ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে আমন কাটার ধুম, উৎপাদন ২৪ লাখ টন ছাড়াতে পারে


বরিশালে আমন কাটার ধুম, উৎপাদন ২৪ লাখ টন ছাড়াতে পারে

‘অগ্রহায়ণের সাত সকালে ফসল কাটার ধুম-আহারে খুশি খুশি মন’-শিল্পীর গানের বাস্তব প্রতিফলন বর্তমানে বরিশালের ফসলের মাঠজুড়ে দৃশ্যমান। গত কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সোনালী-সবুজ ফসল কাটার কাজ সূর্যোদয়ের কুয়াশাঘেরা সকালে কৃষক ও কৃষি শ্রমিকদের মধ্যে শুরু হচ্ছে। সব প্রতিকূলতা অতিক্রম করে বরিশালের প্রধান দানাদার খাদ্য ফসল ‘আমন’ কৃষকের ঘরে উঠতে শুরু করেছে। বরিশাল অঞ্চলের কৃষি অর্থনীতি এখন জমজমাট হয়ে উঠতে শুরু করেছে।

তবে, গত কয়েক বছরের মতো এবারের উৎপাদন ব্যয়ের তুলনায় ধানের দাম কম থাকায় কৃষকরা লাভের মুখ দেখছেন না। বরিশাল অঞ্চলের বড় ধানের হাটে এবং মাঠে ঘুরে ধান কেনা ‘কুটিয়াল’দের কাছে কৃষকরা প্রতি মণ ধান সাড়ে ১১শ টাকা থেকে সাড়ে ১২শ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ প্রতি মণ ধানের উৎপাদন ব্যয় প্রায় ১২শ টাকা।

সমাপ্তপ্রায় খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের ৮,৮৫,১০০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন লক্ষ্য ছিল ২৩,৫৩,৪৫৭ টন। কিন্তু কৃষিযোদ্ধারা সে লক্ষ্য অতিক্রম করে প্রায় ৯ লাখ হেক্টরে আবাদ করেছেন। ফলে মাঠ পর্যায়ের কৃষিবিদেরা আশাবাদী যে উৎপাদন ২৪ লাখ টন অতিক্রম করবে।

আরও পড়ুন: বরগুনা বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

এখন পর্যন্ত বৃহত্তর দক্ষিণাঞ্চলের ৫৮টি উপজেলায় আবাদকৃত আমনের প্রায় ৩৫ ভাগ কর্তন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ধান কৃষিবিদদের ভাষায় ‘সফট ডাব’ থেকে ‘হার্ড ডাব’ পর্যায়ে রয়েছে। ফলে সকাল-সন্ধ্যা মাঠে মাঠে ফসল কাটার ধুম চলছে এবং প্রতিদিনই ধান কর্তনের পরিমাণ বাড়ছে।

সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে সারা দেশে প্রায় ৫৭.২০ লাখ হেক্টরে আমনের আবাদ করেছেন কৃষিযোদ্ধারা। ফলে দেশে ১,৭৫,৩৮,৭৫০ টন চাল উৎপাদন লক্ষ্য অর্জিত হয়েছে এবং বাড়তি ফসল ঘরে তোলার আশাবাদী কৃষিযোদ্ধারা।

এদিকে বরিশাল অঞ্চলের কৃষকরা স্থানীয় সনাতন জাতের পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বিআর-২৩’ ও ‘ব্রি ধান-৫২’ জাতের ধান আবাদে অভ্যস্ত হলেও এবারের মৌসুমে ‘ব্রি ধান-১০৯’ আবাদে কৃষকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। প্লাবনসহনশীল এ জাতের ধান ইতোমধ্যে পুরো দক্ষিণাঞ্চলজুড়ে পরিবেশসহনশীল হিসেবে প্রমাণিত হয়েছে।

কিন্তু কৃষিপ্রধান বরিশাল অঞ্চলে আবহাওয়া এখনো কৃষি ব্যবস্থার প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। টানা ১২৭ দিন পর গত ৯ মার্চ বরিশালে সামান্য বৃষ্টিপাতের পর মাসজুড়েই ব্যাপক ঘাটতিতে বিভিন্ন রবি ফসলের আবাদ বিঘ্নিত হয়, যা উৎপাদনেও বিরূপ প্রভাব ফেলে। তবে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পর মে ও জুন মাসজুড়ে বৃষ্টিপাতের ঘাটতি জনস্বাস্থ্যের পাশাপাশি কৃষি খাতেও মারাত্মক ঝুঁকি তৈরি করে। আবার জুলাই মাসজুড়ে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের প্রায় ১৫ ভাগ বেশি। কিন্তু সেপ্টেম্বরের মতো অক্টোবরেও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি কৃষি খাতে বিরূপ প্রভাব ফেলে।

আরও পড়ুন: কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে পানির অপচয় ও মশার প্রজননের ঝুঁকি

তবে অক্টোবরের শুরু থেকে চলতি মাসের প্রথমভাগেও বৃষ্টিপাতের ঘাটতির পর ঘূর্ণিঝড় ‘আভকান’-এ ভর করে অসময়ের অতি বর্ষণে আক্রান্ত হয়েছে দক্ষিণাঞ্চলের প্রায় ৩১ হাজার হেক্টরের আমন ধানের জমি। ঘূর্ণিঝড়টি প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ‘কোমল আঘাত’ হানায় সাগর কিছুটা উত্তাল হলেও ফুঁসে ওঠেনি। ফলে তিন দিনের মাঝারি বর্ষণে ফসলি জমিতে সাময়িক পানি জমলেও বড় কোনো প্লাবনের শিকার হয়নি। ‘আকভান’-এর প্রভাবে বরিশালে ৩ দিনে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হলেও খুব দ্রুতই পানি সরে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় ঘটেনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বরিশাল অঞ্চলের প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক জানান, নভেম্বর এলেই তাঁরা কিছুটা সতর্ক ও শঙ্কিত থাকেন; কৃষকদেরও সেভাবে মনসংযোগসহ মানসিকভাবে প্রস্তুত রাখা হয়। ফলে বড় ধরনের কোনো সংকট হয়নি।

এদিকে বীজের অভাবসহ আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকের কাছে না পৌঁছায় দক্ষিণাঞ্চলের কৃষিযোদ্ধারা এখনো হাইব্রিড জাতের আমন ধান আবাদে এগোতে পারেননি। ৮ লাখ ৭০ হাজার হেক্টরে আমন আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে হাইব্রিড জাতের আবাদ লক্ষ্য ছিল মাত্র সাড়ে ১৬ হাজার হেক্টরের মতো। উচ্চফলনশীল (উফশী) জাতের ধান আবাদও ৬০ ভাগের বেশি নয়। বরিশাল কৃষি অঞ্চলে স্থানীয় সনাতন জাতের আমন ধানের আবাদ প্রায় ৪০ ভাগ। কম উৎপাদনশীল স্থানীয় জাতের এসব আমনের আবাদ হচ্ছে প্রায় আড়াই লাখ হেক্টরে। সারা দেশে কম উৎপাদনশীল সনাতন স্থানীয় জাতের যে আমন ধানের আবাদ হচ্ছে, তার প্রায় ৬৫ ভাগই বরিশাল কৃষি অঞ্চলে। ফলে এ অঞ্চলের বিশাল কৃষি জমিতে আমন আবাদ হলেও উৎপাদন এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

এমনকি প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল অঞ্চলের কৃষিযোদ্ধারা এখনো বিরূপ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেই আউশ, আমন ও বোরো ধানসহ গম ও রবি ফসলের আবাদ ও উৎপাদন করছেন। এ অঞ্চলের কৃষকেরা অনাদিকাল থেকে ঘূর্ণিঝড় ‘হেরিকেন’, ‘সিডর’, ‘মহাসেন’, ‘আইলা’, ‘ইয়াশ’, ‘অশনি’, ‘সিত্রাং’, ‘রিমাল’, ‘হামুন’, ‘মিধিলি’ ও ‘মিগজাউম’-এর মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করেই ফসল আবাদ ও উৎপাদনসহ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।

কৃষিবিদদের মতে, ক্রমাগত জলবায়ু পরিবর্তন এ অঞ্চলের ফসলের জন্য নানামুখী হুমকি সৃষ্টি করছে। তবুও এ অঞ্চলের কৃষিযোদ্ধারা আজীবন লড়াই করেই ফসল ঘরে তুলছেন। তবে এবারের ভরা মৌসুমে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানায় বরিশাল অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন তুলনামূলকভাবে কিছুটা সহনীয় পর্যায়ে ঘরে তুলতে সক্ষম হচ্ছেন কৃষকেরা।

আরও পড়ুন: রমজানকাঠি কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন রিয়াজুল ইসলাম বাচ্চু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নাটকের প্রতি কেন বাড়ছে দর্শকের আগ্রহ?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


পাকিস্তানি নাটকের প্রতি কেন বাড়ছে দর্শকের আগ্রহ?

একসময় বাংলাদেশের তরুণ দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কোরিয়ান ড্রামা। ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, গবলিন, ডিসেনড্যান্টস অব দ্য সান এবং ট্রু বিউটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল ব্যাপক উন্মাদনা। তবে কে-ড্রামার পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরেক দেশের ধারাবাহিক নাটকও ধীরে ধীরে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। সেটি হলো পাকিস্তানি নাটক।

পাকিস্তানি নাটকের প্রতি বাংলাদেশের দর্শকদের আগ্রহ নতুন কিছু নয়। জিন্দেগি গুলজার হ্যায় এবং হামসাফার-এর মতো নাটক অনেক আগে থেকেই এ দেশের দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছে। ফাওয়াদ খান ও মাহিরা খানের পর্দার রসায়ন, কাশাফ ও জারুনের সম্পর্ক এবং হামসাফার-এর খিরাদ-আশারের গল্প দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। সময়ের সঙ্গে দর্শকদের পছন্দ বদলেছে, নতুন প্রজন্মের অভিনেতা এবং নতুন গল্প এসেছে। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তানি নাটক এখন বাংলাদেশের দর্শকদের কাছে আরও সহজে পৌঁছাচ্ছে। শুধু অনলাইনে পর্ব দেখা নয়, কিছু নাটক ঘিরে তৈরি হচ্ছে ভক্তদের আলাদা কমিউনিটি, এমনকি আয়োজন করা হচ্ছে ওয়াচ পার্টি। প্রশ্ন উঠছে, পাকিস্তানি নাটকে এমন কী আছে, যা এ দেশের দর্শকদের আকৃষ্ট করছে?

‘জিন্দেগি গুলজার হ্যায়’ নাটকটি ২০১২ সালে প্রচারিত হওয়া থেকে পাকিস্তানি নাটকের দর্শকপ্রিয়তার আলোচনায় বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটকটিতে ফাওয়াদ খান অভিনয় করেছেন জারুনের চরিত্রে, আর সানাম সাঈদ ছিলেন কাশাফের ভূমিকায়। দুই ভিন্ন সামাজিক অবস্থান ও মানসিকতার মানুষের সম্পর্কের গল্প দর্শকদের আকৃষ্ট করে। বিশেষ করে কাশাফের আত্মনির্ভরশীলতা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং জারুনের সঙ্গে তার সম্পর্কের পরিবর্তন নাটকটিকে আলাদা পরিচিতি দেয়।

এরপর হামসাফার, ইয়াকিন কা সাফার, আলিফ ও পারিজাদ-এর মতো নাটকও দর্শকদের আলোচনায় আসে। এসব নাটকে প্রেমের পাশাপাশি আত্মপরিচয়, সামাজিক অবস্থান, পরিবার, ব্যক্তিগত সংকট এবং জীবনসংগ্রামের মতো বিষয় উঠে এসেছে। ফলে পাকিস্তানি নাটকের প্রতি আগ্রহ শুধুমাত্র নির্দিষ্ট কোনো অভিনেতা বা জুটিকে ঘিরে সীমাবদ্ধ হয়নি।

পাকিস্তানি নাটকের সাম্প্রতিক জনপ্রিয়তার কথা বলতে গেলে তেরে বিন-এর নাম আলাদাভাবে উঠে আসে। ২০২২ সালের শেষ দিকে প্রচার শুরু হওয়া নাটকটিতে অভিনয় করেন ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি। মুরতাসিম ও মীরাব চরিত্রে তাদের পর্দার রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নাটকটির গল্পে প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের নানা টানাপোড়েন রয়েছে। প্রতিটি পর্বের পর পরবর্তী ঘটনা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি হতো। শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও নাটকটি জনপ্রিয়তা অর্জন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুরতাসিম-মীরাবকে ঘিরে অসংখ্য ভিডিও, সম্পাদিত দৃশ্য এবং আলোচনা তৈরি হয়।

২০২৩ সালের জুলাইয়ে নাটকটির শেষ পর্ব প্রচারের পরও দর্শকদের আগ্রহ কমেনি। বরং দ্বিতীয় মৌসুম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তেরে বিন দেখিয়েছে, টেলিভিশনে প্রচারিত একটি পাকিস্তানি নাটকও অনলাইন দর্শকের কাছে আন্তর্জাতিক জনপ্রিয়তা পেতে পারে।

এরপর দর্শকদের আলোচনায় আসে কাভি ম্যায় কাভি তুম। ২০২৪ সালে প্রচারিত নাটকটিতে অভিনয় করেন ফাহাদ মুস্তফা ও হানিয়া আমির। শারজিনা ও মুস্তাফারের গল্পে ছিল দাম্পত্য সম্পর্ক, পারিবারিক প্রত্যাশা, দায়িত্ববোধ এবং ব্যক্তিগত জীবনে নিজের অবস্থান তৈরি করার লড়াই। নাটকটির শেষ পর্বও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

একই ধারায় আলোচনায় আসে মীম সে মহব্বত। আহাদ রাজা মীর ও দানানীর মাবিন অভিনীত এই নাটকের গল্পে দেখা যায় রোশি ও তালহার সম্পর্ক। প্রাণবন্ত স্বভাবের রোশির সঙ্গে গম্ভীর ও দায়িত্বশীল তালহার পরিচয়, তাদের কথোপকথন এবং ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক দর্শকদের আকৃষ্ট করে। তালহার জীবনে তার সন্তান মোহিদের উপস্থিতিও গল্পে আবেগের ভিন্ন মাত্রা যোগ করে।

নাটকটি ২০২৪ সালের শেষ দিকে প্রচার শুরু হলেও ২০২৫ সালে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে নাটকটির ইউটিউব ভিউ এক বিলিয়ন ছাড়ানোর কথা জানানো হয়। বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের দর্শকেরাও নাটকটি দেখেছেন। আহাদ রাজা মীরের দীর্ঘ বিরতির পর টেলিভিশনে ফেরা এবং দানানীরের জনপ্রিয়তাও নাটকটির প্রতি তরুণ দর্শকদের আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছিল।

পাকিস্তানি নাটকের প্রতি আগ্রহের অন্যতম কারণ হতে পারে গল্পের পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। পরিবার, বিয়ে, ভালোবাসা, আত্মসম্মান, সামাজিক প্রত্যাশা, নারীর স্বাধীনতা অথবা পারিবারিক সিদ্ধান্ত—এসব বিষয় বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত। ফলে চরিত্রগুলোর আবেগ, দ্বন্দ্ব কিংবা সংকট বুঝতে খুব বেশি সময় লাগে না।

কে-ড্রামার গল্পে অনেক সময় কোরিয়ান সমাজ, সংস্কৃতি ও জীবনযাপনের ভিন্নতা দর্শকের কাছে নতুন অভিজ্ঞতা তৈরি করে। অন্যদিকে পাকিস্তানি নাটকের অনেক গল্পে দক্ষিণ এশীয় পারিবারিক পরিবেশ ও সম্পর্কের পরিচিত চিত্র পাওয়া যায়। দুই ধরনের নাটকের আকর্ষণ আলাদা হলেও দর্শক নিজের পছন্দ অনুযায়ী দুটিই উপভোগ করতে পারেন।

উর্দু সংলাপের আলাদা আকর্ষণ

পাকিস্তানি নাটকের জনপ্রিয়তায় ভাষার ভূমিকা রয়েছে। উর্দু ভাষার শব্দচয়ন, সংলাপের আবেগময় প্রকাশ এবং কাব্যিকতা অনেক দর্শকের ভালো লাগে। হিন্দি সিনেমা ও গানের মাধ্যমে বাংলাদেশের অনেক দর্শকের কাছে উর্দুর বেশ কিছু শব্দ পরিচিত। ফলে নাটকের সংলাপ বুঝতে খুব বেশি অসুবিধা হয় না।

বিশেষ করে প্রেম, অভিমান কিংবা বিচ্ছেদের দৃশ্যে সংলাপের উপস্থাপন দর্শকের মনে দাগ কাটে। অনেক সময় নাটকের কোনো একটি সংলাপ বা দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শক পুরো নাটকটি খুঁজে দেখেন।

কম পর্বে গল্প বলার সুবিধা

পাকিস্তানি নাটকের আরেকটি বৈশিষ্ট্য হলো অনেক সিরিজের তুলনামূলক সীমিত পর্বসংখ্যা। ফলে দর্শককে দীর্ঘদিন ধরে একই গল্প অনুসরণ করতে হয় না। তবে সব নাটক সংক্ষিপ্ত নয়। যেমন তেরে বিন-এ ছিল ৫৮টি পর্ব। তাই সব পাকিস্তানি নাটককে কম পর্বের বলে চিহ্নিত করা ঠিক হবে না। বরং গল্পের ধরন অনুযায়ী পর্বসংখ্যা নির্ধারণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গল্প শেষ করার প্রবণতা অনেক দর্শকের কাছে আকর্ষণীয়।

ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব

পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা বাড়ার পেছনে ডিজিটাল মাধ্যমের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। ইউটিউবে নাটকের পর্ব সহজে পাওয়া যায়। অনেক সময় টেলিভিশনে প্রচারের পাশাপাশি অনলাইনেও পর্ব প্রকাশ করা হয়। ফলে বাংলাদেশের দর্শকদের জন্য নাটক দেখার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব শর্টসে জনপ্রিয় দৃশ্য, সংলাপ এবং চরিত্র নিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ছে। দর্শকদের আলোচনা, সুপারিশ এবং ফ্যান পেজ নতুন দর্শক তৈরিতে ভূমিকা রাখছে। কোনো একটি নাটকের দৃশ্য ভাইরাল হলে অনেকেই সেটির নাম খুঁজে পুরো গল্প দেখতে শুরু করেন।

‘দার-ই-নিজাত’ ঘিরে নতুন উন্মাদনা

সাম্প্রতিক সময়ে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ বাংলাদেশে বিশেষভাবে আলোচনায় এসেছে। নাটকটির চরিত্র আবু বকরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। তার অভিনয় ও ব্যক্তিত্ব নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি নাটকটি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ওয়াচ পার্টির আয়োজনের খবরও এসেছে।

নভেম্বর ২০২৬-এ প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার অন্তত ১০ থেকে ১২টি ক্যাফেতে নাটকটির প্রদর্শনীর কথা উল্লেখ করা হয়েছে। সিলেট ও চট্টগ্রামেও দর্শকদের অংশগ্রহণে প্রদর্শনীর খবর পাওয়া গেছে। অর্থাৎ, নাটক দেখা এখন অনেকের কাছে একক বিনোদনের বাইরে বন্ধু ও পরিচিতদের সঙ্গে সময় কাটানোর উপলক্ষও হয়ে উঠছে।

দর্শক কি কে-ড্রামা থেকে পাকিস্তানি নাটকে সরে যাচ্ছেন?

পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা বাড়ছে বলেই কে-ড্রামার দর্শক কমে যাচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। বরং দর্শকের বিনোদনের পরিসর বড় হচ্ছে। কেউ কোরিয়ান সিরিজের রোমান্স, ফ্যান্টাসি এবং ভিন্নধর্মী নির্মাণ পছন্দ করেন; কেউ আবার পাকিস্তানি নাটকের পারিবারিক গল্প, পরিচিত সামাজিক প্রেক্ষাপট এবং আবেগঘন সংলাপে আকৃষ্ট হন।

সব মিলিয়ে, পরিচিত সামাজিক বাস্তবতা, আবেগনির্ভর গল্প, উর্দু ভাষার আকর্ষণ, অভিনয় এবং ডিজিটাল মাধ্যমে সহজলভ্যতা—এসব বিষয় পাকিস্তানি নাটকের প্রতি দর্শকের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখছে। কে-ড্রামার পাশাপাশি পাকিস্তানি নাটকও এখন বাংলাদেশের দর্শকদের বিনোদনের তালিকায় জায়গা করে নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪০৪ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪০৪ মামলা

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ২ হাজার ৪০৪টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করেছে।

ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে চারটি বাস, দুইটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, দুইটি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজিসহ মোট ১৯৩টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে চারটি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে চারটি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ২৬টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১১টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ১৪৩টি সিএনজি ও ২৩৩টি মোটরসাইকেলসহ মোট ৫৯৮টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ৪৩টি কাভার্ড ভ্যান, ১৩০টি সিএনজি ও ৩১৪টি মোটরসাইকেলসহ মোট ৮০১টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযান চলাকালে ৫৬১টি গাড়ি ডাম্পিং এবং ৭৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে দর্শক কাঁদলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে দর্শক কাঁদলেন

কাবিলার মুখে মায়ের কাহিনী শুনেছেন দর্শকরা, ফোনের ওপাশ থেকে মায়ের শাসনের আওয়াজও শুনেছেন। নাটকের গল্পে, নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান হিসেবে পরিচিত এই চরিত্রের নাম পলি চেয়ারম্যান।

যে কাবিলা বন্ধুদের আড্ডায় গর্বের সঙ্গে মায়ের গল্প করত, সেই কাবিলাকেই এবার মা হারানোর বেদনায় ভুগতে দেখা গেল। এতদিন যার মায়ের কথা শুনে দর্শকরা হাসতেন, সেই পলি চেয়ারম্যানের মৃত্যুর দৃশ্য এবার কাঁদাল দর্শকদের। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ পর্বে এই বিদায় যেন নতুন করে মনে করিয়ে দিল বাস্তবের হারানো অভিনেত্রী গুলশান আরা আহমেদকে।

মায়ের সঙ্গে কাবিলার কথোপকথন এবং বন্ধুদের সামনে মাকে নিয়ে তার গর্বের মুহূর্তগুলো মিলিয়ে পলি চেয়ারম্যান নাটকের একটি অতি পরিচিত চরিত্রে পরিণত হন। কাবিলার বন্ধুদের সঙ্গে তার গল্প গ্রামে পৌঁছায়। কিছু পর্বে সরাসরি পলি চেয়ারম্যানকে দেখা যায়। চরিত্রটিতে অভিনয় করেন গুলশান আরা আহমেদ।

অভিনয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্ক থাকার পরও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলার মা হিসেবেই দর্শকদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। বাস্তবে তার মৃত্যুর পর এবার নাটকের গল্পে পলি চেয়ারম্যানের মৃত্যু দেখানো হলো। ফলে পর্দার এই দৃশ্য দর্শকদের কাছে শুধুমাত্র গল্পের অংশ হয়ে থাকেনি, বরং অভিনেত্রীকে হারানোর স্মৃতিও ফিরিয়ে এনেছে।

তবে এই পর্বের বিশেষত্ব কেবল পলি চেয়ারম্যানের বিদায় নয়। প্রয়াত গুলশান আরা আহমেদকে উৎসর্গ করা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ পর্বটি। পর্বের শেষে তার ছবির সঙ্গে শ্রদ্ধাবার্তা দেওয়া হয়েছে।

একজন অভিনেত্রী, যিনি নাটকের প্রধান চরিত্রে ছিলেন না এবং পর্দায় তার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। কিন্তু কাবিলার মা পলি চেয়ারম্যান হয়ে দর্শকদের মনে একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন। মৃত্যুর এতদিন পরেও নাটকের গল্পে তাকে স্মরণ করা এবং একটি পর্ব উৎসর্গ করার উদ্যোগকে দর্শকরা সাধুবাদ জানাচ্ছেন। কাবিলার মায়ের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু গুলশান আরা আহমেদের অভিনীত পলি চেয়ারম্যান চরিত্রটি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দর্শকদের স্মৃতিতে চিরকাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই।

এ সময় তিনি আরও বলেন, ভোটের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে।

সিইসি আরও জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলো একমত।

তিনি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপ যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

এদিকে, রোববার সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপ শুরু হয়।

রোববার প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সংলাপে অংশ নেয়নি বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার, ৩০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলকে এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

ইসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ইউপি অনুষ্ঠিত হবে পাঁচ ধাপে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%