে তালেবানবিরোধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে। অতীত অভিজ্ঞতা বিবেচনায়, দেশটি এসব গোষ্ঠীকে সমর্থন দিলে তা অবাক হওয়ার মতো কিছু হবে না।

ইসলামাবাদের পাল্টা অভিযোগ

পাকিস্তানও তালেবানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে। দেশটির কর্মকর্তারা বারবার দাবি করছেন, আফগান তালেবান যেন পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে পাকিস্তানে হামলার জন্য দায়ী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এবং বেলুচিস্তানে সক্রিয় নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলএ)।

ইসলামাবাদের অভিযোগ, তালেবানের সহায়তায় এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও কার্যক্রম চালায়। চলতি সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় আফগান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, উদ্বেগ বেড়েছে

শুক্রবার পাকিস্তান সরকার জানায়, কাবুলের তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় ইসিও সম্মেলনে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আলী আহমদ জালালির মতে, পাকিস্তানের দাবিগুলো পূরণে তালেবান হয়তো আগ্রহী নয়, অথবা তাদের সেই সক্ষমতা নেই।

তিনি বলেন, টিটিপির সঙ্গে আফগান তালেবানের দীর্ঘদিনের যুদ্ধের সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে আদর্শিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে। উভয় গোষ্ঠী একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এমনকি টিটিপির যোদ্ধাদের মধ্যে আফগান তালেবানের সদস্যও থাকতে পারেন। পাকিস্তানের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ইসলামাবাদ উদ্বিগ্ন।

আফগানিস্তানের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষক মালেক সিটেজ বলেছেন, কাবুলের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা পাকিস্তান ভালোভাবে নেয়নি। তবে অতীতে আফগানিস্তানের ওপর পাকিস্তানের যে প্রভাব ছিল, বর্তমানে তা আর নেই।

পাকিস্তান কি তালেবানকে ক্ষমতা থেকে সরাতে চায়?

আরও পড়ুন: রিয়াদের আকাশে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সউদী জোটের

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও অধ্যাপক আলী আহমদ জালালি মনে করেন, পাকিস্তান আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তন চায় না। তিনি বলেন, পাকিস্তান তালেবানকে ক্ষমতাচ্যুত করে অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায় বা তা করার সক্ষমতা রাখে, এমনটা তার মনে হয় না। বরং ইসলামাবাদের মূল লক্ষ্য হলো, টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবানকে চাপ দেওয়া এবং এ বিষয়ে তাদের সহযোগিতা আদায় করা।

রাজনৈতিক বিশ্লেষক আজিজ বারেজের মতে, তালেবানবিরোধী আফগান গোষ্ঠীগুলো পাকিস্তানকে পুরোপুরি বিশ্বাস করে না। তারা পাকিস্তানের কথিত সমর্থনকে স্বাগত জানালেও জানে, এই সমর্থন সাময়িক হতে পারে। তিনি ডয়চে ভেলেকে বলেন, পাকিস্তান ও তালেবানের মধ্যে মতবিরোধ মিটে গেলে তারা আবারও ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় বছর ধরে মোংলা কাস্টমসে নিলাম বন্ধ, নষ্ট হচ্ছে ৪০০ কোটি টাকার পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির, সস্টাফ রিপোর্টার:

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


দেড় বছর ধরে মোংলা কাস্টমসে নিলাম বন্ধ, নষ্ট হচ্ছে ৪০০ কোটি টাকার পণ্য

খোলা আকাশের নিচে পড়ে ২৫০ বিলাসবহুল গাড়ি, ২০০টির বেশি কন্টেইনার ও ভারী যন্ত্রপাতি; বন্দরে পণ্যজট, রাজস্ব হারাচ্ছে সরকার—দুই মাসের মধ্যে নিলামের আশ্বাস নতুন কমিশনারের


দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হাউসে প্রায় দেড় বছর ধরে কার্যত বন্ধ রয়েছে নিলাম কার্যক্রম। এতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে পড়ে থাকা আমদানিকৃত বিপুল পরিমাণ পণ্য রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রায় ২৫০টি নামী-দামি বিলাসবহুল গাড়ি, ২০০টির বেশি কন্টেইনারভর্তি বিদেশি পণ্য, ড্রেজার ও ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। ব্যবসায়ীদের হিসাবে, আটকে থাকা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা। দীর্ঘদিন নিলাম না হওয়ায় একদিকে পণ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বন্দরের ইয়ার্ড ও জেটিতে পণ্যজট বাড়ছে। একই সঙ্গে সরকার হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব।

কাস্টমস ও বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাস না করলে সংশ্লিষ্ট পণ্য নিলামের আওতায় আনার বিধান রয়েছে। কিন্তু মোংলা কাস্টমস হাউসে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া কার্যকরভাবে এগোচ্ছে না। মামলা জটিলতা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও কাগজপত্র যাচাইয়ের অজুহাতে নিলাম কার্যক্রম থমকে আছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হয়েছিল। একই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু মামলা জটিলতায় শেষ পর্যন্ত সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে নিলাম কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

ইয়ার্ডে পড়ে ২৫০ বিলাসবহুল গাড়ি

বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে নিলামের অপেক্ষায় রয়েছে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য। এর মধ্যে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রায় ২৫০টি বিলাসবহুল ও নামী-দামি গাড়ি রয়েছে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে এসব গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ছাড়া ২০০টির বেশি কন্টেইনারে রয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য। এর মধ্যে ৬০টি কন্টেইনারে গ্যাস সিলিন্ডার, ৩৩টি কন্টেইনারে উন্নতমানের কাগজ এবং ১০টি কন্টেইনারে খেলনা রয়েছে। বাকি কন্টেইনারগুলোতে বিভিন্ন ধরনের মেশিনারিজ ও অন্যান্য আমদানিকৃত পণ্য রয়েছে।

বন্দর জেটিতে পড়ে রয়েছে দুটি ড্রেজার ও বিভিন্ন ভারী যন্ত্রপাতি এবং শিল্পকারখানার যন্ত্রাংশ। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় এসব পণ্যে পলি ও মরিচা জমছে। ব্যবসায়ীদের দাবি, যথাসময়ে নিলাম না হওয়ায় এসব মূল্যবান পণ্যের বাজারমূল্য ও ব্যবহারযোগ্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিলাম বন্ধের পেছনে সিন্ডিকেটের অভিযোগ

স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, নিলাম কার্যক্রম বন্ধ থাকার পেছনে শুধু মামলা জটিলতা নয়, কাস্টমস কর্তৃপক্ষের ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে একটি সিন্ডিকেটের যোগসাজশও থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও প্রমাণ প্রয়োজন।

নিলাম বন্ধ থাকায় বন্দরের জেটি ও ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পণ্য আটকে রয়েছে। এতে নতুন পণ্য ওঠানামা ও বন্দরের স্বাভাবিক কার্যক্রমেও চাপ তৈরি হচ্ছে। পরিস্থিতির প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা কাস্টমস কমিশনারের কাছে একাধিক লিখিত আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে।

মোংলা বন্দর স্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দ্রুত নিলাম কার্যক্রম চালু না হলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় আরও বাড়বে। একই সঙ্গে বন্দর এলাকার পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাঁরা অবিলম্বে নিলাম প্রক্রিয়া চালুর দাবি জানান।

দুই মাসের মধ্যে নিলামের আশ্বাস

নিলাম কার্যক্রম বন্ধ থাকা এবং বিপুল পরিমাণ পণ্য পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত মোংলা কাস্টমস কমিশনার মো. গিয়াস কামাল বলেন, আগে বিভিন্ন কারণে যেসব পণ্য নিলাম করা সম্ভব হয়নি, সেগুলোর কাগজপত্র বর্তমান বিধিবিধান অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারি নিয়মকানুন পুরোপুরি অনুসরণ করে আগামী দুই মাসের মধ্যে আটকে থাকা সব পণ্য নিলামের আওতায় আনার জন্য জোরালো ব্যবস্থা নেওয়া হবে।

রাজস্ব ক্ষতির শঙ্কা

সংশ্লিষ্টদের মতে, জাতীয় অর্থনীতিতে মোংলা কাস্টমস হাউসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে গাড়ি আমদানি ও খালাসের ক্ষেত্রে এ বন্দরের গুরুত্ব উল্লেখযোগ্য। আমদানিকৃত গাড়ির বড় একটি অংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয় বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি। ফলে বিপুলসংখ্যক গাড়ি ও অন্যান্য পণ্য দীর্ঘদিন আটকে থাকায় বন্দর ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের দাবি, দীর্ঘদিন পড়ে থাকা পণ্য দ্রুত আইনানুগ প্রক্রিয়ায় নিলাম করা হলে একদিকে বন্দরের জায়গা খালি হবে, অন্যদিকে সরকার রাজস্ব পাবে। তাই মামলা ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিষ্পত্তি করে নিলাম কার্যক্রম সচল করার দাবি জানিয়েছেন তাঁ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় দেড় মাসেই ধসে দেড় কোটি টাকার বাঁধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বরগুনায় দেড় মাসেই ধসে দেড় কোটি টাকার বাঁধ

নদীভাঙন থেকে জনপদ রক্ষার উদ্দেশ্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ও বালুভর্তি জিও ব্যাগের কাজ শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যে পায়রা নদীর ভাঙনে ধসে পড়তে শুরু করেছে। কোথাও জিও ব্যাগসহ বাঁধের অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে, আবার কোথাও বড় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। তালতলী উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষ এখন ঝুঁকির মধ্যে রয়েছেন। অন্যদিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধের স্থায়ী পুনর্নির্মাণ না হওয়ায় বহু গ্রামের বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত পেলে তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়।

বরগুনার উপকূলীয় অঞ্চলে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নতুন কিছু নয়। বিশেষ করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে স্থানীয়দের মনে অতীতের ভয়াবহ দুর্যোগের স্মৃতি ভেসে ওঠে। তাঁরা উদ্বিগ্ন থাকেন কবে নদীর পানি বাড়বে, দুর্বল বেড়িবাঁধ ভেঙে পড়বে, কিংবা সিডরের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। উপকূলের মানুষের রাতগুলো কাটে এই আশঙ্কায়।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় এই আশঙ্কা এখন বাস্তবে রূপ নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় পাঁচটি প্যাকেজে ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজের চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজগুলো বাস্তবায়ন করে। যদিও সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল, অল্প সময়ের মধ্যেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় তথ্য অনুযায়ী, সংস্কার করা বাঁধ ও জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটার অংশে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। ফলে আসন্ন জোয়ার, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঁধের আরও বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম মন্তব্য করেন, "বাঁধ নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে আমাদের আপত্তি ছিল। নদীর তীর থেকে মাটি কেটে বাঁধ তৈরি করা হয়েছে। এখন অল্প সময়ের মধ্যেই বাঁধে ফাটল ধরেছে, জিও ব্যাগ নদীতে চলে যাচ্ছে। জোয়ারের পানি বাড়লে আমাদের ঘরবাড়ি রক্ষা করা কঠিন হবে।"

একই এলাকার বাসিন্দা আমেনা বেগম বলেন, "আমাদের পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীর কাছেই। বাঁধ ভেঙে গেলে শুধু ঘরবাড়ি নয়, ধানের জমি ও মাছের ঘেরও পানিতে তলিয়ে যাবে। আমরা স্থায়ী বাঁধ চাই। প্রতিবছর আতঙ্ক নিয়ে বসবাস করতে চাই না।" স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং জিও ব্যাগে পর্যাপ্ত বালু না ভরার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী জনপদেও বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিনের সংকট বিদ্যমান। জেলার আজগরকাঠি, মাঝেরচর, জিনতলা, পদ্মা, রুহিতার, পালের বালিয়াতলী, আগাপদ্মাসহ বিভিন্ন গ্রামের মানুষ বন্যা ও জলোচ্ছ্বাসের খবর পেলেই আতঙ্কিত হয়ে পড়েন। এসব এলাকায় নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়েছে। বিশেষ করে আজগরকাঠি এলাকায় নদীভাঙনের শিকার হয়ে অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েক যুগ আগে নদীভাঙনে ওই এলাকার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কিংবা নদীতীর সংরক্ষণে কার্যকর স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্বাভাবিক জোয়ারের সময়ও ঝুঁকি থাকে, আর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই আতঙ্ক বেড়ে যায়। তাঁদের আশঙ্কা, দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যেকোনো বড় দুর্যোগে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে।

স্থানীয় সমাজসেবক সেলিম শাহনেওয়াজ বলেন, "নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। আজগরকাঠি এলাকায় নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা হারিয়েছে। কয়েক যুগ আগে বেড়িবাঁধ নদীতে বিলীন হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের খবর পেলেই মানুষ আতঙ্কে থাকে। আমরা চাই, শুধু সাময়িক মেরামত নয়, নদীর গতিপ্রকৃতি ও এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ভাঙনপ্রবণ এলাকায় কার্যকর নদীতীর সংরক্ষণ করা হোক।"

তালতলীর তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষের জীবন-জীবিকা এখন ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তার ওপর নির্ভরশীল। অন্যদিকে নলটোনার নদীতীরবর্তী গ্রামগুলোতেও একই ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। বাঁধ ভেঙে গেলে বসতভিটা, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের প্লাবিত হওয়ার পাশাপাশি সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশ্ন উঠেছে, দেড় কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই যদি বাঁধের এমন অবস্থা হয়, তাহলে নির্মাণকাজের গুণগত মান যাচাই হয়েছিল কীভাবে? কাজের পরিমাপ ও বিল পরিশোধের আগে যথাযথ তদারকি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে নলটোনার মতো দীর্ঘদিনের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণও স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকারি অর্থ ব্যয়ের পরও যদি জনপদ নিরাপদ না হয়, তাহলে প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা হবে কীভাবে, এ প্রশ্নও সামনে এসেছে।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, "তালতলীর ওই বেড়িবাঁধের কাজের সময় নদী বাঁধ থেকে দূরে ছিল। পরবর্তী সময়ে নদীর তলদেশে ভাঙন শুরু হওয়ায় জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই তীর সংরক্ষণের জন্য প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। অপরদিকে নলটোনা ইউনিয়নের বেড়িবাঁধের কাজ অতি দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।"

উপকূলের মানুষের দাবি, দুর্যোগের পর ত্রাণ কিংবা ক্ষতিগ্রস্ত বাঁধে সাময়িক মেরামত নয়, প্রয়োজন দুর্যোগের আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। তালতলীর সদ্য নির্মিত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত, প্রকল্পের কারিগরি ও আর্থিক নিরীক্ষা এবং নলটোনার দীর্ঘদিনের অরক্ষিত জনপদে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায় সরকারি কোটি কোটি টাকা ব্যয়ের পরও নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্তি মিলবে না উপকূলবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোয় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মেক্সিকোয় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার

মেক্সিকোর সামরিক বাহিনী একটি নাটকীয় অভিযানে কথিত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে। ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস, যিনি ‘এল চ্যাপো ইসিদ্রো’ নামে পরিচিত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষ ১০ পলাতক অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত। তিনি গুয়াসাভে ভিত্তিক অপরাধী চক্র ‘মেজা-ফ্লোরেস অর্গানাইজেশন’ বা ‘লস মাজাতলেকোস’-এর নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার, মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে এই অভিযান চলাকালীন তীব্র গোলাগুলি শুরু হলে বেসবল ম্যাচের দর্শকরা আতঙ্কে মাঠ ছেড়ে পালিয়ে যান।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায়, ‘গোপনীয়তা এবং আকস্মিকতা বজায় রেখে অভিজাত সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করে এবং গ্রেপ্তারের পর মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়।’

এফবিআই-এর ওয়ান্টেড পোস্টার অনুযায়ী, মেজা-ফ্লোরেস যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল এবং মারিজুয়ানা মজুদ, বিতরণ ও আমদানির জন্য অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য এফবিআই ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। পোস্টারে উল্লেখ করা হয়, ২০১৯ সালে মাদক পাচার আইন লঙ্ঘন ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এবং ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছিল। ২০১৩ সালের এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, মেজা-ফ্লোরেস কার্টেল তাদের প্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেলের সঙ্গে অত্যন্ত রক্তক্ষয়ী এলাকা দখলের লড়াইয়ে লিপ্ত ছিল; যে কার্টেলটির নেতৃত্বে তখন ছিলেন কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগ করছেন।

শুক্রবার মেক্সিকোর কৃষির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গুয়াসাভে এলাকায় মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তারের এই অভিযানকে কেন্দ্র করে মেক্সিকান সামরিক বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান শুরু হওয়ার পরপরই কর্তৃপক্ষ গুলি ও বিস্ফোরক হামলার মুখে পড়ে এবং গ্রেপ্তারের স্থানের আশেপাশের বেশ কয়েকটি পৌরসভায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ সৃষ্টি করে।

সিএনএন কর্তৃক যাচাইকৃত নাটকীয় ফুটেজে দেখা গেছে, মেক্সিকান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার গুয়াসাভে শহরের ওপর চক্কর দিচ্ছে এবং নিচের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরে ফেডারেল কর্মীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সিএনএন কর্তৃক অবস্থান নিশ্চিত করা ওই ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় শুক্রবার রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুরু হলে কুরোদা পার্ক স্টেডিয়ামের গ্যালারি থেকে বেসবল দর্শকরা হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছেন।

আতঙ্কিত হয়ে এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘নিচু হও, মাথা নিচু করো, নিচে বসো, নিচে!’ এ সময় মানুষজনকে ব্যারিকেড টপকে পালাতে দেখা যায় এবং ক্যামেরার আড়ালে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। একটি অফিশিয়াল সম্প্রচারে দেখা গেছে, ম্যাচ চলাকালীন মাঝপথেই ‘ভেনাদোস দে মাজাতলান’ এবং ‘আলগোদোনেরোস দে গুয়াসাভে’ দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন। সম্প্রচারে ধারাভাষ্যকাররা দর্শকদের জানান, ‘খেলা স্থগিত করা হচ্ছে; মাঠের বাইরে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবকিছু ঠিক থাকে। একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে, আমাদের জন্য এখন বিরতিতে যাওয়াই ভালো হবে।’

মেক্সিকোর প্রধান গ্রীষ্মকালীন পেশাদার বেসবল লিগ ‘২০২৬ লিগা মেক্সিকানা’র অংশ এই ম্যাচটি স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছিল। সহিংসতা শুরু হওয়ার সময় ব্যক্তিগত কাজে বাইরে থাকা এক স্থানীয় বাসিন্দা জানান, সশস্ত্র ব্যক্তিরা বেসরকারি হাসপাতালগুলো দখল করে নিয়েছে এবং কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশনসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে বলেন, ‘নির্ধারিত সময়ের অনেক আগেই যেসব দোকান নিরাপত্তার খাতিরে শাটার নামিয়ে দিয়েছিল, আমাকে তেমনই কিছু দোকানের ভেতরে আশ্রয় নিতে হয়েছিল। মানুষজন এখনো ভেতরে আটকা পড়ে আছে।’ তিনি আরও বলেন, ‘আমি যেখানে ছিলাম, ঠিক তার কয়েক মিটার দূর দিয়েই ভারী অস্ত্রে সজ্জিত বেসামরিক লোকজনের একটি গাড়িবহর গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।’

শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে সিনালোয়া অঙ্গরাজ্য সরকার গুয়াসাভের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং রাস্তায় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার অভিযানে ইন্টারএজেন্সি গ্রুপের কর্তৃপক্ষকে মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম ১০ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম ১০ দিনের রিমান্ডে

হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্ত্রী মমতা বেগম (২০) কে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার স্বজনরা।

ঘটনাটি ঘটে বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে, যেখানে মমতা allegedly তার স্বামীকে হত্যার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, পারিবারিক কলহের কারণে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে অচেতন করা হয়। এরপর শিল, চাকু ও লোহার স্টিক দিয়ে তার ওপর হামলা চালানো হয়। স্বজনদের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে চলা হামলায় মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার একটি চোখ ও সামনের দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মামুনের হার্টবিট ৩৪-এ নেমে এসেছিল। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিন দিনেও জ্ঞান না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, মামুন ও মমতা প্রায় ৪/৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে রয়েছে তিন বছর বয়সী একটি ছেলে ও মাত্র দুই মাস বয়সী একটি কন্যাসন্তান।

ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, মমতা ঘটনার দায় স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য কেউ সহযোগিতা করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। সহযোগীর পরিচয় জানতে চাইলেও তিনি মুখ খুলছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, "মেয়েটি কেন তার স্বামীকে এভাবে কোপালো- বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন। এর আগেও পাশের রামনগরে এমন একটি ঘটনা ঘটেছে। নারীদের জন্য কাউন্সেলিং কর্মসূচি গ্রহণ করা উচিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%