ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

প্রাথমিকে ৯৮% ও মাধ্যমিকে ৭০% বই ছাপা সম্পন্ন


প্রাথমিকে ৯৮% ও মাধ্যমিকে ৭০% বই ছাপা সম্পন্ন

বছরের প্রথম দিনেই প্রাথমিক শিক্ষার্থীরা বই গ্রহণ করবে। প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বিনামূল্যের বই ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, মাধ্যমিকের ৭০ শতাংশ বই ছাপানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত বই ছাপানোর কাজ শেষ হবে। তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি।

সরকার আগামী শিক্ষাবর্ষের জন্য ৩১ কোটিরও বেশি নতুন বই ছাপানোর উদ্যোগ নিয়েছে। ছাপাখানাগুলোতে বই ছাপানোর কাজ পুরোদমে চলছে। এই প্রক্রিয়ায় ব্যয় হচ্ছে এক হাজার ৮৭৯ কোটি টাকা।

এনসিটিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বইয়ের ছাপার কাজ সম্পন্ন হয়েছে এবং মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই ছাপানো হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০ ঘণ্টা কাজ চলছে। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব বইয়ের কাজ ১০০ শতাংশ সম্পন্ন করতে।

তবে আগামী শিক্ষাবর্ষের জন্য চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণিতে দুটি করে চারটি নতুন বই যুক্ত হচ্ছে। নতুন এই বইয়ের সংখ্যা দেড় কোটি। কিন্তু এসব বইয়ের ছাপা এখনো শুরু হয়নি।

মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান এ বিষয়ে মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত তিন কোটি বই আটকা পড়ে আছে। এছাড়া সরকারের নতুন করে চারটি নতুন বই যুক্ত করেছে। এত বই এই সময়ের মধ্যে দিতে পারবে কি না, এটা একটি বিষয়।’

সব বইয়ের ছাপানোর কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক আবু নাসের টুকু।

আরও পড়ুন: ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ, সন্ধ্যায় ছাড়ছেন আরো একজন

তিনি বলেন, ‘প্রাথমিকের চেয়ে মাধ্যমিকের বইয়ের কাজ একটু দেরিতে শুরু হয়। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী অবশ্যই ডিসেম্বরে বই সরবরাহ করা হবে।’

এবার ১১৭টি ছাপাখানা বই ছাপানোর কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে ত্বক ফাটবে না, থাকুক কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০টি সহজ নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


শীতে ত্বক ফাটবে না, থাকুক কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০টি সহজ নিয়ম

শীতকাল আসলেই ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিছু মানুষের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, আবার অন্যদের ত্বকে চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব দেখা দেয়। বিশেষ করে শীতের ঠান্ডা বাতাস, বাতাসে আর্দ্রতার অভাব এবং ঘরের ভেতরে গরম পরিবেশ ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। এর ফলে ত্বক কোমলতা ও স্বাভাবিক উজ্জ্বলতা হারায়।

এছাড়া, শীতকালে দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করার অভ্যাসও ত্বকের ক্ষতি করতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে ত্বকের সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তবে দৈনন্দিন যত্নে কিছু পরিবর্তন আনলে শীতেও ত্বক সুস্থ, কোমল ও আর্দ্র রাখা সম্ভব।

শীতের পুরো মৌসুমে ত্বকের শুষ্কতা ও অস্বস্তি এড়াতে মেনে চলতে পারেন ১০টি পরামর্শ।

১. মৃদু পরিষ্কারক ব্যবহার করুন

শীতকালে ত্বক পরিষ্কারের জন্য অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান কিংবা কড়া পরিষ্কারক ব্যবহার করা থেকে বিরত থাকুন। এগুলো ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়াতে পারে। এ সময় এমন পরিষ্কারক বেছে নিন, যা ত্বক পরিষ্কারের পাশাপাশি আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে। সিরামাইড, গ্লিসারিন ও অ্যালোভেরাযুক্ত পরিষ্কারক এ ক্ষেত্রে উপকারী।

২. মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার লাগান

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখ ধোয়া কিংবা গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। শীতকালে হালকা লোশনের পরিবর্তে ঘন ক্রিম বা মলমজাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার ও স্কোয়ালেনযুক্ত উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

৩. শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন

অনেকেই মনে করেন, শুধু গরমকালেই রোদ থেকে ত্বক রক্ষা করা প্রয়োজন। কিন্তু শীতকালেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। মেঘলা আকাশেও এ রশ্মি ত্বকে পৌঁছায়। তাই বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ ৩০ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। মুখ, গলা ও হাতের খোলা অংশে ভালোভাবে লাগাতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পর আবার ব্যবহার করুন।

৪. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন

শীতকালে ঘরের ভেতরে গরম রাখার ব্যবস্থা বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। এতে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। এ সমস্যা কমাতে ঘরে বায়ুর আর্দ্রতা বাড়ানোর যন্ত্র ব্যবহার করতে পারেন। বিশেষ করে শোবার ঘর কিংবা যেখানে বেশি সময় কাটান, সেখানে এটি রাখলে উপকার পাওয়া যেতে পারে।

৫. গরম পানিতে দীর্ঘ সময় গোসল করবেন না

শীতের সকালে বা রাতে গরম পানিতে গোসল করতে অনেকেরই ভালো লাগে। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে শুষ্কতা বাড়ায়। তাই কুসুম গরম পানিতে গোসল করুন এবং গোসলের সময় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সীমিত রাখুন। গোসল শেষে তোয়ালে দিয়ে ত্বক ঘষে না মুছে আলতোভাবে পানি মুছে নিন। এরপরপরই ময়েশ্চারাইজার লাগান।

৬. হাত ও ঠোঁটের বিশেষ যত্ন নিন

শীতকালে হাত ও ঠোঁটের ত্বক তুলনামূলক বেশি শুষ্ক হয়ে পড়ে। তাই বাইরে বের হলে হাতে দস্তানা ব্যবহার করুন। বিশেষ করে পানি কিংবা পরিষ্কারক দ্রব্য ব্যবহারের সময় হাতের সুরক্ষায় সতর্ক থাকুন। প্রতিবার হাত ধোয়ার পর ঘন হ্যান্ড ক্রিম লাগান। পাশাপাশি ঠোঁটের শুষ্কতা ও রোদে ক্ষতি এড়াতে সূর্যরশ্মি প্রতিরোধী উপাদানযুক্ত ঠোঁটের বাম ব্যবহার করুন।

৭. নিয়ম মেনে ত্বকের মৃত কোষ পরিষ্কার করুন

ত্বকের মৃত কোষ দূর করতে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তবে শীতকালে অতিরিক্ত ঘষাঘষি বা শক্ত দানাযুক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে। তাই সপ্তাহে এক থেকে দুই দিন মৃদুভাবে ত্বকের মৃত কোষ পরিষ্কার করুন। ল্যাকটিক অ্যাসিড বা পিএইচএযুক্ত মৃদু উপাদান এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

৮. পর্যাপ্ত পানি পান করুন

ত্বকের আর্দ্রতা শুধু বাইরে থেকে যত্ন নিলেই বজায় থাকে না, শরীরের ভেতর থেকেও প্রয়োজন পর্যাপ্ত পানি। তাই শীতকালেও নিয়মিত পানি পান করুন। পাশাপাশি শসা, কমলা ও তরমুজের মতো পানিসমৃদ্ধ ফলমূল ও খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা হয়।

৯. পোশাক নির্বাচনে সতর্ক থাকুন

শীতের পোশাকের কাপড়ও ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খসখসে উলের পোশাক সংবেদনশীল ত্বকে চুলকানি ও অস্বস্তি তৈরি করতে পারে। তাই ত্বকের সঙ্গে সরাসরি তুলার নরম পোশাক ব্যবহার করুন। উলের সোয়েটার পরতে হলে ভেতরে সুতির জামা পরে নিন। এতে ত্বকের সঙ্গে উলের সরাসরি ঘর্ষণ কমবে।

১০. শীত অনুযায়ী ত্বকের যত্নের নিয়ম বদলান

সারা বছর একই নিয়মে ত্বকের যত্ন নিলে শীতকালে প্রয়োজনীয় সুরক্ষা নাও মিলতে পারে। এ সময় ঘন ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ত্বক অতিরিক্ত শুষ্ক করে এমন প্রসাধনীর ব্যবহার কমিয়ে দিন। যেমন অতিরিক্ত ফেনা তৈরি করে এমন পরিষ্কারক, অ্যাসিডযুক্ত ত্বক পরিষ্কারের উপাদান এবং রেটিনয়েডজাতীয় প্রসাধনী। প্রয়োজনে এসব উপাদান ব্যবহারের পরিমাণ বা ব্যবধান পরিবর্তন করুন। পাশাপাশি আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা মজবুত করে, এমন প্রসাধনী বেছে নিন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

নিয়মিত যত্ন নেওয়ার পরও ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে, ফেটে গেলে কিংবা ব্যথা ও প্রদাহ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এসব লক্ষণ কখনো কখনো একজিমা, সোরিয়াসিস কিংবা ত্বকের গুরুতর শুষ্কতার কারণে হতে পারে। এসব ক্ষেত্রে বিশেষ চিকিৎসা কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের প্রয়োজন হতে পারে।

শীত মানেই ত্বকের শুষ্কতা কিংবা উজ্জ্বলতা হারানো নয়। নিয়মিত যত্ন, সঠিক প্রসাধনী নির্বাচন, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে পুরো শীতজুড়েই ত্বক কোমল ও সুস্থ রাখা সম্ভব। তাই শীতের শুরু থেকেই ত্বকের যত্নে সচেতন হোন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ তুরস্কে জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


আজ তুরস্কে জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ (১২ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের দ্বিতীয় দিনে সকালে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীকে নির্বাচনে ম্যান্ডেট পাওয়ার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা।

বুধবার (১১ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে সিরিয়া বাংলাদেশের সঙ্গে পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা চেয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে বৈঠকে তিনি ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

কেনাকাটার জন্য বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রায়ই মার্কেটে বা দোকানে যেতে হয়। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই কোনো না কোনো মার্কেট বন্ধ থাকে। এ কারণে আগে থেকে জানা থাকলে সুবিধা হয়, অন্যথায় অনেক সময় বিপাকে পড়তে হয়।

তাহলে দেখা যাক বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


ইরান ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন আইজেনকোট

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি নতুন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ঝুঁকিপূর্ণ কোনো সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধের খবরের মধ্যে এ সতর্কবার্তা প্রদান করেন আইজেনকোট।

বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো এক চিঠিতে আইজেনকোট উল্লেখ করেন, "ক্ষমতা হস্তান্তরের মতো সংবেদনশীল সময়ে বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হলে তা ইসরাইলের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা দুর্বল করতে পারে।"

চিঠিতে তিনি আরও লেখেন, "সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।"

আইজেনকোট সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে নামানো হলে ভয়াবহ পরিণতি হতে পারে।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর আগ্রহ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বিরোধিতা করছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

এ নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

এদিকে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। উত্তরসূরি সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্বও বহাল রয়েছে।

ইসরাইলের বর্তমান পরিস্থিতিতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রাজনৈতিক জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%