ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ


হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের অক্টোবরে ইয়েমেনের আন্তর্জাতিক সীমান্ত এবং প্রধান প্রবেশদ্বার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে হুথি বিদ্রোহীদের দ্বারা। এই হামলাগুলি বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে এবং দেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এডেন বিমানবন্দর, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে, সাধারণ নাগরিক ও মানবিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের হামলার ধারাবাহিকতায় বেসামরিক নাগরিকরা আহত হচ্ছেন এবং অবকাঠামোগত ক্ষতি হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ দেওয়ার পরপরই সেখানে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ বিষয়ে এডেন পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, ‘এডেন বিমানবন্দরের সীমানার ভেতরে সউদী সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা লক্ষ্য করে একটি হুথি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’

সউদী সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর মাসেই একাধিকবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে হুথিরা।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ‘বিবি’ নামে ডাকার কারণ ও রাজনৈতিক উত্থান

ইয়েমেনি সামরিক মুখপাত্র ও পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) সংঘটিত সর্বশেষ হামলায় বিমানবন্দর চত্বরে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

এ পর্যন্ত যা ঘটেছে

২৮ অক্টোবরের হামলা: রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হুথিদের খালি করার সতর্কবার্তার পরই ২৮ অক্টোবর এডেন বিমানবন্দরে হামলা চালানো হয়। ইয়েমেন সরকারের সামরিক সূত্র বেসামরিক নাগরিকদের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে। ঘটনার পর বিমানবন্দরটিতে উড্ডয়ন ও অবতরণসহ সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়।

রানওয়ে সংলগ্ন এলাকায় আঘাত (৭ অক্টোবর): এর আগে ৭ অক্টোবরের এক হামলায় অন্তত দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী বিমান অবতরণের ঠিক আগ মুহূর্তে একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের খুব কাছে এসে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে বিমানটির গতিপথ পরিবর্তন করে সউদী আরবের জেদ্দায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: দীর্ঘ লড়াই শেষে সিডনিতে বাংলাদেশি কমিউনিটির মসজিদের অনুমোদন

উড্ডয়ন ও বিমান নিরাপত্তা নিয়ে ঝুঁকি: অ্যারাব নিউজের বরাতে জানা যায়, ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এসব উপর্যুপরি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, এই আক্রমণগুলো সরাসরি বেসামরিক মানুষের জীবন এবং দেশের আকাশপথের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দরটি দক্ষিণ ইয়েমেনের প্রধান সংযোগস্থল এবং আন্তর্জাতিক ত্রাণকর্মী, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর অন্যতম প্রধান পথ। কিন্তু হুথি বিদ্রোহীদের বারবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে বেসামরিক বিমান চলাচলব্যবস্থা এখন এক অনিশ্চিত সংকটের মুখোমুখি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণায় গ্রেপ্তার নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণায় গ্রেপ্তার নারী

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ কোটি ৯০ লাখ ডলারের প্রতারণার মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মিকিয়া অ্যান্টোনিস নোবল (৩৭) নামের ওই নারীর বিরুদ্ধে মানসিক স্বাস্থ্যসংকটে থাকা ব্যক্তিদের সেবা দেওয়ার নামে ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির বিচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল আদালতের একটি গ্র্যান্ড জুরি নোবলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। নর্থ চেস্টারফিল্ডের বাসিন্দা নোবলকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, নোবল ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সিং কমিউনিটিজ এভরিহোয়ার এলএলসির সহমালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। তিনি নিজেও প্রতিষ্ঠানটির মানসিক স্বাস্থ্য পেশাজীবী হিসেবে কাজ করার দাবি করতেন। তবে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি বিল জমা দেওয়ার সময় যে ধরনের সেবা দেওয়ার কথা উল্লেখ করত, বাস্তবে সেই সেবা দেওয়া হতো না।

অভিযোগপত্রে বলা হয়েছে, নোবল তার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মিলে ভার্জিনিয়ার সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেইডের কাছে ভুয়া বিল জমা দেওয়ার ষড়যন্ত্র করেন। একাধিক প্রশিক্ষিত ও লাইসেন্সধারী পেশাজীবীর মাধ্যমে সেবা দেওয়ার কথা বলে বিল করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তুলনামূলক কম যোগ্যতাসম্পন্ন একজন কর্মী দিয়ে সেবা দেওয়া হতো।

এছাড়া মেডিকেইডের সুবিধাভোগীদের হোটেলে থাকার ব্যবস্থা করতে ২০ লাখ ডলারের বেশি ব্যয় করা হয় বলে অভিযোগ রয়েছে। এর উদ্দেশ্য ছিল, তাদের দিয়ে এমন সেবা গ্রহণের সুযোগ তৈরি করা, যার প্রয়োজন তাদের ছিল না, অথচ সেই সেবার নামে সরকারি কর্মসূচির কাছে বিল জমা দেওয়া হতো।

অভিযোগ অনুযায়ী, যেসব লাইসেন্সধারী পেশাজীবী বাস্তবে সেবা দেননি, তাদের স্বাক্ষর চিকিৎসা নথিতে যুক্ত করা হয়। নোবল নিজেও সেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে নথিতে স্বাক্ষর করেন, যদিও ওই সময়ে তিনি দেশের বাইরে ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের সেবার হিসাব যাচাই করতে আসা মেডিকেইডের পরিচালিত স্বাস্থ্যবিমা সংস্থাগুলোর কাছেও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নোবল ৪ কোটি ৯০ লাখ ডলারের বেশি ভুয়া ও প্রতারণামূলক বিল জমা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

নোবলের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা খাতে প্রতারণার ষড়যন্ত্র এবং প্রতারণার তিনটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে।

মামলাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর রিচমন্ড কার্যালয় এবং ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মেডিকেইড প্রতারণা নিয়ন্ত্রণ ইউনিট। বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সুবিধা কর্মসূচিতে প্রতারণা, অপচয় ও অনিয়ম বন্ধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে অভিযোগপত্রে কারও বিরুদ্ধে অভিযোগ আনা মানেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নোবল নির্দোষ বলে বিবেচিত হবেন।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এ বাংলাদেশের রাকিব হাসানের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এ বাংলাদেশের রাকিব হাসানের উপস্থিতি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর রানওয়েতে হেঁটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ফ্যাশন ডিজাইনার ও মডেল রাকিব হাসান। এবারের আয়োজনে একমাত্র বাংলাদেশি মডেল হিসেবে অংশগ্রহণ করে তিনি দেশের ফ্যাশন অঙ্গনের জন্য বিশেষ গৌরব বয়ে এনেছেন।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রাকিব হাসান। নতুন পরিবেশে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হয় তাঁর নতুন পথচলা। ফ্যাশন জগতে কাজের অভিজ্ঞতা ও মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এই তরুণ মডেল।

এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হলিউড হাইল্যান্ড এলাকার ডলবি থিয়েটারে আয়োজিত লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর রানওয়েতে অংশ নেন রাকিব হাসান। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের এই মঞ্চে একজন বাংলাদেশি মডেল হিসেবে তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য অর্জন।

রাকিব হাসানের এই অংশগ্রহণ শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রতিভাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনাকেও তুলে ধরে। ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং মডেলিংয়ের প্রতি ভালোবাসা তাঁকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ ও পেশাগত দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করছে।

নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রাকিব হাসানের এই পথচলা ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আগামী দিনে আরও বড় অর্জনের মাধ্যমে দেশের পরিচিতি তুলে ধরবেন তিনি- এমনটাই আশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন এই পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

আলী রেজা জানান, "আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।" সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে। তবে, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা এবারও বাস্তবায়িত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

ভর্তি পরীক্ষার ফি সম্পর্কে আলী রেজা বলেন, "এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে।" তবে ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের পর উল্টে গিয়ে সাউদা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু ঘটে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সাউদা মনি ওমরগাঁও গ্রামের ফরিদ মিয়ার কন্যা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু সাউদা মনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতিতে চলা দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে একটি ইজিবাইক উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা পথচারী সাউদা মনির ওপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত ইজিবাইকটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%