ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ভিডিও কলে প্রেমিকার সামনে আত্মহত্যা, জিৎ বিশ্বাসের মৃত্যুর পর প্রেমিকা পূজা মণ্ডলও জীবন দিলেন


ভিডিও কলে প্রেমিকার সামনে আত্মহত্যা, জিৎ বিশ্বাসের মৃত্যুর পর প্রেমিকা পূজা মণ্ডলও জীবন দিলেন

পশ্চিমবঙ্গের অশোকনগরে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় ১৮ বছর বয়সী এক কিশোর আত্মহত্যার অভিযোগ উঠেছে। প্রেমিকের এই মর্মান্তিক পরিণতি দেখে ওই কিশোরীও একই পথ বেছে নেন।

নিহত জিৎ বিশ্বাস এবং পূজা মণ্ডল দুজনের বয়স প্রায় ১৮ বছর। তারা উত্তর ২৪ পরগনার অশোকনগরের সেনডাঙ্গা চতুর্দশপল্লী হাই স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই এলাকায় তাদের বসবাস ছিল এবং তারা একসাথে প্রাইভেট পড়তেন। প্রতিবেশীদের ধারণা, তাদের সম্পর্কের বিরোধিতা করার কারণে তারা এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে মেয়েটির পরিবার দাবি করেছে, মৃত্যুর পর তারা জিতের সঙ্গে পূজার সম্পর্কের কথা জানতে পেরেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, পূজার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় জিৎ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। প্রেমিকের এই দৃশ্য দেখে পূজাও নিজের ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পূজার পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন: নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিতেন নেতানিয়াহু, আত্মকথায় লিখলেন বাইডেন

পূজার বড় ভাই দীপু জানান, তার মোবাইলে তখনও হোয়াটসঅ্যাপ ভিডিও কলটি চালু ছিল এবং স্ক্রিনে তারা ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখনই তারা বুঝতে পারেন যে পূজা যে ছেলেটিকে ভালোবাসত, সেও আত্মহত্যা করেছে।

বারাসাত জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খবর পেয়ে অশোকনগর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই দুই শিক্ষার্থীর সহপাঠীরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক সহপাঠী বলেন, তারা একই স্কুলে পড়ত, একসাথে প্রাইভেট পড়তে যেত এবং নিয়মিত একসাথে যাতায়াত করত।

পূজার এক বান্ধবী বলেন, "আমি শুনেছিলাম জিতের পরিবার তাদের এই সম্পর্কের বিরুদ্ধে ছিল, তবে তারা এ নিয়ে মানসিক চাপে ছিল কি না তা বলতে পারব না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই মনে হতো।"

আরও পড়ুন: আগামী সপ্তাহে বার্লিনে ইউক্রেনের মিত্রদের বৈঠক

অন্যদিকে, পূজার মা ফুল্লরেশ্বরী দাবি করেছেন, জিতের সঙ্গে তার মেয়ের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি বলেন, "সামনেই আমার মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বিয়ের কথা উঠলে ও বলত আগে পড়াশোনা শেষ করতে চায়। ও নিজের পছন্দে কাউকে বিয়ে করলে আমাদের কোনো আপত্তি থাকত না। কেন ও এমন পদক্ষেপ নিল, তা আমি কিছুতেই বুঝতে পারছি না।"

পূজার ভাই দীপু আরও জানান, ঘটনাটি তাদের কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত; কারণ পূজা বরাবরই বেশ হাসিখুশি ছিল এবং সম্প্রতি একাই পুরো ভাইফোঁটার আয়োজন সামলেছিল। এ বিষয়ে জিতের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশের বেশি দেখানো হয়েছে: তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশের বেশি দেখানো হয়েছে: তিতুমীর

রাজনৈতিক উদ্দেশ্যে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার জন্য অতীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যানকে বাড়িয়ে দেখানোর অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিবিএসের জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহারযোগ্যতা এবং উপাত্তের সহজলভ্যতা নিশ্চিত করতে গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। কমিটির আরেক সদস্য বিআইডিএসের গবেষণা পরিচালক ড. আতনু রব্বানী।

কমিটির পর্যালোচনা প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে। অর্থাৎ দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১.১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে এ তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে জিডিপি প্রবৃদ্ধির এ বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্প থেকে। এ খাতের অবদান ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। প্রথম মেয়াদে উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ৯.৭৬ শতাংশ। দ্বিতীয় মেয়াদে সেটি বেড়ে দাঁড়ায় ১২.১১ শতাংশে।

উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বৃদ্ধিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান ছিল সবচেয়ে বেশি। কমিটির হিসাব অনুযায়ী, এ শ্রেণির শিল্পের অবদান ছিল প্রায় ৭৯ শতাংশ বা ০.৩৬৬৬ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে জিডিপিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অংশ ১৫.১৬ শতাংশ থেকে বেড়ে ১৮.২৫ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধি ৬.৮৫ শতাংশ থেকে বেড়ে ৯.৫২ শতাংশ হলেও সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে তাদের অবদান তুলনামূলক কম।

পোশাক খাতের প্রবৃদ্ধি কমলেও অন্য শিল্পে বড় উল্লম্ফন ঘটেছে। প্রতিবেদনে শিল্প উৎপাদনের বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি ও শিল্প অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধির সঙ্গে অন্যান্য শিল্প উপখাতের পরিসংখ্যানে অসামঞ্জস্য দেখা গেছে।

শিল্প উৎপাদনের কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (কিউআইআইপি)-এ তৈরি পোশাক খাতের ওজন ৩৪.৮৪ শতাংশ। অথচ এ খাতের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদের ১৩.৫৫ শতাংশ থেকে দ্বিতীয় মেয়াদে কমে ৮.৬৯ শতাংশে নেমে আসে। বিপরীতে উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধি বেড়েছে।

এর মধ্যে সিমেন্ট ও ইট উৎপাদন সংশ্লিষ্ট অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২.৩২ শতাংশ থেকে বেড়ে ২৫.৬৭ শতাংশে পৌঁছায়। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮.১৪ শতাংশ দেখানো হয়। এ ছাড়া পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধির পরিবর্তন ছিল যথাক্রমে ৩৮.৯, ৩০ ও ২৮.৩ শতাংশীয় পয়েন্ট। এসব খাতের প্রবৃদ্ধির পেছনে প্রকৃত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির দুর্বলতা ছিল কি না সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরেছে কমিটি।

প্রতিবেদনে কিউআইআইপি তৈরির জন্য ব্যবহৃত উপাত্ত সংগ্রহ ও সংকলন প্রক্রিয়ায় একাধিক অস্বাভাবিকতা চিহ্নিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে একটি বা সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের তথ্যের ওপর নির্ভর করে পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি হিসাব করার প্রবণতা দেখা গেছে।

উদাহরণ হিসেবে পেট্রোলিয়াম পরিশোধন খাতের কথা উল্লেখ করা হয়েছে। এ খাতে ২০১৫-১৬ অর্থবছরে ৮৭.৪ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর পর পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি ঋণাত্মক ৫০.৩ শতাংশ দেখানো হয়। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, এ হিসাবের ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির তথ্যের ওপর নির্ভরতা ছিল।

একইভাবে জাহাজ নির্মাণ খাতেও অস্বাভাবিক প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ২৪২.৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭.৬ শতাংশ দেখানো হয়। কমিটির মতে, একটি বড় সামরিক বা রপ্তানি আদেশের প্রভাব পুরো শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির হিসাবে প্রতিফলিত হলে প্রকৃত চিত্র বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।

সিমেন্টশিল্পের হিসাবেও ত্রুটির ঝুঁকি চিহ্নিত করেছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিংকার আমদানির পরিমাণ, প্রকৃত মূল্য সংযোজন এবং মজুত পণ্যের সমন্বয় যথাযথভাবে বিবেচনা না করে উৎপাদন হিসাব করা হলে এ খাতের প্রবৃদ্ধি অতিরঞ্জিত হওয়ার সুযোগ থাকে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, অল্প কয়েকটি প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা থাকলে সেই তথ্যের ভুল বা অসংগতি পুরো উপখাতের সূচকে প্রভাব ফেলতে পারে।

তিতুমীর বলেন, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের বিকৃতির সুযোগ কম ছিল। তবে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন।

আগেও বিবিএসের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গবেষকেরা আগেও প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে বিশ্বব্যাংকের ২০২২ সালের একটি বিশ্লেষণের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আলোর তথ্য ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধি পর্যালোচনায় সরকারি জিডিপি প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিকল্প সূচকের উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে আসে।

২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনাতেও ২০১২-১৩ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের তথ্যের সঙ্গে ঘোষিত জিডিপি প্রবৃদ্ধির অসামঞ্জস্যের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়। জাতীয় হিসাব প্রকাশে দীর্ঘ বিলম্বকেও কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্সের পর্যালোচনায় জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব এবং মন্ত্রণালয়কেন্দ্রিক প্রাক্কলন ব্যবস্থার কারণে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টিও উঠে আসে।

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বাধীনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্তভাবে জাতীয় হিসাব প্রণয়ন, শিল্প খাতের তথ্য সংগ্রহে নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। একই সঙ্গে জিডিপি হিসাবের পদ্ধতি, উপাত্তের উৎস ও সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি বলেন, “আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।”

প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে

তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন।

আগেও বিবিএসের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গবেষকেরা আগেও প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে বিশ্বব্যাংকের ২০২২ সালের একটি বিশ্লেষণের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আলোর তথ্য ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধি পর্যালোচনায় সরকারি জিডিপি প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিকল্প সূচকের উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে আসে।

২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনাতেও ২০১২-১৩ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের তথ্যের সঙ্গে ঘোষিত জিডিপি প্রবৃদ্ধির অসামঞ্জস্যের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়। জাতীয় হিসাব প্রকাশে দীর্ঘ বিলম্বকেও কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্সের পর্যালোচনায় জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব এবং মন্ত্রণালয়কেন্দ্রিক প্রাক্কলন ব্যবস্থার কারণে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টিও উঠে আসে।

জাতীয় হিসাব প্রণয়নে স্বাধীনতা নিশ্চিতের সুপারিশ

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বাধীনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্তভাবে জাতীয় হিসাব প্রণয়ন, শিল্প খাতের তথ্য সংগ্রহে নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। একই সঙ্গে জিডিপি হিসাবের পদ্ধতি, উপাত্তের উৎস ও সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি বলেন, “আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরের সনাতনী ইউনিয়নে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার (স্টাফ রিপোর্টার)

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


শাহজাদপুরের সনাতনী ইউনিয়নে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১১নং সনাতনী ইউনিয়নে সর্বনাশা যমুনা নদীর ভাঙন থেকে জনপদ রক্ষায় স্থায়ী ও টেকসই জিও ব্যাগ বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ১১নং সনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুবেল রানা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সনাতনী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী হাজার হাজার মানুষ। বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে।
বক্তারা আরও বলেন, ভাঙন রোধে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা স্থায়ী সমাধান নয়। যমুনার তীব্র স্রোত ও ভাঙনের কবল থেকে জনপদ রক্ষায় দ্রুত পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন থেকে শাহজাদপুরের কৃতী সন্তান ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “আমাদের শাহজাদপুরের গর্ব, প্রিয় নেতা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মহোদয়ের কাছে আমাদের জোর দাবি—দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সনাতনী ইউনিয়নের এই জনপদকে যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা করতে হবে।”
এ সময় বক্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ভাঙনকবলিত মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাদি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানবাহনের শব্দ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়, দাবি গবেষণার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


যানবাহনের শব্দ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়, দাবি গবেষণার

ব্যস্ত সড়ক ও পরিবহন অবকাঠামোর নিকটবর্তী বসবাসের ফলে হৃদ্‌রোগসহ বিভিন্ন গুরুতর হৃদ্‌রক্তনালিজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে যানবাহনের শব্দের মধ্যে বসবাস স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে শব্দের মাত্রা ৫০ ডেসিবেলের বেশি, সেখানকার বাসিন্দাদের গুরুতর হৃদ্‌রোগ এবং প্রাণঘাতী হৃদ্‌রক্তনালিজনিত জটিলতার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, পর্যাপ্ত এবং স্বস্তিদায়ক ঘুমও যানবাহনের একটানা শব্দের ক্ষতিকর প্রভাব থেকে সম্পূর্ণরূপে সুরক্ষা দিতে পারে না।

যানবাহনের শব্দ কীভাবে হৃদ্‌যন্ত্রের ক্ষতি করে

গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে যানবাহনের উচ্চ শব্দের মধ্যে থাকার ফলে শরীরের স্নায়ুতন্ত্রে চাপ সৃষ্টি হতে পারে। এর ফলে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়।

এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং রক্তনালিগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে হৃদ্‌যন্ত্র ও রক্তসঞ্চালন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

গবেষণার ফলাফল নির্দেশ করে, বায়ুদূষণের মতো শব্দদূষণও জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হয়ে উঠতে পারে।

ভালো ঘুমেও কমছে না পুরো ঝুঁকি

শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, নিয়মিত ভালো ঘুমের অভ্যাস থাকলেও দীর্ঘস্থায়ী যানবাহনের শব্দের কারণে হৃদ্‌যন্ত্রের ওপর তৈরি হওয়া ক্ষতিকর প্রভাব সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়।

অর্থাৎ, ব্যস্ত সড়ক ও পরিবহন অবকাঠামোর নিকটবর্তী বসবাসকারীরা স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস বজায় রাখলেও হৃদ্‌রোগের ঝুঁকিতে থাকতে পারেন।

আবাসিক এলাকায় শব্দদূষণ কমানোর উদ্যোগ জরুরি

স্বাস্থ্য গবেষকেরা আবাসিক এলাকায় শব্দদূষণ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, ভবনের শব্দ নিরোধক ব্যবস্থা উন্নত করা এবং ঘরে শব্দরোধী উপকরণ ব্যবহার করলে যানবাহনের শব্দের প্রভাব কিছুটা কমানো সম্ভব।

পাশাপাশি নতুন আবাসিক এলাকা গড়ে তোলা এবং পরিবহন অবকাঠামো নির্মাণের পরিকল্পনায় পরিবেশগত শব্দদূষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ

ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলার শিকার হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে।

সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা শুরু হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এ শোকযাত্রার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া সহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়, যেখানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা সভাপতিত্ব করেন এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। হামলায় বিচারক সোহেল আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন, এবং গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয় এবং আহত অবস্থায় হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন আটক হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে কার্যকর করা হয় আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড।

দুই বিচারক হত্যার এ ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পরও শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হচ্ছে নিহত দুই বিচারককে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%