বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪৭ পি.এম
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি ও অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
অভিযানে মোট ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মী রয়েছেন। বাকি আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উপকূলীয় অঞ্চল খুলনার পাইকগাছায় অবিরাম বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসময়ের এই বৃষ্টির ফলে প্রকৃতি ও আমন ফসলের কিছু উপকার হলেও, সবজি ফসল এবং ইটভাটার জন্য এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, টানা বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বুধবার মধ্যরাত থেকে উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুর থেকে ভারী বৃষ্টিতে পরিণত হয়। অনেকের মতে, অসময়ের এই বৃষ্টি একদিকে শীতের আগমনী বার্তা দিচ্ছে, অন্যদিকে আমন ফসলের জন্য এটি আশীর্বাদ হতে পারে। তবে, যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে সবজি ফসল ও ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে উঠবে।
বান্দিকাটীর কৃষক মুনসুর সরদার মন্তব্য করেন, যেসব আমন ফসলের মাঠের পানি শুকিয়ে গেছে, বৃষ্টির কারণে সেসব জায়গার আমন ফসলের ফলন অনেক ভালো হবে। তবে, যারা পেঁয়াজ, রসুন ও আলুর বীজ বপন করেছেন, তাঁদের জন্য অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এসএমসি ব্রিকসের মালিক নাজমুল হুদা মিথুন জানান, বর্তমানে ইট পোড়ানোর মৌসুম চলছে। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে। এই সময় ভারী বৃষ্টি হলে ভাটামালিকদের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।
এদিকে, টানা বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছেন না। সকাল থেকেই মানুষের চলাচল কমে গেছে। শ্রমজীবী মানুষ ঘরে বসেই দিন কাটাচ্ছেন। দিনমজুর ইউনুস গোলদার জানিয়েছেন, তিনি এদিন কোনো কাজে যেতে পারেননি।
বৃষ্টির সময় কৃষি ফসল সুরক্ষার জন্য কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন।
উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের প্রভাবের ওপর নজর রাখছে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে। প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের জন্য কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গারা অপেক্ষা করছে। বৃহস্পতিবার রায়ের আগে কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছিল কি না, সেটিই মামলার কেন্দ্রীয় প্রশ্ন।
২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে এই মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালের সামরিক অভিযানের মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ওই অভিযানের ফলে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। তাঁদের মধ্যে অনেকে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা করেছেন।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ওই অভিযানটি ছিল সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযান।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের কাছে আইসিজের রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে।
আইসিজের রায় চূড়ান্ত এবং আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি ব্যবস্থা সীমিত। মিয়ানমার রায় মানতে অস্বীকার করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মরক্কো ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আফ্রিকার দেশটি প্রথমবারের মতো বিশ্বসেরা পাঁচ দলের তালিকায় স্থান করে নিয়েছে। এর আগে আরব দেশগুলোর মধ্যে কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
স্পেন, যদিও ইংল্যান্ডের বিপক্ষে হারেছে, তবুও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তৃতীয় স্থানে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। ব্রাজিল বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে।
বুধবার (১৮ নভেম্বর) ফিফার প্রকাশিত আনুষ্ঠানিক র্যাঙ্কিংয়ে মরক্কো দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। তারা আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা পেল। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে নাইজেরিয়া পঞ্চম স্থানে উঠেছিল।
২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে মরক্কো ইতিহাস গড়েছিল। আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে দলটি। সর্বশেষ র্যাঙ্কিংয়ে তাদের এই উত্থানে ভূমিকা রেখেছে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয়।
অন্যদিকে, মিশর এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাবির বিপক্ষে গোলশূন্য ড্র করায় তাদের রেটিং পয়েন্ট কমেছে ৮.৯৮। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তারা তৃতীয় অবস্থানে রয়েছে। আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর মিশর দ্বিতীয় স্থানে রয়েছে।
আলজেরিয়া, আরব দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে, বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে অবস্থান করছে। সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম এবং জর্ডান ৭২তম স্থানে রয়েছে।
এছাড়া, ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম, বাহরাইন ৯৭তম, কমোরোস ১০৭তম, মৌরিতানিয়া ১১০তম, লেবানন ১১২তম, লিবিয়া ১১৩তম, কুয়েত ১৩২তম এবং ইয়েমেন ১৪৭তম স্থানে রয়েছে।
শীর্ষে থাকা স্পেনের পয়েন্ট ২০০৪.৪৮। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। ১৯৬৬.১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা রয়েছে। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় এবং স্পেনের হারের সুবাদে লিওনেল মেসির দল শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে।
ফ্রান্স ১৯৫০.৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। স্পেনকে হারিয়ে এক ধাপ এগিয়ে চারে উঠেছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট ১৯৩৮.৯০। পঞ্চম মরক্কোর পর ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগাল। ব্রাজিল সপ্তম, বেলজিয়াম অষ্টম, নেদারল্যান্ডস নবম এবং কলম্বিয়া দশম স্থানে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ তথ্য প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) নিশ্চিত করেন।
উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
পরে, লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ