ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান


বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জোবায়দা রহমান বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং দূষণকে সমাধানে রূপান্তরিত করতে হবে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে পরিণত করতে হবে।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বক্তব্য রাখেন। গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা তুলে ধরেন জোবায়দা রহমান।

তিনি বক্তব্যে জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন: হুমায়ুন কবির

জোবায়দা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে জোরালোভাবে স্বাগত জানায় ও সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এটি বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর কৌশল অনুসরণ করা হচ্ছে। এর আওতায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও জোরদার করা হয়েছে।

ঢাকায় বড় পরিসরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষাই সরকারের লক্ষ্য।

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে জোবায়দা রহমান বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ পাটের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে বাংলাদেশ। এ সময় সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দেশের লেক, খাল, পুকুর ও জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম অব্যাহত থাকার কথা জানান।

মিথেন নিঃসরণ কমানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জিরো ওয়েস্ট লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে জোবায়দা রহমান বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তরুণ প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার আন্দোলনে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমানের সমস্যা সমাধানেরও অংশীদার।

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জোবায়দা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি। শেষে বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল

আন্তালিয়া, ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সবুজ শিল্পবিষয়ক এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান।

অধিবেশনে ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হলেও ইতোমধ্যে প্রমাণ করেছে যে সবুজ শিল্পায়ন সম্ভব।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২৯০টির বেশি ‘লিড’ সনদপ্রাপ্ত কারখানা রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ১২০টিরও বেশি কারখানা প্লাটিনাম রেটিং পেয়েছে।

ড. সাইমুম পারভেজ জানান, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টি সবুজ কারখানার অর্ধেকেরও বেশি বাংলাদেশে অবস্থিত। এমনকি বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া সনদপ্রাপ্ত পোশাক কারখানাটিও বাংলাদেশে রয়েছে। দেশের শিল্পকারখানাগুলোতে ইতোমধ্যে ৬০০ মেগাওয়াটের বেশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা তৈরি করা হয়েছে, যার অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র কারখানায় স্থাপিত।

তিনি বলেন, ‘একটি স্বল্পোন্নত দেশ, সেই দেশের উদ্যোক্তা এবং চার লাখ শ্রমিক- যাদের অধিকাংশই নারী, এসব অর্জন সম্ভব করেছেন। এটি প্রমাণ করে যে সবুজ শিল্পায়ন শুধু ধনী দেশগুলোর জন্য কোনো বিশেষ সুযোগ নয়।’

সরকার এই ভিত্তির ওপর দাঁড়িয়ে নবায়নযোগ্য জ্বালানি কৌশল বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলের আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সরকার সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর শুল্ক ও কর প্রত্যাহার করেছে, স্বল্পমূল্যে অর্থায়নের ব্যবস্থা করেছে এবং ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ জাতীয় কার্বন বাজার গড়ে তুলছে, ২৫ কোটি বৃক্ষ রোপন করছে এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

তৈরি পোশাক বাংলাদেশের প্রবৃদ্ধির প্রথম সাফল্য উল্লেখ করে সাইমুম বলেন, ‘পাট থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সবুজ শিল্প আমাদের পরবর্তী প্রবৃদ্ধির গল্প তৈরি করবে।’

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে উচ্চ পরিবেশগত মান বজায় রাখা কারখানাগুলোকে ন্যায্য মূল্য ও স্থিতিশীল ক্রয়াদেশ দিতে হবে। এভাবে সবুজ রূপান্তরের ব্যয় ভাগ তাদেরও নিতে হবে।

উন্নত দেশগুলোর বাজারে নতুন পরিবেশগত মানদণ্ড চালুর ক্ষেত্রে পর্যাপ্ত সময় ও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘যাতে এসব মানদণ্ড উন্নয়নশীল দেশগুলোর জন্য বাধা না হয়ে নতুন সুযোগ সৃষ্টি করে।’ ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অর্ধশতাংশেরও কম। তা সত্ত্বেও বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এই উদ্যোগে বিনিয়োগ করুন। কর্মসংস্থান, মর্যাদা ও প্রবৃদ্ধিনির্ভর সবুজ শিল্পের ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ আপনাদের প্রস্তুত অংশীদার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেলের নাশতায় ৪ খাবার খেলে বাড়তে পারে ওজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ এম


বিকেলের নাশতায় ৪ খাবার খেলে বাড়তে পারে ওজন

সকাল ও দুপুরের খাবারের পর বিকেলে কিছু হালকা খাবার খাওয়ার অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়। বিশেষ করে চা বা কফির সঙ্গে নাশতা না হলে বিকেল যেন অসম্পূর্ণ মনে হয়। তবে বিকেলের নাশতায় আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, তা আপনার ওজন বাড়া বা কমার ওপর প্রভাব ফেলতে পারে। কিছু খাবার নিয়মিতভাবে বেশি পরিমাণে খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে যেতে পারে, যা ধীরে ধীরে ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

জেনে নেওয়া যাক বিকেলের নাশতায় কোন ৪ ধরনের খাবার খেলে ওজন বাড়তে পারে।

১. সিঙাড়া ও সমুচা: বিকেলের চায়ের সঙ্গে সিঙাড়া বা সমুচা অনেকের কাছে প্রিয় খাবার। কিন্তু ময়দা, আলু এবং তেলে ভাজার কারণে এসব খাবারে ক্যালরি ও চর্বির পরিমাণ বেশি হয়ে থাকে। নিয়মিত একাধিক সিঙাড়া বা সমুচা খেলে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি গ্রহণের সম্ভাবনা থাকে।

২. কেক ও পেস্ট্রি: কেক ও পেস্ট্রিতে সাধারণত ময়দা, চিনি, মাখন বা ক্রিম ব্যবহার করা হয়। এসব উপাদান খাবারকে ক্যালরিসমৃদ্ধ করে তোলে। প্রতিদিন বিকেলের নাশতায় কেক বা পেস্ট্রি খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

৩. পটেটো চিপস: চিপস খেতে সুস্বাদু হলেও এতে ক্যালরি, চর্বি ও লবণের পরিমাণ বেশি থাকতে পারে। প্যাকেট থেকে চিপস খেতে শুরু করলে অনেক সময় অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলা হয়। ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে যেতে পারে।

৪. চিনি দেওয়া চা ও বিস্কুট: বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু চায়ে অতিরিক্ত চিনি এবং বিস্কুটে ময়দা, চিনি ও চর্বি থাকলে একসঙ্গে ক্যালরি গ্রহণ বেড়ে যায়। নিয়মিত বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে।

ওজন নিয়ন্ত্রণে বিকেলে কী খাবেন?

বিকেলের নাশতা বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং স্বাস্থ্যকর ও পরিমিত খাবার বেছে নেওয়া উচিত। যেমন—
- একটি সেদ্ধ ডিম।
- পেয়ারা, আপেল বা পেঁপের মতো মৌসুমি ফল।
- অল্প পরিমাণে বাদাম।
- সেদ্ধ ছোলা বা মুগডাল।
- চিনি ছাড়া টক দই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আমবাগানে মসলা চাষে কৃষকদের দ্বিগুণ লাভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ এম


রাজশাহীতে আমবাগানে মসলা চাষে কৃষকদের দ্বিগুণ লাভ

রাজশাহীর কৃষকরা আম-লিচুর অনাবাদি পড়ে থাকা বাগান এবং তুলার জমিতে সাথি ফসল হিসেবে আদা-হলুদসহ বিভিন্ন ধরনের মসলা চাষে আগ্রহী হচ্ছেন। একই জমিতে একসঙ্গে দুই ফসল আবাদ করার ফলে খরচ কমিয়ে দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হচ্ছে, যা এই সমন্বিত চাষ পদ্ধতিকে জনপ্রিয় করে তুলছে।

কৃষি বিভাগের সূত্রে জানা যায়, মসলার আমদানিনির্ভরতা কমানোর উদ্দেশ্যে এবং অনাবাদি জমির ব্যবহার বৃদ্ধির জন্য রাজশাহীর বাগানগুলোতে বাণিজ্যিকভাবে মসলা চাষ সম্প্রসারণে জোর দেয়া হয়েছে। সম্প্রতি কৃষিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করেছেন।

চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের কৃষক জানামুল মন্ডল জানিয়েছেন, চার বছর আগে এক বিঘা জমিতে তুলার সাথে হলুদ চাষ করে তিনি ১৪ মণ তুলা এবং ৮০ মণ হলুদ পেয়েছিলেন। ফলন এবং লাভ সন্তোষজনক হওয়ায় প্রতিবছর তিনি তার আবাদি জমির পরিধি বাড়াচ্ছেন। এবারে তিনি সাত বিঘা জমিতে একসঙ্গে দুই ফসলের আবাদ করেছেন। তুলার সাথে হলুদ কিংবা আদা চাষ করলে সার, কীটনাশক ও সেচের খরচ অনেক কমে যায়। ফলে তুলনামূলকভাবে কম খরচে দ্বিগুণ মুনাফা অর্জন সম্ভব হচ্ছে।

রাজশাহী তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, "সাধারণত এককভাবে তুলা চাষ করলে বছরে সাত থেকে আটবার কীটনাশক দিতে হয়। তবে তুলার সাথে হলুদ থাকলে চারবার স্প্রে করলেই চলে। তুলার জন্য ব্যবহৃত সারেই হলুদের পুষ্টি নিশ্চিত হয়, আলাদা সার ব্যবহারের প্রয়োজন পড়ে না। একক চাষে একটি গাছ থেকে প্রায় চারশ গ্রাম হলুদ মিললেও তুলার সাথি ফসল হিসেবে আবাদ করলে গাছপ্রতি এক কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়।"

তিনি আরও জানান, দেশের চাহিদার প্রায় ৯৭ ভাগ তুলাই আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে কৃষকদের প্রদর্শনী প্লট ও কারিগরি সহায়তা দিয়ে হলুদ ও আদা চাষে উৎসাহিত করা হচ্ছে।

এদিকে, পবা উপজেলার কশবা এলাকার কৃষক নাজমুল করিম জানান, তিনি প্রথমবারের মতো লিচু বাগানের ছায়াযুক্ত স্থানে ৭০০ বস্তায় আদা লাগিয়েছেন। তার মতো জেলার বহু কৃষক আম ও লিচু বাগানের ছায়াযুক্ত পতিত জমিতে বস্তায় আদা চাষ করছেন।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর মাটি সরাসরি আদা চাষের উপযোগী না হওয়ায় মাটি, বালু, জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় আদা রোপণ করা হচ্ছে। প্রতি বস্তায় ৬০ থেকে ৭০ টাকা খরচ হলেও বর্তমান বাজারদরে উৎপাদন ব্যয়ের চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "দেশে বছরে শুধু আদাই আমদানি করতে হয় প্রায় দেড় লাখ টন। মসলার আমদানিনির্ভরতা কমানো সরকারের অন্যতম লক্ষ্য। তাই রাজশাহীর ফলবাগান ও পতিত জমিতে সাথি ফসল হিসেবে আদা ও অন্যান্য মসলা চাষ বাড়াতে বহুমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে।"

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩ লাখ ৭৭ হাজার বস্তায় আদা, ২ হাজার ১১৮ হেক্টর জমিতে হলুদ এবং ১৯০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের দৃষ্টিভঙ্গিতে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের শরয়ি বিধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


ইসলামের দৃষ্টিভঙ্গিতে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণের শরয়ি বিধান

জড় ও জীবসহ সকল কিছু মহান আল্লাহর সৃষ্টি। পবিত্র কুরআনে তিনি ঘোষণা করেছেন যে, ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর রিজিক বা জীবিকার দায়িত্ব তাঁর ওপর। ইসলামি আকিদা অনুযায়ী, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তবে শরিয়ত বাস্তবসম্মত ও চিকিৎসাগত প্রয়োজনকে সম্পূর্ণ উপেক্ষা করে না। পরিস্থিতি ও প্রয়োজনীয়তার তারতম্য অনুযায়ী জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে শরিয়তের বিধান ভিন্ন হয়ে থাকে।

১. জন্মনিয়ন্ত্রণের তিন পদ্ধতি ও শরিয়তসম্মত বিধান

মৌলিকভাবে জন্মনিয়ন্ত্রণ বা প্রজনন নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি রয়েছে। ক্ষেত্রবিশেষে এগুলোর বিধানও ভিন্ন হয়—

ক. স্থায়ী পদ্ধতি (চিরতরে প্রজনন ক্ষমতা নষ্ট করা)

পুরুষের ভ্যাসেকটমি (Vasectomy) বা নারীর লাইগেশনের (Tubal ligation) মতো স্থায়ী পদ্ধতির মাধ্যমে বংশবিস্তারের ক্ষমতা চিরতরে নষ্ট করা সাধারণ অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। কারণ এর মাধ্যমে আল্লাহর স্বাভাবিক সৃষ্টির পরিবর্তন ঘটানো হয়।

ব্যতিক্রমী বিধান: তবে নির্ভরযোগ্য ও দ্বীনদার চিকিৎসকদের সুনির্দিষ্ট পরামর্শ অনুযায়ী যদি গর্ভধারণের কারণে মায়ের জীবননাশের চরম ঝুঁকি বা দুরারোগ্য ব্যাধির আশঙ্কা থাকে, কেবল তবেই জীবন রক্ষার্থে এটি গ্রহণের অবকাশ রয়েছে।

খ. অস্থায়ী পদ্ধতি (সাময়িক বিরতি)

কনডম ব্যবহার, পিল সেবন কিংবা প্রাকৃতিক নিয়মের মতো যেসব পদ্ধতিতে প্রজনন ক্ষমতা চিরতরে নষ্ট হয় না, সেগুলোর ব্যবহার সুনির্দিষ্ট কিছু শর্তে বৈধ। রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিগণের যুগে ব্যবহৃত ‘আজল’ (যৌন মিলনের সময় বীর্য বাইরে ফেলা)-এর হাদিসকে ভিত্তি করে আলেমগণ এর বৈধতার কথা বলেছেন। শর্তগুলো হলো—

তবে মনে রাখতে হবে, দরিদ্রতা বা ভবিষ্যৎ রিজিকের ভয়ে জন্মনিয়ন্ত্রণ করা নিষিদ্ধ, কারণ রিজিকদাতা আল্লাহ। এছাড়া এ ধরনের সিদ্ধান্ত এককভাবে নেওয়া যায় না; স্বামী ও স্ত্রী উভয়ের পারস্পরিক সম্মতি অপরিহার্য।

গ. গর্ভপাত ঘটানোর বিধান

গর্ভধারণের পর তা নষ্ট করা বা গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে সময়ের পরিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ—

চার মাসের কম সময়: গর্ভধারণের ফলে মায়ের জীবন বা স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে এবং ভ্রূণে প্রাণ সঞ্চার হওয়ার আগে (সাধারণত প্রথম ৪ মাসের মধ্যে) শরয়ি প্রয়োজনে গর্ভপাত করার অবকাশ রয়েছে।

চার মাস বা তদূর্ধ্ব সময়: ভ্রূণে প্রাণ সঞ্চারিত হওয়ার পর (৪ মাস অতিক্রান্ত হলে) কোনো অবস্থাতেই গর্ভপাত করা জায়েজ নয়; এটি সম্পূর্ণ হারাম।

২. কুরআন ও হাদিসের আলোকে রিজিক ও প্রাসঙ্গিক নির্দেশনা

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মানুষের রিজিকের নিশ্চয়তা দিয়ে ইরশাদ করেন—

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا

‘পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরই ন্যস্ত।’ (সুরা হুদ: আয়াত ৬)

হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার অফুরন্ত ভাণ্ডারের এক চমৎকার রূপক তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ.

‘হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষ এবং সমস্ত জিন একত্রে একটি ময়দানে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করে আর আমি প্রত্যেককে তার প্রার্থনা অনুযায়ী দান করি, তবে আমার কাছে যা আছে তা কেবল এতটুকুই হ্রাস পাবে, যেমন সুঁই সমুদ্রে ডুবিয়ে তুলে নিলে সমুদ্রের পানি হ্রাস পায়।’ (মুসলিম ২৫৭৭)

৩. রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ও প্রচারণার দৃষ্টিভঙ্গি

ইসলামে ব্যক্তিগত বা চিকিৎসাগত প্রয়োজনে অস্থায়ী পদ্ধতি গ্রহণের অবকাশ থাকলেও, কোনো রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের সন্তান জন্মদানের স্বাধীনতায় সাধারণ হস্তক্ষেপ বা বাধ্যতামূলক আইন প্রণয়ন করা এবং এর ব্যাপক প্রচার-প্রচারণা চালানো ইসলামসম্মত নয়। ব্যক্তিবিশেষের একান্ত বাধ্যবাধকতা ও পারিবারিক প্রয়োজনের পরিধি এর বাইরে থাকবে।

সংক্ষেপে বলা যায়, ইসলামে জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা কোনো উৎসাহিত বিষয় নয়, বরং এটি বিশেষ কিছু পরিস্থিতিতে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য একটি অবকাশ মাত্র। স্থায়ীভাবে প্রজনন ক্ষমতা নষ্ট করা বা বিনা কারণে জন্মনিয়ন্ত্রণ করা নিষিদ্ধ হলেও মা বা সন্তানের স্বাস্থ্য সুরক্ষা এবং সন্তানদের সঠিক লালন-পালনের স্বার্থে পারস্পরিক সম্মতিতে অস্থায়ী পদ্ধতি অবলম্বনের অনুমোদন রয়েছে। ইসলাম সর্বদা ভারসাম্য, মধ্যমপন্থা এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করার শিক্ষা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%