০৬:৩০ পি.এম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেড এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য টেলিটকের করপোরেট সিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসি ভবনের ষষ্ঠ তলার হলরুমে এই সিমগুলো কর্মকর্তাদের হাতে তুলে দেন করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘করপোরেশনের পক্ষ থেকে দেওয়া এই করপোরেট সিম বুধবার (১৯ আগস্ট) থেকে সব কর্মকর্তাকে চালু করতে হবে। এরপর দাপ্তরিক ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে তারা এই সিম ব্যবহার করবেন।’
তিনি আরও বলেন, ‘এই সিমের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ যাতে আরো সহজ ও কার্যকর হয়, তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে নাগরিক সেবা প্রদানের পথও আরো সুগম হবে।’
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
তিনি মনে করেন, দ্রুত ও সমন্বিত যোগাযোগ নিশ্চিত করা গেলে নগরবাসীকে আরো কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। তিনি বলেছেন, ‘করপোরেট সিম ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজে কর্মকর্তাদের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় আরো বৃদ্ধি পাবে।’
সিম বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন