ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক


দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ ১১ জন দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজুল হক এই তথ্য জানান।

এর আগে গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় প্রদান করেন।

আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে

জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী সিরাজুল হক বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, ‘গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের মামলার রায় দিয়েছেন বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ।’

তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকারের সময় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ থেকে ৬০০টি চেক বিতরণ করা হয়।’

তার দাবি, এসব চেকের মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি তুলে দুদক মামলাটি দায়ের করে। ১১টি চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

মামলায় বাদীপক্ষ আদালতে ২৮ জনের সাক্ষী উপস্থাপন করেন। তবে অভিযোগ প্রমাণ করতে তারা ব্যর্থ হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের খালাস দেন। মামলার এক আসামি বিচার কাজ চলাকালীন সময়ে মারা যান।

সিরাজুল হক বলেন, ‘পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘এই রকম মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা থাকার প্রয়োজন।’

আদালতে মামলার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ ১১ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৭০ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শুক্রবার অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩৮ জন, তেজগাঁও থানায় ১৬ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩১ সাল পর্যন্ত নয়টি দল নিয়ে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


২০৩১ সাল পর্যন্ত নয়টি দল নিয়ে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরিধি বৃদ্ধির বিষয়ে আলোচনা চললেও, বর্তমান কাঠামোতে থাকার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুই চক্রে নয়টি দল নিয়ে প্রতিযোগিতা চালানোর সুপারিশ করেছে। আইসিসির বোর্ড সভায় এই সুপারিশ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এর ফলে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো পূর্ণ সদস্য দেশগুলো আপাতত ডব্লিউটিসির বাইরে থাকবে।

আসন্ন ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ২০২৭-২৯ এবং ২০২৯-৩১—এই দুই চক্রের জন্য বর্তমান কাঠামো বজায় রাখার পক্ষে আইসিসির অবস্থান। যদিও সাম্প্রতিক সময়ে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে জোরালো আলোচনা হয়েছে। বিশেষ করে ১২টি পূর্ণ সদস্য দেশকে একই বিভাগে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের একটি প্রস্তাব গুরুত্ব পেয়েছিল।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুইসের নেতৃত্বে আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ এই প্রস্তাবটি সামনে এনেছিল। ডব্লিউটিসির বাইরে থাকা আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে এই প্রস্তাবের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তাদের যুক্তি হলো, টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত না হওয়ায় টেস্ট ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, পদোন্নতি ও অবনমন পদ্ধতি না থাকায় প্রতিযোগিতার শীর্ষ নয় দলে জায়গা করে নেওয়ার সুযোগও সীমিত।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও বর্ধিত প্রতিযোগিতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি ১২ দলের প্রতিযোগিতার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান এখনো স্পষ্ট নয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভ্রমণ ব্যয় এবং আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতা সম্প্রসারণে অনাগ্রহী বলে জানা গেছে।

আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) বৈঠকেও বিষয়টি নিয়ে চার ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। সেখানে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের প্রতিনিধিরা নিজেদের অন্তর্ভুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের মতে, ডব্লিউটিসির বাইরে থাকায় টেস্ট ক্রিকেটে উন্নতির সুযোগ এবং প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির পথ বাধাগ্রস্ত হচ্ছে।

তবে ১২ দলের পরিবর্তে ১০ দলের একটি সমঝোতামূলক কাঠামোর সম্ভাবনাও আলোচনায় রয়েছে। সে ক্ষেত্রে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচিত হতে পারে। ২০২৫ সালে জিম্বাবুয়ে ১০টি টেস্ট খেললেও, চলতি বছর তাদের টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র দুটি। ফলে টেস্ট ক্রিকেটে দেশটির অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও আলোচনা গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে ডব্লিউটিসিতে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার চতুর্থ চক্র এখন শেষ পর্যায়ে। বর্তমান কাঠামো বজায় থাকলে পরবর্তী দুই চক্রেও এই নয় দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত পর্যালোচনাও আইসিসির বোর্ড সভায় উপস্থাপনের কথা রয়েছে। ক্রিকেটের তিন সংস্করণের ভবিষ্যৎ, বাণিজ্যিক সম্ভাবনা এবং কাঠামোগত পরিবর্তন নিয়ে কাজ করেছে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি। বালিতে শনিবার প্রতিষ্ঠানটির একটি উপস্থাপনাও অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ঘোষণা আখতার হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ঘোষণা আখতার হোসেনের

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রশ্নটি সম্পূর্ণ অবান্তর। তিনি উল্লেখ করেছেন, তাকে ফিরিয়ে আনতে হবে আইনগতভাবে এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, সেইসঙ্গে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই দায়িত্ব সরকারের ওপর বর্তায়। আখতার হোসেন বলেন, অন্য কোনো উপায়ে তার ফিরে আসার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, ফিরে আসার নামে নাশকতা ও অগ্নিসন্ত্রাস ঘটানো হচ্ছে।

শনিবার, এই সংসদ-সদস্য যুগান্তরকে জানান, যে খুনি দেশে গণহত্যা, গুম, খুন ও আয়নাঘর করেছে, তাকে প্রতিরোধ করার জন্য দেশবাসী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, "আমরা মাঠে থাকব এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। জুলাই যোদ্ধারা জেগে আছে।"

এর আগে বৃহস্পতিবার রাতে, রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন আখতার হোসেন। তিনি সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানান। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, সরকার এভাবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার পথ খুঁজছে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে অনুষ্ঠিত ওই সমাবেশ শেষে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

আখতার হোসেন বলেন, যে বাড়িতে বছরের পর বছর মানুষ বসবাস করছেন, এমনকি ঘটনার আগের রাতেও সেখানে মানুষ ঘুমিয়েছেন, সেই বাড়িকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত বলছেন। তার এ বক্তব্যে মনে হচ্ছে, আওয়ামী লীগ ও তাদের অগ্নিসন্ত্রাসের দায় সরকার এড়ানোর সুযোগ তৈরি করছে।

তিনি আরও বলেন, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পাচ্ছে। তিনি উল্লেখ করেন, "যদি সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত এবং দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কার্যকর করত, তাহলে তাদের সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ পেত না।"

এ সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, গোয়েন্দা সংস্থায় অনেক কর্মকর্তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কোথায় নাশকতার পরিকল্পনা করছে, কোথায় একত্র হচ্ছে কিংবা কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তা শনাক্ত করতে তারা ব্যর্থ হচ্ছে।

আখতার হোসেন বলেন, সরকার ঘটনা তদন্তের কথা বলছে। কিন্তু ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। ওই ফুটেজে দেখা গেছে, বাইরে থেকে আগুন নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন এখন পর্যন্ত আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়নি, সরকারকে তার জবাব দিতে হবে।

একই সঙ্গে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এনসিপির সদস্য সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফির পদত্যাগের দাবি জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, যিনি ডেমোক্র্যাট দলের সদস্য। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ডাফির অপসারণেরও দাবি করেছেন। সিএনএনের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ক্যাথি হোকুল শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ থাকার ঘটনার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

গভর্নর মন্তব্য করেন, ‘দীর্ঘস্থায়ী এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট এবং বারবার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে শন ডাফির দায়িত্বকালীন সময়ে আমাদের বিমান চলাচল ব্যবস্থায় গুরুতর ত্রুটি একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসবের মধ্যেও তিনি নিজের সংস্থার সংকট সমাধানের পরিবর্তে নিজের রিয়েলিটি শো-তে অভিনয় করার দিকে বেশি মনোযোগ দিয়েছেন।’

ক্যাথি হোকুল শুক্রবারের ফ্লাইট বন্ধের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেসের প্রতি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

শুক্রবারের ফ্লাইট বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। শুক্রবারের জটিলতা কাটিয়ে বিমান চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।

শন ডাফি গতকালকের বিরল দেশব্যাপী বিমান চলাচল স্থগিতাদেশের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত ডেটার চাপের কারণে অচল হয়ে পড়া রাউটারগুলোকে দায়ী করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%