০১:১৬ পি.এম
ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার পুন্টো ল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। জলদস্যুরা ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে সেই জাহাজটিকে উপকূলের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে।
সোমালিয়া থেকে আসা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।
জানা গেছে, জাহাজটিতে মোট দশজন নাবিক ও নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। এই দশজনের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক এবং একজন করে তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নিরাপত্তারক্ষী ছিলেন।
আরও পড়ুন: ইরানের ভবিষ্যৎ প্রজন্মের সামরিক প্রশিক্ষণের উদ্যোগে বিতর্কের সৃষ্টি
সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।
এছাড়া, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল বলে জানা গেছে।
কর্তৃপক্ষ ধারণা করছে, জাহাজটি দখল করা জলদস্যুরা এর পূর্বে বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে।
জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান, তবে এ ঘটনার বিষয়ে ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন