ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সমঝোতা স্মারক স্বাক্ষর


বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির উদ্দেশ্যে এফবিসিসিআই এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ’-এ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো উভয় দেশের ব্যবসায় উদ্যোগ, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা। বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার উন্মোচনে পরস্পরের মধ্যে হালনাগাদ তথ্য বিনিময় করা। একই সঙ্গে, দুই দেশের কোম্পানিগুলোর অংশগ্রহণে যৌথ প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্য মেলা, প্রদর্শনী, বিজনেস মিশন ও বিনিয়োগ ফোরাম আয়োজনের ক্ষেত্রে উভয় পক্ষ একসাথে কাজ করবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্য্ন্ডা ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করে। এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ ও রাশিয়ার জন্য বাণিজ্য সম্প্রসারণের অসাধারণ সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে বড় কোনো বাধা নেই বললেই চলে, তবে ছোট-খাটো যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত করে যৌথভাবে দূরীকরণের উদ্যোগ নিতে হবে।

রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ইলিয়া শেস্তাকভ অনুষ্ঠানে বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য পরিমাণের দিক থেকে বাংলাদেশ রাশিয়ার অন্যতম শীর্ষ অংশীদার। তিনি উল্লেখ করেন, রাশিয়া বাংলাদেশে কৃষি পণ্য, খাদ্য ও সারের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ই-গভর্নেন্সে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে এই বাণিজ্য সম্ভনা কাজে লাগাতে একটি টেকসই দ্বিপক্ষীয় পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা পূরণ, রেগুলেটরি পদ্ধতি সহজীকরণ, লজিস্টিকস এবং বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করা অত্যন্ত জরুরি। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: এমিরেটস গ্রুপের নিট মুনাফা ৬৬ শতাংশ হ্রাস

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইমাম আবু সাঈদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জয়েন্ট সেক্রেটারি আয়নুর আক্তার পান্না, এমসিসিআই’র প্রেসিডেন্ট কামরান টি. রহমান, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাসেন আলী, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ. কে. এম হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুধুমাত্র খুলনার শিশু-কিশোরদের জন্য নয়, বরং এটি বাংলাদেশের সকল ছোট বন্ধুদের জন্য। দেশের প্রায় ৫০০টির বেশি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের শিশু-কিশোরেরা এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে। আগামী বছরের জুন মাসে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বিকেএসপির শিক্ষার্থীদের পরিবেশনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তারা খেলাধুলায় যেমন দক্ষ, তেমনি নাচ, অ্যাক্রোবেটিকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শিতা দেখিয়েছে। অর্থাৎ খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও তারা ভালো করতে পারে।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউ ক্যান ডু ইট। তোমরা পারো। কেউ নাচ করেছে, কেউ অভিনয় করেছে, কেউ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও তারা দক্ষতা অর্জন করতে পারে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, তোমরা প্রত্যেকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর, প্রত্যেকেই এই দেশের মালিক। এই দেশ তোমাদের। তোমাদেরই এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তিনি শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা মহানগরে এটিই ছিল তার প্রথম সফর।

তারেক রহমান বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আগামী প্রজন্মের। শিশু-কিশোরদের শুধু পড়ালেখা করলেই হবে না, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে। কেউ ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা অন্য পেশায় যাবে। তবে বিশ্বকে জয় করতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির জ্ঞানও অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী জানান, নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর নিবন্ধন করেছে। এ সংখ্যা প্রমাণ করে, সুযোগ পেলে তারা নিজেদের প্রতিভা বিকাশে আগ্রহী। সরকারের দায়িত্ব তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা, যাতে তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ তৈরি করতে চাই। পড়ালেখা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে পারলে তাদের সামনে বিশ্বে এগিয়ে যাওয়ার সুযোগ আরও বাড়বে। ভবিষ্যতে বাংলাদেশ অন্য দেশের উদাহরণ অনুসরণ না করে নিজেই বিশ্বের কাছে শক্তিশালী ও সফল দেশ হিসেবে উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে পৌঁছে গ্যালারিতে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশু-কিশোরেরা। হাত নেড়ে অভিবাদন জানালে তিনিও তাদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে নতুন কুঁড়ির ১০টি ইভেন্টে অংশ নেওয়া ক্রীড়াবিদদের পরিচয় তুলে ধরা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে তার ছবি এঁকে উপহার দেন নায়না তাসনিম জামান। তাকে পবিত্র কুরআন শরিফও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. মাহফুজুল আলম খান। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

৫০৩ উপজেলায় প্রতিযোগিতা, নিবন্ধন ১৬ লাখ ২৩ হাজার:

এবারের নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, সাঁতার, ভলিবল, মার্শাল আর্ট ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে অংশ নেবে শিশু-কিশোররা। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ শিশু-কিশোর। এর মধ্যে ৯ লাখ ৪৪ হাজার ৮৩ জন বালক এবং ৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন বালিকা। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে ৫৮ দশমিক ২ শতাংশ ছেলে এবং ৪১ দশমিক ৮ শতাংশ মেয়ে।

প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দ্বিতীয় আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। প্রথম আসরে নিবন্ধন ছিল প্রায় ১ লাখ ৬৮ হাজার। এবার তা বেড়ে ১৬ লাখ ছাড়িয়েছে। আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রথম আসরের বিজয়ীদের মধ্য থেকে ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জন মেয়ে ও ১২ জন ছেলে। নির্বাচিত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা নগরীকে বর্ণিল সাজে সাজানো হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জেলা স্টেডিয়াম ও সার্কিট হাউস এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা প্রস্তুতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের এবং সামরিক নেতাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য হামলা হবে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ ধরনের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ১২টিরও বেশি জাহাজে হাজার হাজার মার্কিন বিমান ও নৌবাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার অন্তর্ভুক্ত থাকতে পারে।

এদিকে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, সেগুলোর পুনর্নির্মাণের সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%