০৯:৫৫ পি.এম
নীলফামারী জেলার ডিমলায় বিএসটিআই বিভাগের রংপুর কার্যালয় এবং ডিমলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অভিযানে ওজনে কম দেওয়ার এবং বিএসটিআইয়ের ভুয়া সনদ দাবি করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলা সদরের ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার জ্বালানি তেল কম পরিমাপে সরবরাহ করছিল। এই অপরাধের জন্য ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ
অন্যদিকে, বামুনিয়া ডোমার রোডে অবস্থিত ‘আদিল অটো মুড়ির মিল’ তাদের উৎপাদিত মুড়ির পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করেছে। এই অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রওশন কবির। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন