ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং


ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

ঢাকায় তিন দিনের সফরে পৌঁছেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সফরের সময় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও, তিনি রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং।

বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ার ঘোষণা রাষ্ট্রমন্ত্রীর

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।

এছাড়া প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ইংরেজি দোভাষী শি মেইচি, আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইয়িইয়াং।

আরও পড়ুন: নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। এ সময় তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

একই দিন বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও তার অংশ নেয়ার কথা রয়েছে।

বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন লিউ হাইশিং। এরপর তিনি ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান এবং বর্তমান চ্যান্সারি পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন তিনি।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের ব্যাপক কর্মসূচি

সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ এম


সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের তাদের প্রবেশ কার্ড বা আইডি কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত এবং ওটিপি মাধ্যমে বহু দর্শনার্থী প্রবেশ করে। প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায়, এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন। সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের তাদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে আরও কিছু নির্দেশনা জারি করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণ প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যতটা সম্ভব সীমিত রাখতে হবে।

এছাড়া, দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী ওটিপি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনাও রয়েছে।

এছাড়া, ছুটিতে যাওয়া কর্মকর্তাদের জন্য ছুটিকালীন সময়ে ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খুলনা যাচ্ছেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে। তিনি খুলনা সিটি করপোরেশন এবং বাগেরহাট জেলা সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে নানা রঙের চিত্রকর্ম আঁকা হয়েছে।

এখন পর্যন্ত দেয়ালচিত্র ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের ফলে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে, বরাবরের মতো তোরণ, ব্যানার কিংবা প্লাকার্ড দিয়ে শহর ঢেকে ফেলার প্রথা ভেঙে এবার ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন দলটির নেতাকর্মীরা। তাদের মূল লক্ষ্য হলো অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণ না করে পথজুড়ে শৃঙ্খলার দৃষ্টান্ত উপস্থাপন করা।

অন্যদিকে, শহরের দেয়ালচিত্রে সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। এসব চিত্রকর্মের মাধ্যমে নগরীর সাধারণ দেয়ালগুলোকে ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবিতে রূপ দেওয়া হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে সর্বকালের সর্ববৃহৎ ও স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরে বাংলা রোড দিয়ে পাওয়ার হাউস মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সুদীর্ঘ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে, অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশে অবস্থান নেবেন খুলনাঞ্চলের লাখো নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সফর উপলক্ষে যানবাহন রিকুইজিশন, বিশ্রামের ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকতে গিয়ে যাত্রী দেখেন রংপুরের অটোরিকশাচালক শরিফুল ইসলাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


ডাকতে গিয়ে যাত্রী দেখেন রংপুরের অটোরিকশাচালক শরিফুল ইসলাম মারা গেছেন

রংপুরের মিঠাপুকুরে একটি অটোরিকশার ভেতরে শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক শরিফুল ইসলাম বালুয়া মোড়ে অটোরিকশার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ বিষয়ে বলেন, ‘শরিফুল ইসলাম নামে ওই অটোরিকশাচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি পর্যটকদের আগমনে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ এম


বাংলাদেশি পর্যটকদের আগমনে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন রেকর্ড পরিমাণে কমে গেছে। এর ফলে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় চরম ধস নেমেছে। কলকাতার ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এক সময় চিকিৎসা, কেনাকাটা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি কলকাতা আসতেন। দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরুতেও অনেকেই ভিড় জমাতেন। কলকাতার হাসপাতাল ও মার্কেটগুলোয় বাংলাদেশিদের উপস্থিতি ছিল অত্যন্ত ব্যাপক। কিন্তু বর্তমানে সেই পরিচিত চিত্রে নজিরবিহীন পতন ঘটেছে। মাত্র এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন প্রায় ৭৩ শতাংশ কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সাড়ে ১৭ লাখ বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন। ২০২৫-২৬ সালে সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে ৪ লাখ ৬৬ হাজারে এসে দাঁড়িয়েছে। চলতি বছরের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশিত হয়নি। গত ১৮ আগস্ট কলকাতার নিউমার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর পর্যটকদের আগমনে ব্যাপক ধস নেমেছে।

বিশেষজ্ঞদের মতে, এই অভাবনীয় পতনের পেছনে একাধিক বড় কারণ কাজ করছে। নিরাপত্তা অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেননি পর্যটকরা। ভিসা সংক্রান্ত দীর্ঘসূত্রতা ও জটিলতা, দীর্ঘ অপেক্ষা, সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট এবং প্রশাসনিক জটিলতার কারণে বহু আবেদনকারীর ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়ে গেছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, ডলার সংকট এবং ভ্রমণের অতিরিক্ত ব্যয়বৃদ্ধি বহু মানুষকে বিদেশ সফর থেকে বিরত রেখেছে। রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিও একটি বড় কারণ। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে সীমান্ত পারাপার ও ভ্রমণ খাতে। এই পরিস্থিতির পাশাপাশি বিকল্প পর্যটন গন্তব্যের উত্থান ঘটেছে। বর্তমানে বহু বাংলাদেশি পর্যটক ভারত ভ্রমণের বিকল্প হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা তুরস্কের মতো দেশ বেছে নিচ্ছেন। সহজ ভিসা প্রক্রিয়া এবং সাশ্রয়ী ট্যুর প্যাকেজ তাদের এই দেশগুলোর দিকে আগ্রহী করে তুলছে।

অন্যদিকে, কলকাতার হাসপাতালগুলোয় বাংলাদেশি রোগীদের নিয়ে ব্যবসা শুরু হওয়ায় অনেকেই অসন্তুষ্ট। কলকাতার মুকুন্দপুর এলাকার এক হাসপাতালে পায়ের চিকিৎসার জন্য গিয়ে ৫০-৬০ হাজার টাকার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়। বাংলাদেশি আবু বক্কর জানান, চিকিৎসকরা তাকে ওষুধ না দিয়ে প্রথমেই পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দেন। তিনি জানান, প্রয়োজনে থাইল্যান্ড বা অন্য দেশে গিয়ে চিকিৎসা করাবেন, তবে ভারতে নয়। ক্ষুব্ধ হয়ে সেদিনই ঢাকায় ফিরে যান তিনি।

বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার হোটেল, সুপার স্পেশালিটি হাসপাতাল, শপিং মার্কেট এবং ট্রাভেল এজেন্সিগুলোর ওপর। তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বহু বছর ধরেই ভারতের মেডিকেল ট্যুরিজমের সবচেয়ে বড় উৎস ছিল বাংলাদেশ, যেখানে প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসার জন্য আসতেন।

কলকাতা মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির হায়দার আলী বলেন, ভিসা জটিলতার কারণে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমল থেকেই কলকাতায় বাংলাদেশি পর্যটক আসা ব্যাপক হারে কমেছে। এরপর ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পর আরো ধস নামে। দুই দেশের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হওয়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হচ্ছে।

অন্যদিকে, ভারতীয়দের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে। বিদেশে ছুটি কাটানোর প্রতি ভারতীয় পর্যটকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ৩ কোটি ২৭ লাখেরও বেশি ভারতীয় পর্যটক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। ভারতীয়দের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ ও নেপাল। আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি, সহজ ভিসা পলিসি এবং বাজেট প্যাকেজের কারণে ভারতীয়দের বিদেশযাত্রায় এই উল্লম্ফন ঘটেছে।

পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যেই মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া সহজ করার কার্যক্রম শুরু হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে সংস্কৃতি, চিকিৎসা ও কেনাকাটার টানে আবারও বাংলাদেশিরা ভারতে ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%