০৩:০৭ পি.এম
প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায়, দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৬ এবার আরো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে। আগামী রবিবার (২২ নভেম্বর) লন্ডনের মে-ফেয়ার ভেন্যুতে দুপুর ১২টায় এ আয়োজন শুরু হবে। যুক্তরাজ্যের ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের একই প্ল্যাটফরমে যুক্ত করে তাদের ব্যবসা, পণ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সফল উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আয়োজনকে প্রাণবন্ত করতে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি থেকে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের প্রচার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে অংশ নেওয়া অতিথিরা প্রথম আসরের সাফল্যের প্রশংসা করেছেন।
তাদের মতে, কমিউনিটির ছোট-বড় ব্যবসায়ীদের একই ছাদের নিচে নিয়ে এসে নিজেদের উদ্যোগ ও বাণিজ্যিক চিন্তাভাবনা বিশ্বদরবারে তুলে ধরার অনন্য সুযোগ তৈরি করেছে এই এক্সপো।
আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে
এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের মাধ্যমে তরুণ ও নিজ নিজ ক্ষেত্রে সফল উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন অতিথিরা। তাঁরা ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস এবং ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের (বিবেক) প্রতিষ্ঠাতা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের উদ্যোগ ও সময়োপযোগী চিন্তাভাবনার প্রশংসা করেন।
উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ বিজনেস এন্ট্রারপ্রেনার ক্লাবের প্রতিষ্ঠাতা আকরাম হোসাইন। দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের প্ল্যাটফর্ম তৈরি করা এবং তাদের ব্যবসাকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের এক্সপোতে উদীয়মান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য থাকছে বিশেষ স্টল প্রদর্শনী, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) নেটওয়ার্কিং এবং ব্র্যান্ড উপস্থাপনার সুযোগ। পাশাপাশি ব্যবসার মান ও অবদানের ভিত্তিতে ২০টি পৃথক ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হবে।
আগ্রহী উদ্যোক্তারা নিজেদের অথবা পছন্দের প্রতিষ্ঠানের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন আয়োজক প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। একই ওয়েবসাইট থেকে স্টল বুকিংয়ের সুযোগও থাকছে।
আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে
কারা রয়েছেন আয়োজনে
দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাব (বিবেক)। আয়োজনে পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে রয়েছে নেলসন কলেজ লন্ডন (এনসিএল), স্ট্র্যাটেজিক পার্টনার ইউকে বাংলা মার্কেটপ্লেস (ইউবিএম), মার্কেটিং পার্টনার কারীওয়ালা মিডিয়া এবং অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজ।
লঞ্চিং অনুষ্ঠানে বক্তব্য দেন নেলসন কলেজ লন্ডনের পরিচালক নাজিম উদ্দিন, এবারের আসরের অন্যতম স্পনসর ওয়ার্ক পারমিট ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার লুৎফর রহমান এবং স্পনসর এভারার্ড কনস্ট্রাকশনের আমিরুল চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, বিবিসিএর প্রেসিডেন্ট ড. শাহানুর খান, বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ, কারী লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইউকে বিসিসিআইয়ের লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট কামরু আলী, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও কার প্লানেটের স্বত্বাধিকারী তফাজ্জল মিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী, ইউরো এশিয়া ক্যাশ অ্যান্ড কারির পরিচালক আবুল লেইছ এবং বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী।
আরও পড়ুন: সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ৩ বছরের কারাদণ্ড
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইড অব এশিয়া ও মে-ফেয়ার ভেন্যুর স্বত্বাধিকারী ওয়াজিদ হাসান সেলিম বিইএম, আরিয়ানা ব্যাংকুয়েটিংয়ের তোফায়েল আহমেদ, নিকাহ স্টুডিও অ্যান্ড ইভেন্টের শাহেদ চৌধুরী, জেএমজি কার্গোর পরিচালক মনির আহমেদ, হিল সাইড ট্রাভেল এজেন্সির পরিচালক হেলাল খান, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড কারির চেয়ারম্যান রফিক হায়দার, রুপসী রাইসের পরিচালক শুকুর খালিসদার, বিশিষ্ট ব্যবসায়ী করিম মিয়া শামীম এবং বাংলা কার্পেট অ্যান্ড ফার্নিচারের জুবায়ের কিবরিয়া।
প্রথম আসরে পাঁচ হাজারের বেশি দর্শনার্থী
লঞ্চিং অনুষ্ঠানের শুরুতে প্রথম বছরের ইউবিএম ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম আসরে পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম হয়েছিল। সেখানে বিভিন্ন পণ্যের ৫০টি স্টল ছিল। পণ্য উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক পুরস্কারও দেওয়া হয়।
প্রথম আসরের পুরস্কার বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সাকসেসফুল বিজনেস অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কারজয়ী বাংলা টাউন ক্যাশ অ্যান্ড কারির চেয়ারম্যান রফিক হায়দার, ‘কমিউনিটি চয়েজ অ্যাওয়ার্ড’ বিজয়ী গ্রিন মেন্টাল কেয়ার হোমের সিইও রোকেয়া হোসেন এবং ইকো ইনোভেশনের পরিচালক শরিফ ইসলাম। তাঁরা অনুষ্ঠানে বক্তব্যও দেন।
আরও পড়ুন: নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি: ট্রাম্পের বিপরীত অবস্থানে জেডি ভ্যান্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন