০৭:২১ পি.এম
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহ শেষ হলেও প্রান্তিক কৃষকদের জন্য কোনো বাস্তবসম্মত ও সরাসরি অর্থায়নের নিশ্চয়তা আসেনি। এর প্রতিবাদে এবং কৃষকের মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি ও শর্তহীন অনুদানের দাবিতে খুলনায় দলিত কৃষক ও নারীদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী ‘খালি থালা’ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি এলাকায় এই কর্মসূচিটি পালিত হয়। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হয়।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং স্থানীয় উন্নয়ন সংগঠন ‘ধ্রুব-খুলনা’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন: কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক ও দলিত কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও বৈশ্বিক জলবায়ু সম্মেলনগুলোতে তাদের ন্যায্য অধিকার উপেক্ষিত থেকে যাচ্ছে। কপ৩১-এর প্রথম সপ্তাহের আলোচনায় কৃষকের সুরক্ষায় সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখা যায়নি।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী বলেন, “কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই জ্বালানি ও কৃষি ব্যবস্থার ন্যায্য রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ কোনোভাবেই ঋণ হিসেবে দরিদ্র কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। আমরা উন্নত বিশ্বের কাছে শর্তহীন সরাসরি অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানাই।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধ্রুব সংস্থার কর্মকর্তা আলো দে, শিক্ষিকা সোমা আইচ, এনজিও কর্মকর্তা বাসুদেব দাস, ঝর্ণা সরকার এবং সাংবাদিক বাহার উদ্দিন। এছাড়াও স্থানীয় দলিত সম্প্রদায়ের বিপুল সংখ্যক কৃষক ও নারী-পুরুষ খালি থালা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
সমাবেশ থেকে অবিলম্বে কৃষিবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরাসরি ভর্তুকি প্রদান এবং জলবায়ু তহবিলের অর্থ প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: নাগেশ্বরীতে নামাজ পড়ার সুযোগে দোকানের টাকার ড্রয়ারের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন