শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৩ পি.এম
স্ট্রোক এমন একটি অবস্থা, যা একজন ব্যক্তির স্বাস্থ্যজনিত সবচেয়ে আকস্মিক ও জীবনহানিকর পরিস্থিতি হিসেবে পরিচিত। যখন মস্তিষ্কের কোনো অংশে রক্তের প্রয়োজনীয় সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্কের কোষগুলো অক্সিজেনের অভাবে পড়ে এবং এই অবস্থায় কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটতে পারে। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ গ্রহণ, জরুরি চিকিৎসা এবং নিয়মিত ব্যায়ামের মতো জীবনযাত্রার অভ্যাসের গুরুত্ব তুলে ধরে।
অনেকেই স্ট্রোক থেকে রক্ষার জন্য প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দেন। প্রাচীনকাল থেকেই হৃদরোগ, রক্ত সঞ্চালন ধীরগতি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় রসুনের ব্যবহার হয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, রসুন কি সত্যিই ইস্কেমিক স্ট্রোকের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে? সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে কিছু তথ্য জানা যাক।
রসুন কীভাবে হৃদযন্ত্র ও মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কাঁচা রসুনের কোয়া যখন থেঁতো বা কুচি করা হয় অথবা চিবিয়ে খাওয়া হয়, তখন একটি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ায় অ্যালিসিন নামক সালফারভিত্তিক সক্রিয় যৌগ নিঃসৃত হয়। এই যৌগটি রসুনকে তার নিজস্ব গন্ধ তৈরি করার পাশাপাশি এর ঔষধি গুণাবলি প্রদান করে। শরীরে শোষিত হওয়ার পর অ্যালিসিন একাধিক পথে কাজ করে রক্ত সংবহনতন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তনালীকে সচল ও প্রশস্ত রাখতে সহায়তা করে।
উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে রসুনের ভূমিকা উল্লেখযোগ্য। উচ্চ রক্তচাপ রক্তনালীর দেয়ালকে প্রসারিত করে, যা ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে তোলে, ফলে ফেটে যাওয়ার ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রসুনের নির্যাস রক্তনালীর দেয়ালের ভেতরের মৃসণ পেশীগুলোকে শিথিল ও প্রসারিত করতে সহায়তা করে, ফলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় ধরনের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে।
রসুন বিপজ্জনক রক্ত জমাট বাঁধা প্রতিরোধেও কার্যকর। অধিকাংশ স্ট্রোকই হচ্ছে ইস্কেমিক স্ট্রোক, যা ঘটে যখন ক্ষুদ্র রক্তকণিকাগুলো একত্রিত হয়ে মস্তিষ্কে যাওয়া ধমনীতে কঠিন জমাট বা প্লাগ তৈরি করে। পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল জার্নালের একটি বিস্তৃত গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে, রসুন মৃদু ও প্রাকৃতিক রক্ত তরলকারক হিসেবে কাজ করে, যা রক্তের অণুচক্রিকার আঠালো ভাব কমিয়ে দেয়। ফলে সেগুলো একত্রিত হয়ে রক্ত চলাচল বন্ধ করার মতো বিপজ্জনক জমাট বাঁধতে পারে না।
ধমনী পরিষ্কার ও নমনীয় রাখার ক্ষেত্রেও রসুনের ভূমিকা রয়েছে। দীর্ঘকাল ধরে খারাপ কোলেস্টেরল ও চর্বি রক্তনালীর ভেতরের স্তরে জমে প্লাক নামক শক্ত আস্তরণ তৈরি করতে পারে। এই সরু হয়ে যাওয়া রক্তের মসৃণ প্রবাহকে বেশ কঠিন করে তোলে। জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, নিয়মিত রসুন খাওয়ার ফলে সামগ্রিক খারাপ কোলেস্টেরল হ্রাস পায় এবং প্রধান ধমনীগুলোর ভেতর প্লাক জমার হারও কমে।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদার সিনিয়র কনসালট্যান্ট ডা. অনন্যা শর্মা ব্যাখ্যা করেছেন যে, আয়ুর্বেদে রসুনকে ‘রসোন’ নামে পরিচিত এবং এটি রক্ত সঞ্চালন উন্নত করতে ও হৃদযন্ত্র রক্ষায় মূল্যবান একটি ভেষজ। প্রতিদিন কাঁচা রসুন খেলে শরীরের অবরুদ্ধ চ্যানেলগুলো পরিষ্কার হতে সাহায্য করে, রক্তনালীর দৃঢ়তা কমায় এবং সারা শরীরে রক্তপ্রবাহ মসৃণ রাখে। যেহেতু রসুন প্রাকৃতিকভাবে রক্ত তরল করে, তাই যারা রক্ত তরল করার জন্য ওষুধ সেবন করছেন, তাদের উচিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিয়মিত রসুন খাওয়া।
রসুন খাওয়ার নিয়ম
থেঁতো করে অপেক্ষা করা : প্রথমে রসুনের কোয়া থেঁতো করে নিন বা মিহি করুন বা কুচি করুন, তারপর খাওয়ার আগে ৫-৭ মিনিট রেখে দিন। এই সময়টুকু রসুনের সক্রিয় এনজাইমগুলোকে পরিপূর্ণ অ্যালিসিন তৈরির সুযোগ দেয়।
কাঁচা খাওয়া : রান্না করা রসুন উচ্চ তাপে অ্যালিসিন তৈরির প্রয়োজনীয় উপাদানকে দ্রুত নষ্ট করে দেয়। থেঁতো করা কাঁচা রসুন হালকা গরম পানি দিয়ে গিলে খাওয়া যেতে পারে। আবার কেউ চাইলে এক চামচ কাঁচা মধুর সঙ্গে মিশিয়ে খেলেও এর সব স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা হোটেল শেরাটনে আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন (EURAS) এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CCN-UST) মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির স্বাক্ষর করেন EURAS-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোস্তফা আইদিন এবং CCN-UST-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া, সিসিএন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক সম্মেলন, উদ্ভাবন এবং একাডেমিক উন্নয়নে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান রংপুরে কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, সার বিতরণে যদি কোনো অনিয়ম, কৃত্রিম সংকট বা কৃষক হয়রানির ঘটনা ঘটে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের সার প্রাপ্তি থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
সভায় কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করতে হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের কাছে সার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, সার পরিবহন ব্যবস্থাপনায় যদি কোনো সিন্ডিকেট থাকে, তাহলে তা ভেঙে দেওয়া হবে।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সারের ডিলাররা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকায় তিনটি বিসিআইসি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। এই সময় তিনি সার কিনতে আসা কৃষকদের সঙ্গে আলোচনা করেন।
কৃষি সচিব জানান, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকার উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এর মাধ্যমে কৃষকেরা সরাসরি বিদেশে কৃষিপণ্য রপ্তানির সুযোগ পাবেন।
এ সময় তিনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা যেসব সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পাবেন, সেগুলোও বিস্তারিতভাবে তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে হঠাৎ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার ফলে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের টানা বৃষ্টির ফলে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকার কারণে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সদ্য বপন করা সরিষার জমিতেও পানি জমে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে আমন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যায়। এতে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ মাটির সঙ্গে হেলে পড়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান এখনো পুরোপুরি পাকার অপেক্ষায় ছিল, সেসব জমির ক্ষতির আশঙ্কা বেশি। পাশাপাশি আগে কেটে মাঠে বিছিয়ে রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে। রোদ না থাকায় এসব ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন বিল ও নিচু এলাকার জমিতে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আজমপুর, ধলগ্রাম, নারিকেলবাড়িয়ার সাদিপুর মাঠ, করিমপুর মাঠ, ইন্দ্রা, বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠে তুলনামূলক বেশি পানি জমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
শালবরাট গ্রামের কৃষক লিটন হোসেন বলেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। অনেকের ধান মাঠে কেটে ফেলে রাখা হয়েছে। জমির পানি দ্রুত না সরলে এসব ধান নষ্ট হয়ে যাবে। মাঠের দাঁড়িয়ে থাকা ধানও হেলে পড়েছে।”
ইন্দ্রা গ্রামের কৃষক তোজাম মুন্সি বলেন, “দুই দিনের বৃষ্টিতে মাঠের ধান মাটির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে ধান কাটতে ও ঘরে তুলতে সমস্যা হচ্ছে। ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি আরও বাড়লে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।”
কৃষকদের দাবি, আমন ধানের পাশাপাশি সরিষার আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কৃষক ইতিমধ্যে সরিষা বপন করেছেন, তাঁদের অনেকের জমিতে পানি জমে রয়েছে। অতিরিক্ত পানি দ্রুত না সরলে সরিষার চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আমন ধান ঘরে তোলার আগেই নতুন করে সরিষা আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ হয়েছে সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও আবাদ করেছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন, “বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। কৃষি বিভাগ মাঠের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আগ্রহ রয়েছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার। একই সঙ্গে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।
জয়সওয়াল উল্লেখ করেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ