ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

লিভিং থিয়েটারের ভাষায় ‘দোজখের শেষ মেয়েটি’, মঞ্চায়ন ২৮ আগস্ট


লিভিং থিয়েটারের ভাষায় ‘দোজখের শেষ মেয়েটি’, মঞ্চায়ন ২৮ আগস্ট

প্রচলিত নাট্যরীতির বাইরে গিয়ে লিভিং থিয়েটারের নান্দনিকতা ও পরীক্ষামূলক ভাষায় নতুন প্রযোজনা নিয়ে আসছে নাট্যদল নাট্যধারা। ‘দোজখের শেষ মেয়েটি’ শিরোনামের নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষামূলক মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

লিভিং থিয়েটারের বৈশিষ্ট্য অনুসরণ করে এ নাটকে দর্শক ও মঞ্চের প্রচলিত দূরত্ব কমিয়ে নাট্যঘটনাকে আরও সরাসরি ও অনুভবনির্ভর করে তোলার চেষ্টা করা হয়েছে। শরীরী ভাষা, প্রতীকী অভিনয়, আলো-আঁধারি, শব্দ ও আবহকে নাটকের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র নাদিয়া মুরাদ। ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের এই তরুণী উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে বন্দিত্ব ও ভয়াবহ নির্যাতনের শিকার হন। পরে সেখান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার হন। তার সংগ্রাম ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের

তবে ‘দোজখের শেষ মেয়েটি’ শুধু নাদিয়া মুরাদের ব্যক্তিজীবনের গল্প নয়। যুদ্ধ, রাষ্ট্র, মৌলবাদ, বিশ্বরাজনীতি, অর্থনৈতিক স্বার্থ, জাতিসত্তার ওপর আঘাত ও মানবিক বিপর্যয়ের মতো সমকালীন নানা সংকটও উঠে এসেছে নাটকটিতে।

নাট্যধারার ভাষ্য অনুযায়ী, নাদিয়ার জীবনকাহিনিকে ব্যক্তিগত আত্মজীবনী হিসেবে নয়, বরং সময় ও ইতিহাসের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শককে শুধু গল্পের পর্যবেক্ষক না রেখে নাট্যঘটনার মধ্য দিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করাই এ প্রযোজনার অন্যতম লক্ষ্য।

নাটকের শেষাংশে দর্শকের সামনে রাখা হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—নাদিয়াই কি পৃথিবীর দৃশ্যমান ও অদৃশ্য দোজখের শেষ মেয়ে? চলমান যুদ্ধই কি পৃথিবীর শেষ যুদ্ধ? মৌলবাদের তৈরি দোজখই কি পৃথিবীর শেষ দোজখ? নাদিয়াই কি পৃথিবীর শেষ দোজখের শেষ মেয়ে? আর যুদ্ধশিশু কি পরিকল্পিত?

নাটকটি রচনা করেছেন আনিসুর রহমান এবং নাট্যনির্মাণ করেছেন আশীষ খন্দকার। অভিনয়ে রয়েছেন মো. কামাল হোসেন, ফাহমিদা রহমান তৃষা, রিয়াদ মাহমুদ, হাফসা আক্তার, মো. আব্দুল আজিজ, মো. রফিকুল ইসলাম, রহিম পারভেজ, আল হাছিবুর রহমান, জাহাঙ্গীর সিকদার, ইমতিয়াজ আহমেদ দুলু ও হাফসা মাহমুদ ঋদ্ধি।

আরও পড়ুন: টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে ১০ দিন পর আরও একটি লাশ উদ্ধার

নেপথ্যে নাট্যকার হিসেবে রয়েছেন আনিসুর রহমান। নাট্যনির্মাণের পাশাপাশি সঙ্গীত ও পোশাক পরিকল্পনায় আছেন আশীষ খন্দকার। সহযোগী নির্দেশক রিয়াদ মাহমুদ। মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন পলাশ সেন হেনরী।

নাটকটির নির্মাণে সহযোগিতা করছে বিডিজবস ডট কম ও সাইমন কালিনারী ইনস্টিটিউট।

লিভিং থিয়েটারের পরীক্ষামূলক ভাষায় নির্মিত ‘দোজখের শেষ মেয়েটি’ সমকালীন বাংলা মঞ্চনাটকে নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখন দর্শকদের অপেক্ষা ২৮ আগস্টের উদ্বোধনী মঞ্চায়নের।

আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব, ১৪৬ ফ্লাইটে ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুই দশকেরও বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে নির্মূল ঘোষণা করা প্রাণঘাতী হাম রোগটি এখন ভয়াবহভাবে পুনরুত্থিত হয়েছে। সম্প্রতি দেশজুড়ে ছড়িয়ে পড়া এই হামের সংকটে প্রথমবারের মতো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ফিলাডেলফিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির একটি গ্রামীণ এলাকায় দুই বাসিন্দা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের কেউই হামের টিকা গ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল, তবে বর্তমানে সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ২ হাজার ২৮৯ জন হামে আক্রান্ত হন, যা ১৯৯১ সালের পর এক বছরে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে ৯ হাজার ৬৪৩ জন হাম রোগী শনাক্ত হয়েছিল। তবে গত বছরের সেই রেকর্ড চলতি ২০২৬ সালের জুলাই মাসের মধ্যেই অতিক্রম করে গেছে। সিডিসির হিসাব অনুযায়ী, চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭৭৭ জন হাম আক্রান্ত রোগী নথিভুক্ত হয়েছে, যা বিগত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য ও অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, মোট আক্রান্তদের ৯৪ শতাংশ মানুষই টিকা গ্রহণ করেননি।

হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস-জাতীয় শ্বাসযন্ত্রের বিষাক্ত রোগ। ২০০০ সালে একটি সফল এবং ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। সিডিসির ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৬০-এর দশকে গণ-টিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে প্রতি বছর যুক্তরাষ্ট্রে হামের কারণে ৪০০ থেকে ৫০০ মানুষের মৃত্যু ঘটত।

সিডিসির উপদেষ্টা ড. অ্যাডাম র‌্যাটনার গত বছর খ্যাতনামা চিকিৎসা সাময়িকী 'জেএএমএ'-তে একটি সাক্ষাৎকারে এই পরিস্থিতির পেছনের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, ২০২০ সালের পর থেকে কোভিড-১৯ এর টিকা এক অবিশ্বাস্য রাজনৈতিক মেরুকরণের শিকার হয়েছে। কোভিড টিকার প্রতি জন্ম নেওয়া সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব পরবর্তীতে অন্যান্য সাধারণ টিকার ওপর প্রভাব ফেলেছে। তিনি মনে করেন, একবার মানুষের মধ্যে টিকাবিরোধী মনোভাব এবং তীব্র বিভাজন তৈরি হলে, তখন শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের টিকা-সংশয়বাদী রবার্ট এফ কেনেডি জুনিয়র হাম-হাম্পস-রুবেলা বা এমএমআর টিকার সুরক্ষার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি একই সাথে মন্তব্য করেছেন যে, টিকা নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়।

বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ ও প্রাদুর্ভাব শতভাগ প্রতিরোধ করতে হলে কোনো দেশের অন্তত ৯৫ শতাংশ জনগণের মধ্যে টিকাদানের হার বজায় রাখতে হয়। উদ্ভূত এই ভয়াবহ পরিস্থিতিতে আগামী নভেম্বর মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) আওতাধীন প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) এক বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। সাম্প্রতিক এই ব্যাপক প্রাদুর্ভাবের পর যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এখনও নিজেদের 'হামমুক্ত' দেশ হিসেবে দাবি করতে পারবে কি না, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: আরটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীন সরকারের আমন্ত্রণে সফররত মাহদী আমিন বেইজিংয়ে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাহদী আমিন উল্লেখ করেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় পৌঁছায়। বর্তমান সরকারও চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের মূল অঙ্গীকার হলো নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা। সে লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাধ্যতামূলক করার পাশাপাশি তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারে এগিয়ে রাখতে মান্দারিন (চীনা ভাষা) সহ তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।

শিক্ষাকে সার্বজনীন ও সম্পূর্ণ কর্মমুখী করার বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, চীনের শীর্ষস্থানীয় পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

চীনের বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, ‘উভয় দেশের মধ্যে নিয়মিত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় বাড়াতে হবে। একই সাথে চীনে বর্তমানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে নিবিড় সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় যৌথ আন্তর্জাতিক সেবা কেন্দ্র ‘চীন-বাংলাদেশ শিল্প ও শিক্ষা একীকরণ আন্তর্জাতিক সেবা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎বেরোবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


‎বেরোবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। 
‎
‎মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, রাসুলের (সা.) শানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
‎
‎মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তার অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।
‎
‎পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা এবং ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাদের ভাণ্ডারিয়া থানা পুলিশ পিরোজপুরের আদালতে সোপর্দ করেছে।
গত ২৪ আগস্ট র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-৮ (বরিশাল)-এর যৌথ অভিযানে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি মো. সাব্বির হাওলাদার (১৯), মো. জিহাদ হাওলাদার (৩০) ও মো. শাকিল হাওলাদার (৩৫)।
মামলা ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. ইকরামুল ইসলাম (৩৮)-এর সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র, দা ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলার সময় সাব্বির হাওলাদারের ধারালো অস্ত্রের কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ইকরামুলের নাকে লাগে। জিহাদ হাওলাদারের দায়ের কোপে তার বাম হাতের কনুই জখম হয়। শাকিল হাওলাদার লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর সাব্বির ও শাকিল ইকরামুলের ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের কানবালা নিয়ে যায়। এতে বাধা দিলে ইকরামুলের স্ত্রী বিনাবালীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা ইকরামুলকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভাণ্ডারিয়া থানার এসআই সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‍্যাবের সহায়তায় মামলার ১, ২ ও ৩ নম্বর আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ভাণ্ডারিয়ায় আনা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%