০২:০৪ পি.এম
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি নিকোলাস মাদুরোর শাসনামলে কারাবন্দি থাকা আরও রাজনৈতিক নেতাকর্মী ও বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। এ আহ্বান ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে এসেছে।
এ বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হয় এবং এটি অলিভার ব্লাঙ্কোর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে তার প্রথম সফর। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এই পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রদ্রিগেজ ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, মার্কো রুবিও বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন। এই পরিকল্পনার প্রথম ধাপ হলো দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপ রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণ।
আরও পড়ুন: চিনা স্যাটেলাইটে ধরা পড়লো ইরান ঘিরে ৩ মার্কিন রণতরী
বৈঠকের পূর্বে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে একসঙ্গে ছবি তোলেন। তবে তারা এ সময় কোনো বক্তব্য দেননি।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বৈঠকে ভেনেজুয়েলার নেতৃত্বে চলমান রাজনৈতিক সমঝোতার আলোচনা নিয়ে দুই নেতা কথা বলেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বিবৃতিতে বলা হয়, মার্কো রুবিও ভেনেজুয়েলায় এখনও যেসব রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন, তাদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলায় ক্ষমতায় রয়েছেন এবং তার বিরুদ্ধে ক্রমেই কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিরোধী নেতা ও বিভিন্ন আন্দোলনকর্মীকে গ্রেপ্তারের অভিযোগও তার সরকারের বিরুদ্ধে রয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল, যেগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সমালোচকেরা।
আরও পড়ুন: ব্রিটিশদের ৭৪ শতাংশ যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি মনে করেন
ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য ভেনেজুয়েলার ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সাধারণ ক্ষমা আইন পাসের পর অনেক বন্দি মুক্তি পেয়েছেন। তবে এখনো শত শত মানুষ কারাগারে রয়েছেন।
রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।
কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এ নির্বাচন হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।
এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা—স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক উত্তরণ—বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: মিশিগানে এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত আরব-আমেরিকানরা, অনুভূতি প্রকাশ করলেন ইয়াসমিন আল-সাইয়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন