০৪:৫০ এম
অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, স্বাগতিকদের ৩২৯ রানে গুটিয়ে দেওয়ার মাধ্যমে। মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট মাত্র ছয় বলের ব্যবধানে তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি।
অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংবান্ধব উইকেটে স্বাগতিকদের শুরুটা ছিল চমৎকার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি শক্ত ভিত গড়ে তোলে। তারা মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন অ্যাকারম্যান।
বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় আক্রমণাত্মক খেলার চেষ্টা করে অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন অ্যাকারম্যান। ৯৪ বলে ১২টি চার ও ২ ছক্কায় ৯৫ রান করে তার বিদায়ে ভাঙে জুটি। এরপরেই স্বাগতিক শিবিরে হঠাৎ ছন্দপতন ঘটে। অস্ট্রেলিয়া বোলাররা চড়াও হলে মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা বিস্ময় বালক তন্ময় চৌধুরী
জশ হ্যাজলউডের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার আগে মার্করাম করেন ৭৮ রান। এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে (০) দুর্দান্ত এক বলে বোল্ড করেন লায়ন। এরপরই শুরু হয় স্টার্ক-শো! পরপর দুই ওভারে ডেভিড বেডিংহাম (৫০) ও উইয়ান মুল্ডারকে (০) ফিরিয়ে দেন তিনি।
সপ্তম উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন। তবে দিনের খেলার শেষের দিকে নতুন বল হাতে পেয়ে ভয়ংকর হয়ে ওঠেন স্টার্ক। নতুন বলের চতুর্থ ডেলিভারিতে রিকেলটনকে (৪২) এলবিডব্লুর ফাঁদে ফেলেন, আর ঠিক দুই বল পর ইয়ানসেনকেও (৫২) করেন বোল্ড।
নিজের পরের ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে আউট করার পর তৃতীয় বলে কাগিসো রাবাদাকে এলবিডব্লু করে স্বাগতিকদের ইনিংসের ইতি টেনে দেন এই বাঁহাতি পেসার। ৭২ রানে ৬ উইকেট পেয়েছেন স্টার্ক।
গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারানোর পর এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। ঘাড়ের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান স্টিভ স্মিথ। বাদ পড়েন নিক ম্যাডিনসন, বো ওয়েবস্টার ও স্কট বোল্যান্ড। তাদের পরিবর্তে সুযোগ পান ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অলরাউন্ডার কুপার কনোলি ও স্পিনার নাথান লায়ন।
আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন