০৯:৫৬ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী স্পেনের বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করছে। এর উদ্দেশ্য হলো রপ্তানি বাজারের সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করা এবং দেশের পণ্যগুলোর প্রচার করা।
বার্সেলোনার বিশ্বখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক-এ আজ শুরু হওয়া তিন দিনব্যাপী এ বাণিজ্য মেলা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে এবং চারটি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করছে। এছাড়া, মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি স্টলে রপ্তানিবিষয়ক বিভিন্ন প্রকাশনা, জার্নাল ও নথিপত্র প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
এবারের মেলায় বাংলাদেশ, স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ বিশ্বের ১২টি দেশের ৩০০টিরও বেশি শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নান, অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্পেনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে বলেন, "দেশের রপ্তানি আয় বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"
আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু
স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "জার্মানিকে অতিক্রম করে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে।" এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থার প্রতিফলন।
রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুডিসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সার্বভৌম ঋণমান মূল্যায়ন ও অর্থনৈতিক পর্যালোচনায় ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধির প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
মেলাটির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা ও ডিজাইনারদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ্যমে বৈশ্বিক টেক্সটাইল খাতের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে
মেলায় বিভিন্ন ধরনের ওভেন ও নিটেড ফ্যাব্রিক, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রদর্শন করা হচ্ছে। এতে বাংলাদেশের প্রদর্শিত তৈরি পোশাক ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করেছে।
এবারের মেলায় বিশ্বখ্যাত ‘পেক্লার্স প্যারিস’-এর পরিচালনায় ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরবরাহকারীদের জন্য ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং প্রতিযোগিতামূলক মূল্যে অর্ডার পাওয়ার ক্ষেত্রে এ এক্সপো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
মেলায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট লিমিটেড, সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড রাইমেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা অ্যাটায়ার কম্পোজিট এবং গেট ওয়ার্ল্ড অ্যাটায়ার ট্রিমস।
আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন