০৯:৪০ পি.এম
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সুয়েজ ও পানামা খালের মতো গুরুত্বপূর্ণ নৌ-রুট ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হওয়ায় এশিয়ার দেশগুলো নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে। এশিয়ার এই বিশাল চাহিদাকে কাজে লাগিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এলএনজি কানাডা চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত (এফআইডি) অনুমোদন করেছে। প্রকল্পটির অংশীদার হিসেবে শেল, পেট্রোনাস, পেট্রোচায়না, মিতসুবিশি কর্পোরেশন এবং কোগাসের সম্মতির ফলে এর রফতানি সক্ষমতা দ্বিগুণ হয়ে বার্ষিক ২৮ মিলিয়ন টনে পৌঁছাবে।
ওয়েল প্রাইস ডটকমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিডার এলএনজি এবং উডফাইবা প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হলে ২০৩০ সালের মধ্যে কানাডার মোট বার্ষিক এলএনজি রপ্তানি সক্ষমতা ৩৩ মিলিয়ন টনে দাঁড়াবে।
এশিয়ার নজর কেন কানাডায়?
আরও পড়ুন: গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা শাহবাজ শরিফের
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি বা লোহিত সাগরের চলমান সংকটের কারণে এশিয়ার দেশগুলো এখন দীর্ঘমেয়াদি এবং নিরাপদ সরবরাহের নিশ্চয়তা খুঁজছে। কানাডার ভৌগোলিক অবস্থান তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা প্রদান করছে।
ব্রিটিশ কলাম্বিয়া উপকূল থেকে প্রশান্ত মহাসাগর হয়ে এশিয়ায় পৌঁছাতে একটি এলএনজি ট্যাংকারের জন্য মাত্র ৮ থেকে ১১ দিন সময় লাগে। অন্যদিকে, ইউএস গালফ কোস্ট থেকে পানামা খাল হয়ে আসতে সময় লাগে ২০ থেকে ২৪ দিন।
ঝুঁকিপূর্ণ ও যুদ্ধবিক্ষুব্ধ নৌ-রুট এড়িয়ে সম্পূর্ণ উন্মুক্ত মহাসাগরীয় রুট ব্যবহার করা সম্ভব হওয়ায় পরিবহনে ঝুঁকি নেই বললেই চলে।
জলবিদ্যুৎ ব্যবহারের ফলে এই মেগা-প্রকল্পটির কার্বন নির্গমনের মাত্রা অন্যান্য বৈশ্বিক এলএনজি প্রকল্পের তুলনায় অনেক কম। তাই কার্বন ট্যাক্স এবং পরিবেশগত বাধ্যবাধকতার দিক থেকে এশিয়ার দেশগুলোর জন্য এটি বেশ আকর্ষণীয়।
আরও পড়ুন: ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে প্রচারাভিযান শুরু করেছে কর্মীরা
দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পূর্বাভাস
গবেষণা সংস্থা উড ম্যাকেঞ্জির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এশিয়ার উদীয়মান অর্থনীতির কারণে ২০৬০ সালের মধ্যে এলএনজির চাহিদা বর্তমানের ২৬০ মিলিয়ন থেকে দ্বিগুণ হয়ে ৫০০ মিলিয়ন টনে পৌঁছাবে। কানাডার এই সময়োপযোগী সম্প্রসারণ এশিয়ার সেই বর্ধিত চাহিদার একটি বড় অংশ পূরণ করতে প্রস্তুত।
উড ম্যাকেঞ্জির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান জোশুয়া এনগু বলেন, ‘এশিয়ান ক্রেতাদের জন্য কানাডা এমন কিছু সুবিধা দিচ্ছে যা বর্তমান বৈশ্বিক এলএনজি বাজারে বিরল। এখানে রয়েছে বিশাল গ্যাসের মজুদ, প্রশান্ত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার এবং খুব সংক্ষিপ্ত শিপিং রুট। কানাডার এই সম্পদের সুবিধা বাস্তব, তবে এর পূর্ণ সুবিধা পাওয়া নির্ভর করবে তারা কতটা প্রতিযোগিতামূলক মূল্যে এবং সময়মতো প্রকল্পগুলো শেষ করতে পারছে তার ওপর।’
এদিকে চলতি বছরের প্রথমার্ধে এশিয়ায় যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহ আগের বছরের তুলনায় ১০৮ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর এশিয়ার ক্রেতারা মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে বিকল্প জ্বালানি সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে।
আরও পড়ুন: দিল্লিতে আতশবাজির ধোঁয়ায় বায়ুর মান 'মারাত্মক' পর্যায়ে
এছাড়াও, কানাডায় ‘কোস্টাল গ্যাসলিংক’ পাইপলাইনের মাধ্যমে কিটিমাটের এলএনজি কানাডা টার্মিনালে প্রতিদিন ২.১ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই পাইপলাইনের মাধ্যমে সস্তা গ্যাস সরাসরি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নিয়ে আসায়, রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের ব্যয়বহুল অবকাঠামো এড়াতে সক্ষম হচ্ছেন এবং এশিয়ার লাভজনক বাজারে কম খরচে গ্যাস পাঠাতে পারছেন।
গবেষণা সংস্থাটি আরো উল্লেখ করেছে, ১২ মিলিয়ন টনের ‘কসি লিসিমস এলএনজি’ প্রকল্প যোগ হলেও কানাডা তাদের প্রধানমন্ত্রী মার্ক কার্নির দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা (বার্ষিক ১০০ মিলিয়ন টন এলএনজি রপ্তানি করে 'এনার্জি সুপারপাওয়ার' বা জ্বালানি পরাশক্তি হওয়া) থেকে অনেক পিছিয়ে থাকবে।
এদিকে এশিয়ার বাজার ধরার জন্য কানাডার সময় ফুরিয়ে আসছে। কারণ যুক্তরাষ্ট্রের সিপি২ এলএনজি, কমনওয়েলথ এলএনজি এবং ডেলফিন এফএলএনজি ১-এর মতো বড় বড় প্রকল্পগুলো এই বছরই চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা বিশ্ব বাজারে আমেরিকার আধিপত্য আরও বাড়িয়ে দেবে।
পাশাপাশি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও নতুন নতুন এলএনজি রপ্তানি প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। মোজাম্বিক, নাইজেরিয়া এবং মৌরিতানিয়া/সেনেগালের মতো উদীয়মান দেশগুলো বিশাল অফশোর (সমুদ্রের মাঝে) গ্যাসক্ষেত্র এবং ভাসমান এলএনজি সুবিধা তৈরি করছে।
আরও পড়ুন: এলডিসি উত্তরণে স্বস্তি, সামনে কঠিন সক্ষমতা অর্জনের পরীক্ষা
অন্যদিকে মেক্সিকো (যুক্তরাষ্ট্রের সস্তা পাইপলাইন গ্যাস ব্যবহার করে প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে রপ্তানির মাধ্যমে) এবং আর্জেন্টিনা তাদের বিশাল ‘ভাকা মুয়ের্তা’ শেল বেসিন ব্যবহার করে এশিয়ার বাজারে দ্রুত গ্যাস পাঠানোর পথ তৈরি করছে। এর ফলে এশিয়ার ক্রেতারা সস্তায় বিভিন্ন দেশ থেকে গ্যাস কেনার সুযোগ পাচ্ছে, যা কানাডার জন্য বড় চ্যালেঞ্জ।
এজন্য এলএনজি রফতানিকারক দেশগুলোর সাথে তীব্র প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে কানাডাকে তাদের অভ্যন্তরীণ অবকাঠামো ও কোস্টাল গ্যাসলিংক পাইপলাইনের সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন