১০:২২ পি.এম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরসংলগ্ন পদ্মা নদীতে আধিপত্য বিস্তার নিয়ে জলদস্যুদের মধ্যে বিরোধের কারণে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেগুলো মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের মতে, এই ঘটনার পেছনে জলদস্যুদের দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে।
রোববার দুপুরে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়া ও মাধবপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বাহাদুরপুর ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মায় জলদস্যুদের চারটি স্পিডবোট চলাচল করতে দেখা যায়। এক পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে এক পক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে।
আরও পড়ুন: খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৬ এর প্রস্তুতি
ঘটনার সময় নদীর তীরবর্তী পানবরজে কাজ করা কৃষকরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তারা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ এ বিষয়ে বলেন, "ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের আওতাভুক্ত হওয়ায়, তারা এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন