০৮:২০ এম
দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন প্রধান অতিথি হিসেবে করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করবেন। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করা হয়েছে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে।
এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো বিভিন্ন খেলা। গত সোমবার সাঁতারের সঙ্গে কাবাডি এবং ক্রিকেট খেলাতেও কিশোর কিশোরীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
মোট ছয়টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন।
আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠে লড়াই শুরু হয়ে গেছে সোমবার (২০ জুলাই)। মিরপুরে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে রংপুর ও ঢাকা অঞ্চল উত্তীর্ণ হয়েছে। যদিও বৃষ্টির কারণে খেলা স্থগিত হয়ে গেলে ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে রংপুর চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে।
অন্যদিকে, দিনের অপর ম্যাচে ঢাকা অঞ্চল খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। একইভাবে বালিকাদের বিভাগেও ফলাফল টসের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এখানে রংপুরকে হারিয়ে চট্টগ্রাম অঞ্চল শেষ ষোলোতে প্রবেশ করেছে। তারা কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ সিলেটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন