ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইমরান খানের হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে জরুরি চিকিৎসা প্রয়োজন


ইমরান খানের হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে জরুরি চিকিৎসা প্রয়োজন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক সতর্ক করেছেন যে, হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে তাকে আগামী কয়েক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের মতে, ইমরান খান বর্তমানে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপে ভুগছেন।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি রয়েছেন। গত সোমবার, তিনি দেশটির শীর্ষ বিচারকদের উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে উল্লেখ করেছেন যে, জরুরি চিকিৎসার ব্যবস্থা না করা হলে তিনি হয়তো আর জীবিত কারাগার থেকে ফিরতে পারবেন না। তার ৩০ বছরেরও বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তানি কর্তৃপক্ষকে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ডা. ফয়সাল সুলতান সতর্ক করে বলেছেন, চিকিৎসা নিতে দেরি হলে ইমরান খান গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। ৭৪ বছর বয়সী ইমরান খানকে ২০২৩ সালের আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তারের পর থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার আয়তনের একটি ছোট কক্ষে বন্দি রয়েছেন।

আরও পড়ুন: এশিয়ার চিপবাজারে ধস, প্রযুক্তিনির্ভরতা কম হওয়ায় সুবিধা পাচ্ছে ভারত

ডা. ফয়সাল সুলতান ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে বলেছেন, তার কোনো রোগীর রক্তচাপ এত বেশি হলে তিনি ওই রোগীকে আজ অথবা আগামীকালের মধ্যেই একজন অভিজ্ঞ কিডনি বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতেন। তার মতে, ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি এবং তা কয়েক দিনের মধ্যেই করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে কিডনি ও হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ নিয়ে কাজ করতে হয়, যা হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এছাড়া, উচ্চ রক্তচাপের কারণে চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকিৎসকদের মূল উদ্বেগ হলো, দীর্ঘদিন উচ্চ রক্তচাপের ফলে শরীরের এসব গুরুত্বপূর্ণ অঙ্গের স্থায়ী ক্ষতি হতে পারে।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন বলেও জানান।

ইমরান খানের দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এ সময় তিনি প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা থাকতে বাধ্য হন। ওই দিনই তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে একটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ব্রাজিলের আহ্বান: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে ত্রিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ

ডা. ফয়সাল সুলতান করোনাভাইরাস মহামারির সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারের চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত হাসপাতাল নেটওয়ার্ক ‘শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন।

ডা. সুলতান ইমরান খানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে তা মারাত্মক স্বাস্থ্যসমস্যা তৈরি করতে পারে। এর ফলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং হৃদপেশি অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘হাইপারট্রফি’ বলা হয়। তিনি উল্লেখ করেন, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি এড়াতে দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হোক। সেখানে তার শারীরিক অবস্থার নিরপেক্ষ মূল্যায়ন করার কথা ছিল। তার আইনজীবীরা স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ডা. সুলতান হাসপাতালে ইমরান খানের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি কারাগারে ফিরে যাওয়ার মতো শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: সিন্ধু বিভক্তের প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের জাতীয়তাবাদী দলগুলোর বিক্ষোভের হুঁশিয়ারি

ইমরান খানের স্বাস্থ্যগত সমস্যার পেছনে দীর্ঘদিনের একাকিত্বও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। তিনি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ইমরানের সঙ্গে সরাসরি দেখা করার অনুমতি চেয়েছেন।

ডা. সুলতান বলেন, সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা তার রক্তচাপজনিত সমস্যার অন্যতম কারণ হতে পারে। তিনি বলেন, “আমি অবশ্যই তার সঙ্গে দেখা করতে চাই।”

কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণ নিয়ে সমর্থকেরা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে তাঁর ছেলেরাও সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়কের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি বলেছেন, ইমরান খানকে যেসব চিকিৎসক পরীক্ষা করেছেন, তাদের সবাই সরকারের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কেউই তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি কিংবা তার শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি।

আরও পড়ুন: হরিয়ানায় ট্যাংকের চাপায় প্রাণ গেল দুই ভারতীয় সেনার

তিনি আরো বলেন, এখনই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া জরুরি। এতে ইমরান খানের শারীরিক অবস্থা ভালোভাবে বুঝতে পারবেন এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা ও পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তার মতে, চিকিৎসায় আরও দেরি হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবক মো. আলমের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবক মো. আলমের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় মো. আলম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে সাড়ে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়ির পশ্চিম পাশের ২ নম্বর কক্ষে ভাড়াটিয়া আলম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি আলম পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন আসামি আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক আসামি মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরিশালে ১.২০ লাখ একরের ফসল আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরিশালে ১.২০ লাখ একরের ফসল আক্রান্ত

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও, এর প্রভাবের কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার ফলে বরিশাল কৃষি অঞ্চলের প্রায় ১.২০ লাখ একর জমির উঠতি আমনসহ বিভিন্ন ধরনের রবি ফসল প্লাবিত হয়েছে। এর মধ্যে আমনের জমির পরিমাণ ৭৫ হাজার একরেরও বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই জানিয়েছে, গম, গোলআলু, খেসারি ও মসুর ডাল এবং তরমুজ, সরিষা ও শীতকালীন শাকসবজির বিপুল ফসলি জমি প্লাবিত হয়েছে।

ডিএই’র দায়িত্বশীল মহলের মতে, ঘূর্ণিঝড়টি প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ‘কোমল আঘাত’ হানায় সাগর কিছুটা উত্তাল হলেও তা ফুঁসে ওঠেনি। ফলে তিন দিনের মাঝারি বর্ষণে ফসলি জমিতে সাময়িক পানি জমে গেলেও বড় কোনো প্লাবনের শিকার হয়নি। বরিশালে ‘আকভান’র প্রভাবে ৩ দিনে প্রায় ১শ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে পানি খুব দ্রুত সরে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএই’র বরিশাল অঞ্চলের প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক।

তিনি বলেন, "নভেম্বর এলেই আমরা কিছুটা সতর্ক ও শঙ্কিত থাকি। কৃষকদেরও সেভাবে মনোসংযোগসহ মানসিকভাবে প্রস্তুত রাখা হয়।" পরিস্থিতির অবনতির আগেই সব ধরনের প্রস্তুতি ছিল বলে জানিয়ে প্রতিটি ব্লক সুপারভাইজারসহ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সরেজমিনে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি আরও জানান, অসময়ের এ অতিবর্ষণে আক্রান্ত জমির আমন ধান কিছুটা হেলে পড়লেও, বৃষ্টি প্রলম্বিত না হওয়া এবং সাগরের জোয়ার ও উজানের কোনো ঢল না থাকায় নদ-নদীর প্রবাহ স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ফসলি জমি প্লাবনের শিকার হয়নি। দ্রুত পানি সরে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান ঊর্ধ্বতন এ কৃষি কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার বৃহত্তর দক্ষিণাঞ্চলে আবাদকৃত প্রায় ৯ লাখ হেক্টরের আমনের মধ্যে প্রায় ৩১ হাজার হেক্টরের স্থানীয়, উফশী ও হাইব্রিড আমন ধান ‘আকভান’র অতিবর্ষণে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রায় ১৫ হাজার হেক্টরের খেসারি এবং ৫ হাজার হেক্টরের শাকসবজি অসময়ের অতিবর্ষণে আক্রান্ত হয়েছে। আক্রান্ত বেশিরভাগ আমন ফসল হেলে পড়লেও, তিন দিন পরে বৃষ্টি বন্ধ হবার পাশাপাশি কোনো প্লাবন সৃষ্টি না হওয়ায় এসব ফসলের ক্ষতির সম্ভাবনা খুব কম।

তবে যেসব কৃষক তরমুজের আগাম বীজ বপন ও রোপণ করেছেন, তাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। আক্রান্ত খেসারি ডালের খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই। বর্ষণ মুগ ডাল আবাদকে কিছুটা বিলম্বিত করলেও, কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে মাঠ পর্যায়ের কৃষিবিদগণ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিন্ধু বিভক্তের প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের জাতীয়তাবাদী দলগুলোর বিক্ষোভের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সিন্ধু বিভক্তের প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের জাতীয়তাবাদী দলগুলোর বিক্ষোভের হুঁশিয়ারি

জাতীয়তাবাদী দলগুলো সিন্ধু প্রদেশের বিভক্তি বা নতুন প্রশাসনিক ইউনিট গঠনের উদ্যোগ গ্রহণের বিরুদ্ধে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। তারা গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সিন্ধুর সীমানা বা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের যেকোনো সিদ্ধান্তে প্রদেশের জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত।

রবিবার (২২ নভেম্বর) করাচিতে ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র আয়োজিত এক সমাবেশে এই হুঁশিয়ারি প্রকাশ করা হয়। সমাবেশে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাকিস্তান টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড্রিগ রোড থেকে শুরু হয়ে বিক্ষোভটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে মেট্রোপোলে গিয়ে শেষ হয়। বক্তারা সিন্ধুর বর্তমান সীমানা পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেন। বিক্ষোভের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী নেতা ড. নিয়াজ কালানি ও রিয়াজ চান্দিও। আইনজীবীদের পক্ষ থেকেও কয়েকজন প্রতিনিধি এতে অংশ নেন। সমাবেশটি কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সিন্ধুর ভূখণ্ডগত অখণ্ডতার সঙ্গে আপস করা হবে না। প্রদেশের ভৌগোলিক সীমানা বা প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত জানতে হবে। তাদের মতে, সিন্ধুর পরিচয় ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে জড়িত। তাই বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক সুবিধার দৃষ্টিতে দেখা উচিত নয়।

তারা নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। তাদের অভিযোগ, এ ধরনের গণভোটের মাধ্যমে পূর্বে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে।

বক্তারা কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, সিন্ধুকে বিভক্ত করার বিরোধিতা কোনো জাতিগত বা ভাষাগত জনগণের বিরুদ্ধে নয়। উর্দুভাষী বাসিন্দাসহ বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষের অবদান সিন্ধুর পরিচয়ের অংশ।

জাতীয়তাবাদী নেতারা কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে জাতিগত বিভেদ উসকে দেওয়ার অভিযোগ করেন। এ সময় তারা শান্তি ও সহাবস্থান বজায় রাখতে সব সম্প্রদায়ের প্রতি সংযম দেখানোর আহ্বান জানান। শাহ আব্দুল লতিফ ভিট্টাইয়ের শিক্ষার কথা উল্লেখ করে বক্তারা পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশ থেকে সিন্ধুর স্বায়ত্তশাসন ও বর্তমান সীমানা রক্ষায় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করেন, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে প্রদেশজুড়ে বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের আহ্বান: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে ত্রিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ব্রাজিলের আহ্বান: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে ত্রিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ

বিশ্বব্যাপী কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধার ও শান্তি বজায় রাখার স্বার্থে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনকে ত্রিপক্ষীয় ফরম্যাটে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানাবেন। এই তথ্য ব্রাজিলের ন্যাশনাল কংগ্রেসের একটি সূত্র রুশ সংবাদমাধ্যম তাসকে (TASS) প্রদান করেছে।

সূত্রটি জানাচ্ছে যে, ব্রাজিলের প্রধান লক্ষ্য হলো বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা এবং যত দ্রুত সম্ভব জাতিসংঘের সংস্কার সাধন করা। মস্কো, বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ নেতাদের মধ্যে চলমান এই যোগাযোগ অব্যাহত রাখার জন্য ব্রাজিলের পূর্ণ সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট লুলা, সমগ্র বিশ্বের মঙ্গলের কথা মাথায় রেখে, এই তিন পরাশক্তিকে নিয়মিত সংলাপ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাবেন।

সূত্রের বরাতে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রত্যেকের সঙ্গেই অত্যন্ত চমৎকার সম্পর্ক গড়ে তুলেছেন। এই সুসম্পর্ক তাকে একজন নিরপেক্ষ শান্তিস্থাপনকারীর অবস্থান থেকে তাদের সঙ্গে সংলাপ পরিচালনা করার সুযোগ করে দিয়েছে।

এছাড়া, সম্প্রতি চীনের শেনজেনে অনুষ্ঠিত এপেক (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

এই তিন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এ ধরনের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক এবারই প্রথম অনুষ্ঠিত হলো। বৈঠকে রাষ্ট্রপ্রধানরা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠক শেষে তারা একটি শান্তি ঘোষণাও গ্রহণ করেন। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%