১১:৪৮ পি.এম
‘যাঁরা ২০২৬ সালের জন্য ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এই ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।
গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে তার অভিনব ভিক্ষা চাওয়ার পদ্ধতি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই দৃশ্য দেখা যায়।
মোশাররফ হোসেন হাওলাদার নামে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি এবং অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
মাইকে তিনি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে ঘোষণা দেন, “এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।”
এছাড়া, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও তিনি নির্ধারণ করেন। মাইকে ঘোষণা করেন, “আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।”
তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তার কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে তার দাবি।
আরও পড়ুন: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক মো. সুমন নিহত
স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এই অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন