ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, ৩৮৯৭ গ্রাহকের তথ্য ফাঁস


ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, ৩৮৯৭ গ্রাহকের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য সাইবার হামলার ফলে ফাঁস হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ বুধবার (২১ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, ডার্ক ওয়েবে প্রকাশিত তথ্যগুলোর মধ্যে গ্রাহকদের পূর্ণ নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ঠিকানা এবং আবাসিক ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, গ্রাহক শনাক্তকারী তথ্য এবং ঋণসংক্রান্ত কিছু সংবেদনশীল নথিও ফাঁস হওয়া রেকর্ডের অংশ।

ঘটনার প্রকৃতি ও ব্যাপ্তি নির্ধারণের জন্য এসবিআই একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে নিয়োগ দিয়েছে। এই সংস্থা ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত এবং মূল্যায়ন শুরু করেছে।

আরও পড়ুন: দলের কাঠামোতে কোনো পরিবর্তন হয়নি: গুঞ্জন উড়িয়ে জানালো পিটিআই

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার ফলে তাদের মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সক্ষমতা অথবা দৈনন্দিন কার্যক্রমের ধারাবাহিকতায় কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করে অনলাইনে প্রকাশ বা অপব্যবহারের ঝুঁকি ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই

শিশুদের জন্য টিকটকের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বারবার সতর্ক করেছিলেন খোদ কর্মীরা। অভিযোগ উঠেছে যে, কর্মীরা এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও টিকটক কর্তাব্যক্তিরা তাতে তেমন গুরুত্ব দেননি।

জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে সম্প্রতি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘টেকক্রাঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, টিকটকের কর্মীরা প্ল্যাটফর্মটিতে শিশুদের যৌন শোষণ এবং আত্মহত্যার মতো সংবেদনশীল কনটেন্ট প্রকাশ পাওয়ার ঝুঁকি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন। তারা এমন গুরুতর আশঙ্কার কথাও জানিয়েছিলেন যে, প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্কদের ছবি বা ভিডিও অর্থের বিনিময়ে যৌন উদ্দেশ্যে কেনাবেচা হতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ব্যবহারকারীদের সঠিক বয়স নির্ধারণের জন্য টিকটক কোনো নির্দিষ্ট জরিপ পরিচালনা করেনি। কারণ, এই জরিপের ফলাফল প্রকাশ পেলে তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)-এর সঙ্গে শেয়ার করতে হতে পারত, যা নিয়ে কোম্পানির মধ্যে এক ধরনের অনীহা ছিল।

শিশুদের সুরক্ষার বিষয়টি অস্বীকার না করে টিকটক জানিয়েছে যে, তারা ট্রাস্ট অ্যান্ড সেফটি (নিরাপত্তা ও আস্থা) খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এ ছাড়া, অভিভাবকদের জন্য ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে বাবা-মায়েরা তাদের কিশোর বয়সি সন্তানদের টিকটক ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন।

তবে এই সমস্ত পদক্ষেপের পরেও শেষ রক্ষা হয়নি।

শিশু সুরক্ষায় ব্যর্থতা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে টিকটকের পাশাপাশি মেটা, গুগল ও স্ন্যাপের মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শত শত মামলা একত্রিত করে বিচার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি নেতাদের শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


এনসিপি নেতাদের শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি রক্ষা, সামাজিক সৌহার্দ্য জোরদার এবং শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের রাউজানে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

নারায়ণগঞ্জে পূজার আবহে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণের উদ্দেশ্যে জেলা ও মহানগর এনসিপির নেতারা নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ জুলাই শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান উপস্থিত ছিলেন। নেতারা রিয়া গোপের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অন্যদিকে, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে এনসিপি রাউজান উপজেলা শাখার উদ্যোগে মন্দির পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাউজান উপজেলার নোয়াপাড়া ঝিকুটিপাড়া শ্রী শ্রী জ্বালা কুমারী বিগ্রহ মন্দির, গশ্চি দাশপাড়া দুর্গা মন্দির, পাহাড়তলী শ্রী শ্রী জ্বালাকুমারী ও দুর্গা মন্দির এবং দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক বিশেষ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলা এনসিপির সদস্যসচিব আরমান হোসাইনের সঞ্চালনা ও জাহেদুল করিম বাপ্পির স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অ্যালায়েন্সের নেতা প্রীতম দাশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক, সদস্য সচিব আবদুল করিম টিপু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, কেন্দ্রীয় নারীশক্তির নেত্রী সাদিয়া আফরিন, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন রনি এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব খান তালাত মাহমুদ রাফি।

এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম মহানগর ও রাউজান উপজেলা এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন স্তরের স্থানীয় নেতা-কর্মীরা সম্প্রীতি সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের পর জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


বিচ্ছেদের পর জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন উঠেছে

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজের নতুন প্রেমের বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এবার তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অভিনেতা ব্রেট গোল্ডস্টেইন। তারা একসঙ্গে ‘অফিস রোমান্স’ সিনেমায় অভিনয় করেছেন। পর্দার রসায়ন কি বাস্তবজীবনে প্রেমের সম্পর্কে রূপান্তরিত হয়েছে, তা নিয়ে আলোচনা চলছে।

যদিও জেনিফার ও ব্রেট আগে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক অস্বীকার করেছেন, তবে সাম্প্রতিক কিছু ঘটনা তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

‘পেজ সিক্স’-এর রিপোর্ট অনুযায়ী, গত ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে এক প্রতিভা ব্যবস্থাপকের আয়োজিত পার্টিতে জেনিফার ও ব্রেটকে একই গাড়িতে আসতে এবং ফিরতে দেখা গেছে। যদিও তারা অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন আলাদাভাবে।

একটি সূত্রের তথ্য অনুযায়ী, ৫৭ বছর বয়সী জেনিফার লোপেজ ও ৪৬ বছর বয়সী ব্রেট গোল্ডস্টেইন পার্টি ও রেস্তোরাঁয় ঘুরতে পছন্দ করেন। সূত্রটি দাবি করেছে, জেনিফারের সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে তুলনা করে ব্রেট বাইরে ঘোরাঘুরি করতে বেশি আগ্রহী। জনসমক্ষে জেনিফারের সঙ্গে সময় কাটানোর সময় অ্যাফ্লেককে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি।

জেনিফার ও ব্রেটকে ঘিরে প্রেমের গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২৫ সালের মার্চে তারা ব্রডওয়ের নাটক ‘ওহ, মেরি!’ একসঙ্গে দেখতে গিয়েছিলেন। তখনো ‘অফিস রোমান্স’ সিনেমার শুটিং শুরু হয়নি।

চলতি বছরের শুরুতে অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে ব্রেটের প্রশংসা করেন জেনিফার। সিনেমায় কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি ব্রেটকে ‘সেরা চুম্বনসঙ্গী’ বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, বহু বছর ধরে জেনিফারের প্রতি ব্রেটের মুগ্ধতার কথা প্রকাশিত হয়ে আসছে। ২০১৯ সালের ডিসেম্বরে তার পডকাস্ট ‘ফিল্মস টু বি বারিড উইথ’-এ জেনিফারের ‘হাস্টলার্স’ সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে তার বয়সের প্রসঙ্গ তোলেন ব্রেট। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এ কী! ৫০! তার বয়স ৫০। আমি তাকে ভালোবাসি।’

তবে এত কিছুর পরেও তাদের প্রেমের গুঞ্জন নিয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। ‘অফিস রোমান্স’ সিনেমার প্রচারের সময় ‘টুডে’ অনুষ্ঠানে সরাসরি এ ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন জেনিফার ও ব্রেট।

অনুষ্ঠানের সঞ্চালক সাভানা গুথরি তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেনিফার বলেন, ‘আমরা প্রেম করছি না।’ ব্রেটও সম্মতি জানিয়ে বলেন, ‘ঠিক।’

জেনিফার আরো জানান, তিনি যার সঙ্গেই কাজ করেন, তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফলে সাম্প্রতিক ঘটনাগুলো নতুন আলোচনা তৈরি করলেও জেনিফার ও ব্রেটের সম্পর্কের বিষয়টি এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, "আমি ঘুমাচ্ছিলাম।" বৃহস্পতিবার বন্ধুবান্ধবরা ফোন করে জানায়, "আপনার নাম উপদেষ্টা হিসেবে দেওয়া হয়েছে। ঢাকায় আসেন।" তিনি বলেন, "আমি কীভাবে ঢাকায় যাব? আমি তো হালিশহরে জুমার নামাজ পড়াই।" পরে বন্ধুরা জানায়, "হঠাৎ শপথের ডাক এলে চট্টগ্রামে থাকলে শপথ নিতে পারবেন না।"

সাবেক ধর্ম উপদেষ্টা আরও বলেন, "আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার ইচ্ছা করলে ক্ষমতা কেড়েও নেন। ক্ষমতা কোনো স্থায়ী বিষয় নয়। সুযোগ পেলে আমরাও জনগণের খেদমত করব।"

গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার আল-মদিনা মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের উপদেষ্টা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ড. খালিদ বলেন, শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। গুলশানে যানজটে আটকে পড়লে বন্ধুর পরামর্শে স্কুটারে করে বঙ্গভবনের দিকে রওনা দেন। পথে বিভিন্নজনের ফোনে জানতে পারেন, টেলিভিশনে তাঁর নাম উপদেষ্টা হিসেবে প্রচার হচ্ছে। পরে রাত সাতটার দিকে মন্ত্রিপরিষদ সচিবের ফোন পান। তাঁকে জানানো হয়, রাষ্ট্রপতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন এবং রাত সাড়ে আটটায় বঙ্গভবনে শপথ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, "বঙ্গভবনে ঢুকে দেখি, ইসলামি দলগুলোর বড় বড় নেতারা উপস্থিত। সবার নাম লেখা আসনে বসে আমরা শপথ নিলাম। শপথের পর সরকারি গাড়ি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমার বাসা চট্টগ্রামে হওয়ায় ঢাকায় একটি রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।"

মুসলমানদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, "যতদিন মুসলমানরা এক ছিল, ততদিন পৃথিবী মুসলমানদের ভয় করত। কিন্তু মুসলমানরা যখন বিভক্ত হয়ে পড়েছে, ভাইয়ের বুকে ভাই ছুরি মারছে, তখনই মুসলমানরা দুর্বল হয়ে গেছে।"

তিনি আরও বলেন, "বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি এবং মুসলিম দেশ রয়েছে ৫৭টি। এত বিপুল জনসংখ্যা ও দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। রাসুলে করিম (সা.)-এর তরিকা ও আল্লাহর ওলি-কেরামের আদর্শ অনুসরণ করে নিজেদের সংশোধন করতে হবে।"

ধর্ম উপদেষ্টা থাকাকালীন নিজের ভূমিকার কথা উল্লেখ করে ড. খালিদ বলেন, "আমি উপদেষ্টা থাকাকালীন এক টাকাও ঘুষ খাইনি। হাজীদের টাকা ফেরত দিয়েছি। সাড়ে আট কোটি টাকা ফেরত দিয়েছি। আরও কিছু টাকা রেখে এসেছিলাম, এই সরকার চার কোটি টাকা ফেরত দিয়েছে। চাইলে এসব টাকা আত্মসাৎ করলে আল্লাহ ছাড়া কেউ জানত না। কিন্তু টাকা-পয়সা বড় বিষয় নয়, ইজ্জত-সম্মানই আসল।"

হজ ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৮০ হাজার মানুষ হজে যান। তাঁদের মধ্যে ছয় হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যান।" হজের কোটা ও চুক্তি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখ কাজী ইকবালের সভাপতিত্বে ও শিক্ষক ও সাংবাদিক এম জুনায়েদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি মাহমুদুল্লাহ। এছাড়াও বিশিষ্ট ওলামায়ে কেরামগন কোরআন - সুন্নাহর আলোকে বয়ান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%