ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিপিন্সের বড় জাহাজ চীনা গবেষণা জাহাজ তাড়াতে তাইওয়ানের জলসীমায় পাঠানো হয়েছে


ফিলিপিন্সের বড় জাহাজ চীনা গবেষণা জাহাজ তাড়াতে তাইওয়ানের জলসীমায় পাঠানো হয়েছে

ফিলিপিন্স একটি বড় কোস্ট গার্ড জাহাজ ও একটি বিমান পাঠিয়েছে, যা তাইওয়ানের কাছাকাছি উত্তরের বাতেনেস প্রদেশের উপকূলে অবস্থানরত একটি চীনা গবেষণা জাহাজকে ঠেকানোর উদ্দেশ্যে। ওই অঞ্চলে একটি চীনা কোস্টগার্ড জাহাজও উপস্থিত ছিল।

ফিলিপিন্সের কোস্ট গার্ডের মুখপাত্র জে তারিয়েলা জানান, ফিলিপিন্সের অভিযান শুরু হওয়ার পর চীনা জাহাজটি অনুমতি ছাড়া পরিচালিত সামুদ্রিক গবেষণা বন্ধ করে ওই এলাকা ত্যাগ করে।

কোস্ট গার্ড জানায়, ‘জিয়া হাই কে ৭’ নামের চীনা গবেষণা জাহাজটির ওপর নজরদারি করার জন্য ৯৭ মিটার লম্বা ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তাদের দাবি, গত ২৮ সেপ্টেম্বর থেকে জাহাজটি ইতবায়াত দ্বীপের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

কোস্ট গার্ড আরও জানায়, এর আগে ‘জিয়া হাই কে ৭’ বাতেনেসের কাছে অবস্থান করার সময় নিজের অবস্থান গোপন করার চেষ্টা করেছিল। পরে ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ চীনা জাহাজটির প্রায় ৯০ মিটারের মধ্যে প্রবেশ করে। এরপর একটি ছোট নৌকা পাঠিয়ে চীনা জাহাজটিকে কয়েকবার ঘিরে নজরদারি করা হয়। একই সময়ে রেডিওর মাধ্যমে চীনা জাহাজটির সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় ও সেখানে থাকার কারণ জানতে চাওয়া হয়।

ফিলিপিন্সের কোস্ট গার্ড জানায়, তাদের নৌকাগুলোকে এড়াতে চীনা গবেষণা জাহাজটি বারবার দিক পরিবর্তন করছিল। পরে চীনের একটি কোস্ট গার্ড জাহাজ সেখানে এসে গবেষণা জাহাজটিকে পাহারা দেয়। এরপর চীনা কোস্টগার্ড রেডিওর মাধ্যমে ফিলিপিন্সের জাহাজকে সতর্ক করে।

ফিলিপিন্সের কোস্ট গার্ড বলেছে, চীনা কোস্ট গার্ডের জাহাজ সেখানে আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ‘জিয়া হাই কে ৭’ একটি বেসরকারি জাহাজ। তাই জাহাজটির সঙ্গে চীনা সরকারের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমুদ্রের নিচে থাকা কেবল এলাকার কাছ থেকে জাহাজটি যে তথ্য সংগ্রহ করেছে, সেগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ফিলিপিন্স।

ফিলিপিন্সের কোস্ট গার্ড জানায়, তাদের অভিযান এখনো চলছে। তবে তারা ‘জিয়া হাই কে ৭’কে আগের অবস্থান থেকে সরে যেতে বাধ্য করেছে।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

জাহাজটি ফিলিপিন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়েছে কি না, তা নিশ্চিত করতে ‘বিআরপি তেরেসা মাগবানুয়া’ এখনও সেটির ওপর নজর রাখছে। এ বিষয়ে মন্তব্য জানতে ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই তথ্য বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন–গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।

বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের তল্লাশি করার পর মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায় বলে দাবি করেছেন ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফা। কর্তৃপক্ষ ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মন্তব্য করেন, ‘নিয়মিত টহল কার্যক্রমের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে মাদকদ্রব্য পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারের ব্যাখ্যায় লিটন দাসের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


হারের ব্যাখ্যায় লিটন দাসের মন্তব্য

বাংলাদেশ এশিয়ান গেমসের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে। নাগোয়ায় অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করেছে। অধিনায়ক লিটন দাস টস হারানো, উইকেট সম্পর্কে ধারণার অভাব এবং মিডল ওভারে বোলারদের খরুচে বোলিংকে পরাজয়ের জন্য দায়ী করেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন উল্লেখ করেন, "টানা বৃষ্টির কারণে আমরা বেশ কয়েক দিন ধরে রুমের ভেতর বসে ছিলাম। উইকেটে অনুশীলন করার বা অন্য কোনো ম্যাচ দেখার সুযোগ আমাদের হয়নি। ফলে প্রথম কয়েক ওভার পিচের আচরণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, যা ব্যাটিংয়ে ধীরগতির শুরুর অন্যতম কারণ।"

বোলিং ইনিংসের বিষয়ে হতাশা প্রকাশ করে অধিনায়ক বলেন, "শুরুতে আমরা উইকেট নিয়ে চাপ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মিডল ওভারগুলোতে আমাদের বোলাররা বেশি ছক্কা ও বাউন্ডারি হজম করে ফেলেছে। মাঝের ওভারগুলোতে যদি আমরা আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম, তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।"

ম্যাচে ২ ওভারে ৪১ রান দিয়ে বসেন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। তার এমন পারফরম্যান্সের পরেও কাটার মাস্টারের পাশে দাঁড়িয়েছেন লিটন। তিনি স্পষ্ট জানান, "বোলিংয়ের অনেক বিকল্প ছিল, তবে অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজই ওই পরিস্থিতির জন্য সেরা বিকল্প ছিল। আজ সে ৩টি উইকেট পেলে হয়তো এই প্রশ্ন উঠত না।"

২০২৩ সালে সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। এবার পদকের রং বদলানোর সুযোগ ছিল, কিন্তু তা সফল হয়নি। এবারও অন্তত সেই একই পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।

২০১০ সালে পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক পেয়েছিল। এশিয়াডে এটি লাল-সবুজের সেরা অর্জন। এরপর বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। কিন্তু ২০২৬ সালে এসেও সেই স্বর্ণ পুনরুদ্ধার করা হয়নি। ব্রোঞ্জেই আমরা আটকে আছি।

লিটন এ সম্পর্কে বলেন, "বিষয়টা সত্যি হতাশার। আমাদের অবশ্যই সোনা পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি, তবে এবারও হয়নি। আবার ভবিষ্যতে কোনো না কোনো টিম আসবে, তারা চেষ্টা করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, নুসরাত কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার পর তিনি আহত হন। চিকিৎসার কারণে তার বালিতে অবস্থানের সময় বাড়ানো হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত বালির কিছু ছবি শেয়ার করেছিলেন। কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল সেসব ছবিতে।

এদিকে, কাজের দিক থেকে নুসরাত ব্যস্ত সময় পার করছেন। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।

নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশনস লিগে বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুইডেন কোচের বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


নেশনস লিগে বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুইডেন কোচের বিপদ

উয়েফা নেশনস লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুইডেন বড়সড় ধাক্কা খেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। দলের মধ্যে হঠাৎ করে ‘অসুস্থতার ঢেউ’ ছড়িয়ে পড়ার কারণে পাঁচজন গুরুত্বপূর্ণ ফুটবলার ম্যাচ থেকে বাদ পড়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বসনিয়ার জেনিৎসা শহরের স্তাদিওন বিলিনো পোলিয়ে-তে লিগ ‘বি’র গ্রুপ ৪-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বর্তমানে সুইডেনের কোচ ও মেডিকেল টিম দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে বেশি ব্যস্ত রয়েছে।

ইডেন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে ঠাণ্ডাজনিত সমস্যা এবং বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিয়েছে। অসুস্থ হওয়া পাঁচজন ফুটবলার হলেন— ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ায়েরি, সেল্টিকের বেনিয়ামিন নিগ্রেন, গুস্তাফ ল্যাগারবিয়েলকে, এলিয়ট স্ট্রাউড এবং প্যাট্রিক ওয়ালেমার্ক।

দলীয় চিকিৎসক জোনাস ওয়ার্নার এক বিবৃতিতে জানান, ‘আমরা সংক্রমণ আরো ছড়িয়ে পড়া রোধ করতে সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছি।’

অসুস্থতার এই ধাক্কার আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছিল সুইডেন। রোমানিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে দলের তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ইতিমধ্যেই স্কোয়াড ছেড়ে চলে গেছেন। এই জরুরি পরিস্থিতি এবং খেলোয়াড় সংকট মোকাবেলা করতে কোচ গ্রাহাম পটার তড়িঘড়ি করে স্কোয়াডে ডেকে নিয়েছেন এরিক স্মিথকে।

নেশনস লিগের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে সুইডেন। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়লাভ করে তারা বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে বসনিয়ার বিপক্ষে তাদের মাটিতে নামার আগে এই আকস্মিক ‘অসুস্থতার হানা’ কোচ গ্রাহাম পটারের গেমপ্ল্যান সম্পূর্ণভাবে ওলটপালট করে দিয়েছে। এখন বিকল্প ফুটবলারদের ওপর ভর করেই শুক্রবার পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামতে হবে সুইডিশদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%