মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০০ পি.এম
কক্সবাজারের চকরিয়ায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী পরিবারের সদস্যরা চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত রবিবার বিদ্যালয়ে যাওয়ার পর ক্লাস শেষে তারা একসঙ্গে নিখোঁজ হয়। এই ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন কাকারা ইউনিয়নের কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও তসলিমা আক্তার। তারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার বাসিন্দা মিজানুর রহমান ও মোহাম্মদ বাহাদুর মিয়ার কন্যা।
তসলিমা আক্তারের বাবা মোহাম্মদ বাহাদুর মিয়া জানান, গত রবিবার সকালে তার মেয়ে ও বান্ধবী জান্নাতুল ফেরদৌস একসঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। কিন্তু ক্লাস শেষে তারা বাড়ি ফিরেনি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, দুই বান্ধবীর সন্ধান না পাওয়ার পর মঙ্গলবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ যদি তাদের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মন্তব্য করেন, কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার প্রেমিকের বিরুদ্ধে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, এ ঘটনার পর ক্ষোভ ও অভিমানে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সোহেল (২৫) এবং তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম, যিনি বাঘা মন্টু নামেও পরিচিত (২৩), তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রীর মৃত্যু ঘটে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায়।
মামলার এজাহার থেকে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে সোহেল বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে তিনি ফুঁসলিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে, একইভাবে ওই ছাত্রীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলামের ইজিবাইকে তুলে নেন সোহেল।
পরে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার আবু সায়েদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সহযোগীদের সহায়তায় সোহেল তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে রাত ২টার দিকে তাকে মডেলহাটগামী একটি ইজিবাইকে তুলে দেওয়া হয়।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ইজিবাইকে একা পেয়ে অজ্ঞাতনামা চালক ও দুই যাত্রী ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানি করেন। একপর্যায়ে তিনি ইজিবাইক থেকে লাফিয়ে নেমে স্থানীয় এক ট্রলিচালকের সহায়তায় রক্ষা পান। পরে বাড়িতে ফোন করে বিষয়টি জানালে তার ভাই গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন।
পরদিন সকালে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ক্ষুব্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই স্কুলছাত্রী বিষপান করেন বলে পরিবারের দাবি। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বড় ভাই। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ বলেন, বিষপানের পর ওই স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের কাছে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক সারা দেশে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ চালু করতে যাচ্ছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তাদের জন্য উপযুক্ত অর্থায়ন ও সহায়তা প্রদান করা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এই তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এছাড়া, অন্যান্য সব জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও বিস্তারিত তথ্য সরাসরি ডাউনলোড করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ আয়োজন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রাখার উদ্দেশ্যে।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এসংক্রান্ত নির্দেশনায় জানিয়েছে, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। উদ্যোক্তারা ঋণের সমপরিমাণ অর্থ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন। নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন প্রদান করা হবে।
এ ক্ষেত্রে, ঋণ হিসেবে প্রদত্ত অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে প্রদত্ত অর্থ ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে যাতে অনুদান নিশ্চিত হয়। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তারা এই অর্থের জন্য আবেদন করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তাঁর প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালো করা এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সুফল তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পারসুয়িং ক্লাইমেট জাস্টিস থ্রু ক্লাইমেট ডিপ্লোমেসি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জলবায়ু কূটনীতি জোরদার করার লক্ষ্যে এবং এ বিষয়ে আন্তর্জাতিক যোগসূত্র বৃদ্ধি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি পৃথক ‘জলবায়ু পরিবর্তন অনুবিভাগ’ প্রতিষ্ঠা করা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এছাড়া, আগামী নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলনেও (কপ-৩১) প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
শামা ওবায়েদ বলেন, নারী ও শিশুরা প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের অন্যান্য পরিণতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। তাই বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের ঝুঁকি ও সুরক্ষার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর জোর দেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের সুরক্ষা ও ঝুঁকির বিষয়টি জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা স্পষ্ট জানাব যে, এদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় পাটজাত পণ্যের ব্যবহার ও সুবিধার কথাও তুলে ধরব।’
তিনি জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্লাস্টিকসহ অন্যান্য দূষণকারী উপকরণের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর পাশাপাশি পরিবেশগত সুরক্ষা জোরদারে ভূমিকা রাখবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ কীভাবে আরও কার্যকর জলবায়ু কূটনীতি চালাতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্রাইটার্স, সিপিআরডি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এবং বেশ কয়েকটি সংস্থা সহ-আয়োজক হিসেবে কর্মসূচিটি আয়োজন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর চিতলমারীর অসুস্থ ও অসহায় প্রবীণ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার সন্তোষপুর গ্রামে অসুস্থ লেখকের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।
গত রোববার (১২ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরে ‘গরিব শিক্ষার্থীদের বই-খাতা কিনে দেওয়া জুড়ান মৃত্যুশয্যায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না’- শিরোনামে মানবিক সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর তিনি লেখকের বাড়িতে গিয়ে তার শরীরিক অবস্থার বিষয়ে জেনে পরিবারের হাতে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। একইসাথে তিনি লেখকের চিকিৎসার আশ্বাসও প্রদান করেন। এ সময় চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি এবং সাংবাদিক পংকজ মণ্ডল উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, "যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সাংবাদিকদের মাধ্যমে আমরা তার সংকটের কথা জানতে পারি। প্রশাসনের পক্ষ থেকে তার জন্য যতটুকু সম্ভব আমরা সহায়তার ব্যবস্থা করেছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।"
উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তার জন্য জুড়ান মণ্ডলের পরিবারের সদস্যরা ইউএনও ও দৈনিক যুগান্তর পত্রিকাসহ অন্যান্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সুশীল সমাজও এই সংবাদ প্রকাশ ও তাৎক্ষণিক সরকারি সহায়তায় প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ