ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬


আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভ্যাটসহ ভরিতে দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত সেই দামেই আজ শনিবারও স্বর্ণ বিক্রি হবে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮.৩৪%

 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়, কমানো হয়েছিল ২৯ বার।

আরও পড়ুন: সরকার উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে: অর্থ উপদেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর দুর্ঘটনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর দুর্ঘটনায় মৃত্যু

চারপাশে আনন্দ এবং আত্মীয়স্বজনের কোলাহল ছিল। দুবাই প্রবাসী খোরশেদ আলম নতুন বউ নিয়ে হাজির হয়েছিলেন চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে। দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি। খোরশেদ আলম ১৪ অক্টোবর আবার প্রবাসে চলে যাবেন।

কিন্তু নিয়তির নির্মম লিখনে সেই বিয়ের আনন্দঘন বিকেলটি মুহূর্তের মধ্যেই বিভীষিকাময় বিষাদে পরিণত হলো। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার সময় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ‘নন্দনপার্ক কমিউনিটি সেন্টার’ থেকে বোনের বিয়ে শেষে স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর

সড়কের এক মারাত্মক বাঁকে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন খোরশেদ আলম। মুহূর্তেই বাইকটি সজোরে ধাক্কা খায় আইল্যান্ডের সঙ্গে। ধাক্কার তীব্রতায় সড়কে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দুজনই। বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। রক্তে ভেসে যায় সড়ক।

কিন্তু ততক্ষণে সব শেষ—ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ। আর পাশে রক্তাপ্লুত অবস্থায় কাতরাচ্ছিলেন ১৮ বছরের তরুণী রায়সা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। নিহত খোরশেদ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের খায়ের আহমেদের ছেলে।

মাত্র দুই মাস আগে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর পাড়ের ওসমান গণির মেয়ে রায়সার সঙ্গে তার বিয়ে হয়েছিল। যে হাতে কিছুদিন আগে বিয়ের মেহেদির রঙ লেগেছিল, সেখানে আজ শুধুই স্বজনদের অশ্রু আর হাহাকার।

রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাজান বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মধ্য আমেরিকার দেশ পানামা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৭ দশমিক ৭, যা দক্ষিণাঞ্চলে আঘাত হানে।

শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের পিতালোজা আররিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থানে ভবন ও স্থাপনার ক্ষতি হয়েছে। উপকেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল দূরের পেনোনোমে শহরে একটি গির্জার চূড়ার অংশ ধসে পড়েছে। একইভাবে, আরেকটি ভবনের সামনের দেয়ালও ভেঙে গেছে। পর্যটন শহর প্লায়া ভেনানোতে একটি বহুতল ভবন ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়েছে। পানামা খালের ওপর সেন্টেনিয়াল সেতুর কাঠামোও কাঁপতে দেখা গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ভূমিকম্পের পর পানামা সিটির দুটি মেট্রো লাইনের চলাচল বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। দিনের বাকি সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল করেছে। প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটি পরাঘাতের প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৬। পূর্বে উপকূলে সম্ভাব্য সুনামির ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হকার উচ্ছেদের পর মিরপুর-১০ নম্বরে চলাচলে নেই চিরচেনা ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


হকার উচ্ছেদের পর মিরপুর-১০ নম্বরে চলাচলে নেই চিরচেনা ভোগান্তি

ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের ফলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকার দৃশ্যপট পরিবর্তিত হয়েছে। আগের মতো আর নেই কোলাহল ও ভোগান্তি। পথচারীরা ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করছেন, এবং মূল সড়কেও যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছ লাগানো হচ্ছে। তবে নগরবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে যে, যদি আবার দখল হয়, তাহলে আগের ভোগান্তি ফিরে আসবে।

এক সময় হোপ মার্কেট এলাকার ফুটপাতের একটি অংশ ছিল হকারদের দখলে। এই ফুটপাত দিয়ে হাঁটার সময় ভিড়ের মধ্যে বারবার ধাক্কা খেতে হতো। অন্য পাশের ফুটপাতও ছিল প্রায় ব্যবহারের অযোগ্য। হকারদের দখলে হারিয়ে গিয়েছিল পথচারীদের চলাচলের জায়গা।

ফুটপাতজুড়ে দোকান বসিয়ে চলত কোটি টাকার বাণিজ্য। সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগও ছিল। তবে উচ্ছেদ অভিযানের পর পুরো এলাকার চিত্র পাল্টে গেছে। দখলমুক্ত ফুটপাতে এখন পথচারীরা স্বস্তিতে হাঁটছেন।

আগে অবৈধ দোকান ও ব্যবসায়ীদের কারণে যে পথে চলাচল ছিল দুর্ভোগের, সেখানে এখন ফিরেছে স্বাভাবিক পরিবেশ। ডিএনসিসির উচ্ছেদ অভিযানের প্রভাব আশপাশের সড়কেও পড়েছে। হকার ও ক্রেতাদের ভিড় কমে যাওয়ায় সড়কে জটলা কমেছে। যানবাহন চলছে তুলনামূলক স্বাভাবিক গতিতে। ক্রেতাদের আকৃষ্ট করতে হকারদের হাঁকডাকও নেই।

এক পথচারী মন্তব্য করেন, ‘আগে ভিড়ের কারণে নিঃশ্বাস নেয়া যেত না। এখন স্বস্তিতে চলাচল করতে পারছি। আগে ফুটপাতে চাঁদাবাজির টাকা নানা ভাবে বণ্টন হতো। সেই বণ্টন প্রক্রিয়া বন্ধ হয়েছে। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’

ফুটপাতের দোকান ঘিরে নারী হয়রানির অভিযোগও ছিল। এক নারী পথচারী বলেন, ‘আমরা নারীরা যখন এখান দিয়ে যাতায়াত করতাম, তখন নানা ধরনের ইভটিজিংয়ের শিকার হয়েছি। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে আরও বেশি হয়রানি করা হতো।’

দখলমুক্ত হওয়ায় এ ধরনের ভোগান্তি কমেছে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই পরিবেশ যেন দীর্ঘস্থায়ী হয়। এক শিক্ষার্থী বলেন, ‘যানজটের কারণে বাসায় ফিরতে দেরি হতো। কখনও দুইটার জায়গায় সাড়ে তিনটা, আবার কখনও চারটা বেজে যেত। এতে পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য এলাকার ফুটপাতও দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘মিরপুর-১০ নম্বরের মতো এক নম্বরসহ যেসব মার্কেটের সামনে মূল সড়ক ও ফুটপাত দখল হয়ে আছে, সেসব জায়গায় একই পদ্ধতিতে অভিযান চালানো হবে। উচ্ছেদের পর যাতে আবার দখল না হয়, সে ব্যবস্থাও নেয়া হবে। দীর্ঘদিন ধরে মানুষের যে প্রত্যাশা ছিল, তা আগে বাস্তবায়িত হয়নি। এখন একে একে সেই কাজগুলো করা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।’

দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছ লাগানো হচ্ছে। নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ফুটপাত যাতে আবার দখল না হয়, সে জন্যও নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে এই স্বস্তি কত দিন স্থায়ী হবে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়লো, দেশে ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়লো, দেশে ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা

সপ্তাহের শুরুতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর স্বর্ণ কেনার প্রবণতা কম দামে বেড়ে গেছে। একই সঙ্গে ব্যবসায়ীরা মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করছেন। এই পরিস্থিতিতে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৪ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে শক্তিশালী ডলার ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইল্ড বৃদ্ধির চাপের কারণে বুধবার স্বর্ণের দাম দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৬ দশমিক ৩ ডলারে স্থির হয়েছে।

স্টোনএক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান রোনা ও'কনেল মন্তব্য করেন, ‘৪ হাজার ডলারের কাছাকাছি একটি নিম্নস্তর তৈরি হওয়ায় কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। এতে স্বর্ণের দামও বেড়েছে ফেডের সুদের হার আরও একবার বাড়ানোর বিষয়টি এরইমধ্যে বাজারদরে প্রতিফলিত হয়ে থাকতে পারে। একইভাবে সরকারি খাতের অব্যাহত নিট স্বর্ণ কেনার প্রত্যাশাও দামে অন্তর্ভুক্ত হয়েছে। অপ্রত্যাশিত বড় কোনো ঘটনা না ঘটলে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে হয় না।’

বুধবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড দুই দশকেরও বেশি সময়ের সর্বোচ্চ অবস্থান থেকে কমে এসেছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম। বৃহস্পতিবার তিনি বলেন, মুদ্রাস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৯ শতাংশ বলে মনে করছেন ট্রেডাররা। এ ছাড়া ডিসেম্বরের মধ্যে অন্তত একবার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ার সম্ভাবনা দেখছেন ৮৪ শতাংশ ট্রেডার।

সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ কোনো সুদ বা মুনাফা দেয় না। ফলে উচ্চ মুনাফা পাওয়া যায় এমন সম্পদের তুলনায় স্বর্ণে বিনিয়োগ কম আকর্ষণীয় হয়ে ওঠে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান জানান, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশ স্বর্ণের দামে পরবর্তী বড় উত্থানের অনুঘটক হতে পারে।’

তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি যদি প্রত্যাশার তুলনায় বেশি থাকে এবং ফেডকে আরও দ্রুত সুদের হার বাড়ানোর পথে ঠেলে দেয়, তাহলে স্পট মার্কেটে স্বর্ণের দাম আবারও মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৪ হাজার ডলারের সমর্থনমূল্য পরীক্ষা করতে পারে।

এদিকে, বিশ্ববাজারে দাম বাড়লেও চলতি সপ্তাহে ভারতে স্বর্ণের চাহিদা ছিল মন্থর। অন্যদিকে, ছুটির কারণে লেনদেনের সময় কম থাকায় বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা চীনের বাজারেও লেনদেন ছিল নিরুত্তাপ।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮৫ দশমিক ৬৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৬ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। তবে সপ্তাহজুড়ে এই দুই ধাতুর দাম কমার দিকেই ছিল।

এদিকে, গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই দাম অনুযায়ীই দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%