১০:৩৪ পি.এম
ইতিহাসের পাতায় প্রখ্যাত স্বৈরশাসক হিসেবে যাদের নাম উচ্চারিত, তাদের মধ্যে অন্যতম হলেন ইতালির বেনিতো মুসোলিনি। ১৯২২ সালে ‘মার্চ অন রোম’-এর মাধ্যমে বেনিতো মুসোলিনির ক্ষমতায় আসার পথ তৈরি হয়েছিল। ১০৪ বছর পর আবারও উচ্চারিত হলো মুসোলিনি, তবে এবার রাজনীতির পরিবর্তে ফুটবলের দুনিয়ায়।
গত মঙ্গলবার রাতে ইতালিয়ান লিগে সাসুওলোর বিরুদ্ধে গোল করেছেন রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তিনি সাবেক স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাতির ছেলে। এমন একটি দিনে গোল করলেন তিনি, যা মুসোলিনি এবং ইতিহাসের একটি বিখ্যাত অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত।
ম্যাচের ১৭ মিনিটে গোল করেন মুসোলিনি। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন, কিন্তু পরে ভিএআর চেকের মাধ্যমে রেফারি গোলের সিদ্ধান্ত দেন। উচ্ছ্বাসে মেতে ওঠেন ফ্লোরিয়ানি মুসোলিনি। ইতালিয়ান লিগে এটি তার প্রথম গোল। সিনিয়র দলের হয়ে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গোল। এর আগে ২০২৪ সালে দ্বিতীয় ডিভিশনে জুভে স্তাবিয়ার হয়ে লোনে খেলার সময় গোল করেছিলেন এই রাইট-ব্যাক।
আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়
লাজিওর জন্য ম্যাচে জয় পেতে কোনো সমস্যা হয়নি। ৩১ মিনিটে ক্রিস্তিয়ান থর্স্টভেট লাল কার্ড দেখানোর ফলে ১০ জন হয়ে পড়ে সাসুওলো। শেষ পর্যন্ত ৬-২ গোলে দাপুটে জয় পায় লাজিও। ইতালির শীর্ষস্তরের লিগে এই সাফল্যের পর রোমানোও খুশি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘প্রথম গোল করতে পেরে আমি খুব আনন্দিত। তবে তার চেয়েও বেশি খুশি এই জয় নিয়ে। কারণ আমাদের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রোমানোর পুরো নাম রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তিনি মার পরিবারের সূত্রে ইতালির সাবেক স্বৈরশাসক বেনিতো মুসোলিনির সঙ্গে সম্পর্কিত। মাঠে তিনি ‘রোমানো’ নামেই পরিচিত। তবে রাজনীতি নিয়ে আগ্রহ নেই বলেই অতীতে জানিয়েছেন এই ফুটবলার।
তবে এই নাম নিয়ে চর্চা চলছে অন্য এক কাহিনীর জন্য। ১৯২২ সালের ২৭ অক্টোবর ইতালিতে ‘মার্চ অন রোম’ শুরু হয়েছিল। ফ্যাসিস্ট আন্দোলনের মাধ্যমে মুসোলিনির ক্ষমতায় আসার পথ তৈরি হয়। আর ২০২৬ সালের ২৭ অক্টোবর ইতালিয়ান লিগে প্রথম গোল করলেন তার নাতির ছেলে রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তারিখটির মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।
অন্য একটি বিষয়ও নজরে এসেছে। বেনিতো মুসোলিনি ক্ষমতায় আসার সময় তার ঘোষিত বিরোধী ছিলেন ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টির নেতা ফিলিপো তুরাতি। গত মঙ্গলবার লাজিওর হয়ে করা গোলটিতে প্রতিপক্ষের গোলরক্ষকের নাম ছিল তুরাতি।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন