ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মিরপুরে মজুরি আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যের ওপর হামলা


মিরপুরে মজুরি আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যের ওপর হামলা

রাজধানীর মিরপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রেক্ষাপটে এক পুলিশ সদস্যের ওপর মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কালশী রোডে এই হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি নিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন ব্যক্তি। অন্যদিকে, কিছু লোক তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।

এর আগে, এদিন সকাল থেকে পল্লবীর শিল্প এলাকায় হাজার হাজার শ্রমিক বিভিন্ন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। যখন তারা সড়কে নেমে আসে, পুলিশ বাধা দেয়। তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অসংখ্য যাত্রী মিরপুর ১১ মেট্রো স্টেশনের ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

পুলিশ পল্লবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে অন্তত পাঁচজনকে আটক করে। আটককৃতরা পুলিশের দাবি অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘যখন মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর ১১-এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তারা পুলিশের ওপর হামলারত অবস্থায় ছিল। গ্রেপ্তারকৃতরা কোনো পোশাক শ্রমিক নয়। আমরা তাদের প্রথমে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করেছি। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনকারীদের আমরা প্রধান সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রসিকিউশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে। চিঠিটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে দণ্ডিত করেছে। পাশাপাশি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিরা আপিল করার সুযোগ পান। তবে সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় তারা আর এ সুযোগ নিতে পারছেন না; তাই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য উপদেষ্টা ‘আমার দেশ’ ছেঁড়ার ঘটনায় মন্তব্য করতে চাননি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


তথ্য উপদেষ্টা ‘আমার দেশ’ ছেঁড়ার ঘটনায় মন্তব্য করতে চাননি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি উল্লেখ করেন, রাশেদ খান সরকারি পদে থেকে তার ব্যাখ্যা প্রদান করেছেন। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানালে পরে জানানো হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের ভূমিকা এবং তার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা এভাবে প্রতিক্রিয়া জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তার ব্যাখ্যা একাধিকবার প্রকাশ্যে দিয়েছেন। তিনি বলেন, রাশেদ খান সরকারি পদে থেকেই তার ব্যাখ্যা প্রদান করেছেন। তবে তার বক্তব্যকে সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানালে পরে জানানো হবে।

তথ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি হিসেবে রাশেদ খানের দেওয়া ব্যাখ্যাকে সরকারের অবস্থান হিসেবে গণ্য করা যায় কি না। সরকার এখন পর্যন্ত তার বক্তব্য প্রত্যাখ্যান বা খণ্ডন না করায় এ বিষয়ে সরকারের অবস্থান কী, তা-ও জানতে চান সাংবাদিকেরা।

জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি এ ব্যাপারে মন্তব্য করছি না। কারণ, যিনি এটি করেছেন, তিনি তার ব্যাখ্যা একাধিকবার দিয়েছেন। তিনি সরকারি একটি পদে থাকা মানুষ। তার এই ব্যাখ্যা বারবার এসেছে। বিষয়টি নিয়ে সমাজেও আলোচনা হয়েছে।’

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এলে সেটিই হবে সরকারের অবস্থান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের উশৃঙ্খল আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


সাভার-আশুলিয়ায় শ্রমিকদের উশৃঙ্খল আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ

সাভার ও আশুলিয়ায় আন্দোলনের নামে সড়কে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পোশাক কারখানায় হামলা, সাধারণ মানুষকে হয়রানি ও জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সাভার ও আশুলিয়ার জনগণের মধ্যে।

প্রতিদিন পোশাক শ্রমিকদের উশৃঙ্খল আচরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠছে।

শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে পোশাক শ্রমিকদের নৃশংসতা ও সন্ত্রাসী কার্যকলাপের ফলে পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সাভারের বাসিন্দা আব্দুল কাইয়ুম ক্ষোভ প্রকাশ করে বলেন, "কিছুদিন পর পর পোশাক শ্রমিকদের বিভিন্ন অযৌক্তিক দাবি এবং সেটা নিয়ে সাভার ও আশুলিয়ায় তান্ডব চালিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা নষ্ট এবং সেই সঙ্গে সাভার ও আশুলিয়াকে বসবাসের অযোগ্য করে তুলেছে।"

আশুলিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, "এই সমস্ত উশৃংখল পোশাক শ্রমিকদের সরকার প্রশাসনের মাধ্যমে কঠোর হস্তে দমন করতে হবে। সেই সঙ্গে উশৃংখল আচরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সকল পোশাক শ্রমিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ ও বিক্ষোভের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অত্র অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও পরিবহনযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। কোথাও কোথাও আন্দোলনের নামে যানবাহন ভাঙচুর, কারখানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। শ্রমিকদের অধিকারের কথা বলে সাধারণ মানুষের জানমাল ও জীবিকার ওপর আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একজন ভুক্তভোগী বাসিন্দা বলেন, "আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, রাস্তায় আগুন দেওয়া কিংবা সাধারণ মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে শ্রমিকদের পাশাপাশি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

আরেকজন কর্মজীবী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিদিন জীবিকার তাগিদে আমাদের সড়কে বের হতে হয়। কিন্তু আন্দোলনের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। অনেক সময় জরুরি কাজেও যাওয়া যাচ্ছে না। যারা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।"

স্থানীয় ব্যবসায়ীদের মতে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অস্থিরতা অব্যাহত থাকলে শিল্পাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে।

সচেতন মহলের দাবি, আন্দোলনের নামে যারা যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, কারখানায় হামলা কিংবা সাধারণ মানুষকে হয়রানি করছে, তাদের রাজনৈতিক বা শ্রমিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।

তাদের মতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষকে ব্যবহার করে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।

সাধারণ মানুষের প্রত্যাশা, শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার ও পোশাক কারখানার মালিকপক্ষ যৌথভাবে কঠোর হস্তে মোকাবেলা করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক

মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে এক ব্যক্তিকে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক করা হয়েছে মর্মে এক প্রতিবাদ লিপিতে জানিয়েছে জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
প্রতিবাদ লিপিতে উপজেলা জামায়াত জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের শাহীন শিকদার জামায়াতে ইসলামী ছেড়ে শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনে যোগদান করেছেন মর্মে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, গারুড়িয়া ইউনিয়নে শাহীন শিকদার নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী নেই এবং অতীতেও তিনি কখনো জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন না। সুতরাং তাঁকে জামায়াতের কর্মী হিসেবে উপস্থাপন করে দলত্যাগের যে সংবাদ প্রচার করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন এবং প্রকাশিত মিথ্যা সংবাদটি অবিলম্বে সংশোধন বা প্রত্যাহার করুন।
উল্লেখ্য, এর আগে গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল হক তালুকদারকে জামায়াত নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের খবরটিও বেশ ভাইরাল হয়েছিল। যোগদানের ছবিটি বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জামায়াত নেতা আখ্যা দেওয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। একপর্যায়ে বিতর্কের মুখে ফেসবুক থেকে পোস্ট সড়িয়ে ফেলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%