ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তুরস্কের শস্যভাণ্ডারে সিঙ্কহোলের থাবাঃ কোনিয়ায় খরায় বিপর্যস্ত


তুরস্কের শস্যভাণ্ডারে সিঙ্কহোলের থাবাঃ কোনিয়ায় খরায় বিপর্যস্ত

তুরস্কের মধ্যাঞ্চলের কোনিয়া অববাহিকা, যা দেশের অন্যতম প্রধান কৃষি অঞ্চল এবং ‘শস্যভাণ্ডার’ হিসেবে পরিচিত, বর্তমানে ভয়াবহ জলসংকট ও সিঙ্কহোলের আতঙ্কে ভুগছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে ফসলের মাঠে একের পর এক বিশাল গর্ত সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় কৃষকদের, খাদ্য উৎপাদন এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করছে।

এক ঘণ্টায় গায়েব গাজরের খেত

কোনিয়ার কারাপিনার জেলার ৪২ বছর বয়সী কৃষক লুৎফি গুলবাহার গরু ও ছাগল পালনের পাশাপাশি ১১০ একর জমিতে যব, গম ও গাজর চাষ করেন। বংশপরম্পরায় এ জমিতে চাষাবাদ করলেও সাম্প্রতিক বছরগুলোতে তাঁর জমিতে অন্তত আটটি বিশাল সিঙ্কহোল সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গর্তটি প্রায় ৫০ মিটার চওড়া ও সমান গভীর। ট্রাক্টর চালানো যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি এসব গভীর গর্তে পড়ে গবাদিপশুর প্রাণহানির আশঙ্কাও দেখা দিয়েছে।

আরও পড়ুন: ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া

লুৎফি জানান, সম্প্রতি জমির নিচের অংশে পাইপ মেরামত করতে গিয়ে মাত্র এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন সেখানে বিশাল একটি গর্ত তৈরি হয়েছে এবং তাঁর এক বোঝা গাজর নষ্ট হয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই কৃষক বলেন, "ফসলের অংশ হারানো কষ্টদায়ক, ভয়ও লাগে—কিন্তু করার কী আছে।"

বাড়ছে সিঙ্কহোল, কমছে ভূগর্ভস্থ পানি

কোনিয়া অববাহিকায় প্রাকৃতিকভাবে হাজার হাজার বছর ধরে সিঙ্কহোল তৈরি হয়ে আসছে, তবে সাম্প্রতিক সময়ে এর হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত বছরের এক সরকারি পর্যালোচনা অনুযায়ী, কোনিয়া অববাহিকায় ৬৮৪টি সিঙ্কহোল রয়েছে এবং আরেকটি গবেষণায় দেখা গেছে, প্রতি বছর নতুন করে প্রায় ২০টি গর্ত তৈরি হচ্ছে।

কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, ১৯৬০-এর দশকেও এ অঞ্চলে কূপ ছাড়াই চাষাবাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি হতো। কিন্তু জলবায়ু উষ্ণায়নের ফলে দীর্ঘমেয়াদি গড় বৃষ্টিপাত ৪০০ মিলিমিটার থেকে কমে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ২৫০ মিলিমিটারে নেমে এসেছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বৃষ্টি কম হওয়ায় কৃষকরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। আগে যেখানে ৪০ মিটার গভীর কূপে পানি পাওয়া যেত, এখন সেখানে ১১০ মিটার এবং কোথাও কোথাও ২৫০ থেকে ৩০০ মিটার গভীরেও কূপ খোঁড়া হচ্ছে। অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ভূগর্ভের কাঠামো দুর্বল হয়ে পৃষ্ঠভাগ ধসে পড়ছে। ডব্লিউডব্লিউএফের ২০১৪ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, অঞ্চলের এক লাখ কূপের মধ্যে ৬৬ হাজারই ছিল অবৈধ।

খাদ্য নিরাপত্তা ও ঐতিহ্যবাহী হ্রদের সংকট

কোনিয়া অববাহিকা তুরস্কের মোট শস্যের প্রায় এক-চতুর্থাংশ, চিনি বিটের ৩০ শতাংশ এবং গাজরের ৭০ শতাংশ উৎপাদন করে। আট কোটি ৭০ লাখ মানুষের এই দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বড় অংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। অধ্যাপক আরিকের আশঙ্কা, সংকট এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সুপেয় পানিও হুমকির মুখে পড়তে পারে।

এর প্রভাব পড়েছে পর্যটন ও প্রাকৃতিক জলাধারেও। আগ্নেয়গিরির জ্বালামুখ ঘিরে গড়ে ওঠা বিখ্যাত মেক হ্রদ এখন পুরোপুরি শুকিয়ে গেছে। আরেকটি বিখ্যাত সিঙ্কহোল হ্রদ কızওরেন গোলুর পানির স্তর ২০০৪ সালের তুলনায় প্রায় ৪০ মিটার নিচে নেমে গেছে।

আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

জলবায়ু সম্মেলনে অচলাবস্থা ও স্থানীয় বাস্তবতা

কোনিয়া থেকে প্রায় পাঁচ ঘণ্টার দূরত্বে উপকূলীয় শহর আন্তালিয়ায় প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলন চলাকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের একমাত্র নিবেদিত আলোচনা ট্র্যাক অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত মতবিরোধে মাঝপথে ভেঙে পড়ে। অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের প্রতিনিধি মেরি কসকুয়ের মতে, মাঠপর্যায়ের বাস্তবতার তুলনায় আলোচনার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক।

দেশে শস্য আবর্তন, কম পানি লাগে এমন ফসলে প্রণোদনা এবং অবৈধ কূপ বন্ধে সরকারি উদ্যোগ থাকলেও স্থানীয় পর্যায়ে নিয়ম মানার ঘাটতি ও তদারকির দুর্বলতার অভিযোগ রয়েছে। অধ্যাপক আরিকের মতে, কৃষকদের মানসিকতা বদলাতে এবং নতুন পদ্ধতি গ্রহণে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে, আর সে জন্য শিক্ষা ও সহায়তা কর্মসূচি জরুরি। অন্যদিকে লুৎফি চান তাঁর সন্তানদের কেউ একজন ভবিষ্যতে খামারটি সামলাক, তবে সেই ভবিষ্যৎ টিকিয়ে রাখতে হলে পানি ও সিঙ্কহোল সংকটের সমাধান জরুরি বলে মনে করেন তিনি। সূত্র: দি ইন্ডিপেনডেন্ট।

আরও পড়ুন: কুয়েতে বাস করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন যেসব অভিবাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায়
কুলাউড়া উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজন এবং বাস্তবায়নে কুলাউড়া উপজেলা ৫০ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।


অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সপ্তাহের প্রতি শনিবার স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে তিনি নিজেদের বাসা বাড়িও পরিচ্ছন্ন রাখার গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডা. আবু বকর মো. নাসের রাশু, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত।

এ ছাড়া পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হিরন্দ চন্দ্র পাল, কুলাউড়া পৌরসভার কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে কোরআনের সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


রাউজানে কোরআনের সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রাউজান আমিরহাট বাজারস্থ আস-সুফফাহ্ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার উদ্যোগে হযরত সিদ্দিকে আকবর (রাঃ)'র ফাতেহা উপলক্ষে পবিত্র কোরআনের সবক ও দস্তারবন্দী ফজিলত অনুষ্ঠান আজ শনিবার দুপুরে মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরহাট কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়ের মাওলানা তাজ মুহাম্মদ রেজভী। ইংরেজি শিক্ষক মোহাম্মদ আজমীর অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ মাসুদ রেজা কাদেরী শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত এয়াছিনশাহ( রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা বাহাউদ্দিন মোঃ ওমর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ- সভাপতি সৈয়্য মুঃ আলী আকবর তৈয়বি, ধর্মানূরাগী মোঃ সুজো আকবর, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা সৈয়দ মুঃ লুৎফুর রহমান, কিউসি গ্রুপের সহকারী ম্যানেজার মোহাম্মদ করিম উদ্দিন, পূর্বগুজরা মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি মোদার্রিছ মাওলানা ছালামত রেযা কাদেরী, সমাজকর্মি প্রকৌশলী মোঃ ইলিয়াছ, সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন এবং হাফেজ মাওলানা সালাউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্জ মাওলানা সোলাইমান চৌঃ মাইজভান্ডারি, মাওলানা হাফেজ মুহাম্মাদ মহিউদ্দিন কাদেরি, মোহাম্মদ তাজুল ইসলাম আসিফ, মোহাম্মদ সালেহিন, মোহাম্মদ জাবেদ রাব্বি, মাওলানা রাশেদ রেজা কাদেরী এবং মাওলানা জোনায়েদ কাদেরী।

অত্র প্রতিষ্ঠানের আরবি শিক্ষক হাফেজ মোহাম্মদ সাকিব রেজা কাদেরী, হাফেজ মোহাম্মদ জোনায়েদ, সমাজকর্মি মোঃ জাবেদ, মোঃ সোহেল, মোঃ জোবায়ের, প্রবাসী মোঃ হেলাল এবং মোঃ আবু তৈয়ব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রদের পরিবেশনায় পবিত্র খতমে কুরআন ও নাতে মুস্তাফা অনুষ্ঠিত হয়। এরপর অতিথিদের বক্তব্য, ৬ জন নতুন শিক্ষার্থীকে পবিত্র কোরআনে পাকের সবক ও ফুলের মালা প্রদান করা হয়। পাগড়ী প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান, তার বাবাকে ফুল দিয়ে বরণ করা হয়। সর্বশেষ মিলাদ-ক্বিয়াম আখেরি মোনাজাত ও তাবাররুক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাঁকা ধান ও ইটভাটার ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


রাজশাহীর গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাঁকা ধান ও ইটভাটার ব্যাপক ক্ষতি

রাজশাহীর গোদাগাড়ীতে টানা ২ দিনের বৃষ্টির কারণে কৃষক ও ইটভাটার মালিকেরা বিপদে পড়েছেন। বৃষ্টির পানিতে কাটা ও পালা করা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টির ফলে উপজেলার ইটভাটায় কয়েক লাখ টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিভিন্ন সবজি খেতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও, মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। অনেক কৃষক ধান কাটা শুরু করলেও, বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা ধান কাটতে পারছেন না। সব মিলিয়ে, গোদাগাড়ীর কৃষি ও ইটশিল্পে বৃষ্টির প্রভাবে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

গত দুই দিন ধরে গোদাগাড়ী উপজেলাজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির ফলে নিচু জমি ও সবজি খেতে পানি জমতে শুরু করেছে। এতে শীতকালীন সবজি চাষ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও মরিচসহ বিভিন্ন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকী ধান কেটে পাড়নে ভিজে গেছে, জামিতে পাকা ধান পড়ে গেছে, বৃষ্টিতে ক্ষতি হচ্ছে।

এ বছর উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ৭৫, ৮৭, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা।

উপজেলার আমতলি গ্রামের কৃষক আব্দুল মামুন বলেন, ‘৫ বিঘা জমির ধান তোলা হয়েছে, প্রায় ৬ বিঘা কাটা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’ আল্লাহর উপর কারো হাত নেই। তিনি যা করবেন, তা মেনে নিতে হবে।

মাটিকাটা ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকার কৃষক অতিউর রহমান আতি জানান, তিন বিঘা জমির ধান কেঁটে শুকানোর জন্য রাখা ছিল, সব ধান ভিজে গেছে। জমিতে পানি জমেছে। আইলগুলি পানি নিস্কাশনের জন্য কেঁটে দিচ্ছি। কাটা ধান ও পাকা ধান নিয়ে খুবই সমস্যায় আছি।

উপজেলার শিবসাগর গ্রামের সবজি চাষি আব্দুল কুদ্দুস বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে সবজি গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কষ্ট ও খরচ করে সবজি চাষ করেছি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। পানি দ্রুত না নামলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হবে।’

অন্যদিকে, বৃষ্টির প্রভাবে উপজেলার ইটভাটা গুলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক ইট পানিতে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে তৈরি ও আধা তৈরি কাঁচা ইট। পাশাপাশি ইট শুকানো, পোড়ানো ও পরিবহনের কাজেও বিঘ্ন ঘটছে। এতে ইটভাটাগুলোতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইটভাটার মালিকগণ বলেন, ‘টানা বৃষ্টিতে ইটভাটার কাজে সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে কাঁচা ইট ভিজে নষ্ট হচ্ছে। ইট শুকানো ও উৎপাদনের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে ইটভাটার মালিকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি শ্রমিকদের কাজের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে।’

এদিকে, আমন ধান ঘরে তোলার মৌসুমে বৃষ্টি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকদের। অনেক কৃষক ইতিমধ্যে পাকা ধান কাটা শুরু করেছেন। তবে এখনো বহু কৃষকের পাঁকা আমন ধান মাঠে রয়েছে। টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে পারছেন না তাঁরা। বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান নষ্ট হওয়া, ধানের মান কমে যাওয়া এবং ফসল ঘরে তুলতে অতিরিক্ত খরচের আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়মকে আহম্মেদ বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি খেতে পানি জমলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ অবস্থায় কৃষকদের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খেতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টি কমার পর ফসলের অবস্থা বুঝে প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।’

টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল, কাঁচা সড়ক ও বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগও বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে কৃষি ও ইটশিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। দ্রুত বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হওয়া এবং মাঠের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ার স্বপ্ন পুরণে আমলাতান্ত্রিক বাঁধা, ঝিনাইদহে শত কোটি টাকার সরকারী প্রকল্পের বেহাল দশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


জিয়ার স্বপ্ন পুরণে আমলাতান্ত্রিক বাঁধা, ঝিনাইদহে শত কোটি টাকার সরকারী প্রকল্পের বেহাল দশা

ঝিনাইদহ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত জনপদ হিসেবে পরিচিত, যেখানে শিক্ষার প্রসার, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এক’শ কোটি টাকা ব্যয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চারদলীয় জোট সরকারের সময় তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন। কিন্তু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও রাজনৈতিক বঞ্চনার কারণে এসব প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। কিছু প্রকল্প চালু হলেও জনবলের অভাবে সেবা পাচ্ছে না জনগণ। আবার কিছু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার ৯ মাস পার হলেও এসব প্রকল্প চালুর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে আমলাতান্ত্রিক বাঁধা সৃষ্টি হয়েছে।

তথ্য অনুযায়ী, ঝিনাইদহের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমানের উন্নয়নের কথা চিন্তা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমান ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। দীর্ঘ ১৩ বছর ঝুলে থাকার পর প্রায় ৬ কোটি টাকার ঝিনাইদহ ট্রমা হাসপাতাল প্রকল্পটি বাতিল করা হয়, যা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জীবন বাঁচাতে অত্যন্ত জরুরি ছিল। ২০০৮ সালে গ্যাস লাইন নির্মাণের পর গ্যাস সরবরাহ করা হলেও তা পড়ে আছে। ১৮ বছরেও শিল্প বা আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঝিনাইদহ খাবার স্যালাইন ফ্যাক্টরি প্রকল্প এবং সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট প্রকল্প বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ ম্যাটস, চক্ষু হাসপাতাল, দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি, হরিণাকুন্ডুর বিএসসি নার্সিং ট্রেনিং কেন্দ্র, ঝিনাইদহ নার্সিং ট্রেনিং সেন্টার এবং পরিবার পরিকল্পনা বিভাগ জনবলের অভাবে দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিশেষ করে ম্যাটসে কোনো জনবল না থাকায় যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। বেগম খালেদা জিয়া ঝিনাইদহ চক্ষু হাসপাতালকে সরকারি করার ঘোষণা এবং একটি অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর এই প্রতিশ্রুতি পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি।

এদিকে শৈলকুপার দুধসর, কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা এবং কালীগঞ্জ পৌরসভা এলাকায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হলেও বিগত আট বছর ধরে সেগুলো চালু হয়নি। কোটি টাকা খরচে সুদৃশ্য ভবন, দামি আসবাবপত্র ও আধুনিক যন্ত্রপাতি বসানো থাকলেও কেবল জনবলের অভাবে সেবা কেন্দ্রগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঠিক একইভাবে জেলা সদরের হাটগোপালপুর ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ করা হলেও আলোর মুখ দেখেনি সেই প্রকল্প।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের ১৫৫ পদের নিয়োগ বছরের পর বছর ঝুলে রয়েছে। বরাদ্দ না দেওয়ায় মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিক্ষা ক্ষেত্রেও অবহেলার ছোঁয়া লেগেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণকৃত সরকারি কেসি কলেজের ছাত্রবাসটি প্রায় ১৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছেন। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে জেলার গ্রামীণ সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে, যদিও ঝিনাইদহের বিভিন্ন রাস্তাঘাট বৃহত্তর যশোর প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু একনেকে পাস না হওয়ায় কাজ শুরু হচ্ছে না।

ঝিনাইদহের সচেতন নাগরিক সিরাজুল হক মন্তব্য করেছেন, জেলার তিন কৃতি সন্তান আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাঁদের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে গৃহীত প্রকল্পগুলো যাতে আলোর মুখ দেখে সেই উদ্যোগ গ্রহণ করা। বাতিল হওয়া খাবার স্যালাইন ফ্যাক্টরি, ট্রমা হাসপাতাল ও করোনারি কেয়ার প্রকল্প যাতে পুনরায় চালু হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান জানিয়েছেন, এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানে বর্তমান সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধনকৃত প্রতিষ্ঠানগুলো যাতে প্রাণ ফিরে পায় সে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%