০৩:১০ পি.এম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন দলটির উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেন, "মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি দাজ্জালের জান্নাত।"
বুধবার (২১ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। কিন্তু হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে
তিনি জামায়াতের উদ্দেশে প্রশ্ন করেন, "জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?" তিনি আরও বলেন, "এই পথ কি ভোটের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ?"
এছাড়া তিনি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়া, রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং ‘আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা’—এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন।
পোস্টে তিনি আরও প্রশ্ন তোলে বলেন, "একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করা— এ কেমন পথ?" তিনি গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার অভিযোগও তোলেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, "মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!"
আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন