০৬:০৪ পি.এম
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন যে, অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে নিজ দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি মন্তব্য করেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বাস করুক না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একইসঙ্গে, যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করা জরুরি।
শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
জামায়াত আমির উল্লেখ করেন, প্রবাসীদের নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না; বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। সেইসাথে, দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।
সভায় জামায়াত আমিরের সফরসঙ্গী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন