ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি, লাদাখে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি


সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি, লাদাখে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

ভারতের লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে প্রশাসন ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। এই সময়কালে তিনি কোনো মিছিল, সমাবেশ বা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। লেহের অতিরিক্ত জেলাশাসকের দপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের এই সিদ্ধান্ত লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

জানা গেছে, ওয়াংচুক আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া লাদাখ হিল কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিলেন। ওই কর্মসূচির সময় তাকে অবস্থানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিস্তারিত কারণ বা বিধিনিষেধের সুনির্দিষ্ট শর্ত সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে, ঘটনার দুই দিন আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক নিজেই গৃহবন্দি থাকার বিষয়টি জানিয়েছিলেন। এবার প্রশাসনের পক্ষ থেকে ৬০ দিনের বিধিনিষেধের বিষয়টি সামনে এসেছে।

আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে

লাদাখের স্বায়ত্তশাসন, সাংবিধানিক সুরক্ষা এবং স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ওয়াংচুক দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তিনি হিমালয় অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়েও সক্রিয়।

তার অভিযোগ ও আন্দোলনের মূল বিষয়গুলোতে লাদাখের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষায় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের দাবি রয়েছে। ফলে তার ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লাদাখের রাজনৈতিক ভবিষ্যৎ, স্বায়ত্তশাসন ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে স্থানীয় আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে ওয়াংচুকের ওপর ৬০ দিনের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সাংবাদিক হেনস্তার অভিযোগে ভূমি অফিসের নায়েবকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ময়মনসিংহে সাংবাদিক হেনস্তার অভিযোগে ভূমি অফিসের নায়েবকে শোকজ

ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য গিয়ে এক সাংবাদিককে গালিগালাজ, হেনস্তা এবং ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছে জেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছেন, তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, সাংবাদিকের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। এই ঘটনার কারণে রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে এবং তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানার জন্য ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত অবস্থায় দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’

এছাড়াও, তথ্য জানার জন্য গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আটকে রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সরকারি দফতরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনা সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এই ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গবেষণা

বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

ইন্টারনেটে রোগের লক্ষণ বা উপসর্গ খোঁজা (সিম্পটম সার্চ) অনেক সময় মানসিক শান্তি প্রদান করার পরিবর্তে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ বা ভীতি বৃদ্ধি করে। সম্প্রতি ফিলিপাইনের মিলেনিয়াল প্রজন্মের ওপর পরিচালিত একটি নতুন গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ অংশগ্রহণকারী পরিমিত মাত্রার ‘সাইবারকন্ড্রিয়া’ বা অনলাইন স্বাস্থ্য-উদ্বেগে ভুগছেন। আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘কিউরিয়াস’-এ এই গবেষণাটি প্রকাশিত হয়। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ফিলিপাইনের পাম্পাঙ্গা অঞ্চলের ২৯ থেকে ৪৪ বছর বয়সি মোট ৪০১ জন মিলেনিয়ালের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৭৪.৮ শতাংশ মাঝারি মাত্রার এবং ৮.৫ শতাংশ উচ্চ মাত্রার সাইবারকন্ড্রিয়ায় ভুগছেন। সাইবারকন্ড্রিয়া একটি মানসিক প্রবণতা, যেখানে অতিরিক্ত ও বারবার অনলাইনে চিকিৎসাসংক্রান্ত তথ্য খোঁজার ফলে মানুষের মনে অসুস্থতার ভয় তীব্র হয়ে ওঠে এবং তারা নিজের শারীরিক উপসর্গ পরীক্ষা করতে বাধ্য হন।

গবেষকরা লক্ষ্য করেছেন যে, এই আচরণের পেছনে চিকিৎসকদের প্রতি কোনো অনীহা বা অবিশ্বাস কাজ করে না। বরং অংশগ্রহণকারীদের অধিকাংশই অনলাইন স্বমূল্যায়নের চেয়ে পেশাদার চিকিৎসকদের ডায়াগনোসিসের ওপর অনেক বেশি ভরসা রাখেন। মূলত বারবার অপ্রয়োজনীয় তথ্য খোঁজা এবং অতিরিক্ত আশ্বস্ত হওয়ার মানসিকতাই সাইবারকন্ড্রিয়াকে বাড়িয়ে তোলে। যেখানে চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বললে রোগীরা স্বস্তি পেলেও একা একা ইন্টারনেটে অজানা উপসর্গ খোঁজা তাদের উদ্বিগ্ন করে তোলে।

কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সাইবারকন্ড্রিয়ার এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। গবেষকদের মতে, নারী অংশগ্রহণকারী, কলেজ ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি, ডেস্ক-বেসড বা ডিজিটালি ইন্টেনসিভ পেশার সঙ্গে যুক্ত মানুষ এবং যারা দিনে ২.১ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে এই স্বাস্থ্য-উদ্বেগের স্কোর অন্যদের তুলনায় বেশি ছিল।

এই সমস্যা মোকাবেলায় গবেষক দল ‘ইজ’ নামক একটি প্রতিরোধমূলক কাঠামোর প্রস্তাব করেছেন, যা ডিজিটাল স্বাস্থ্য সাক্ষরতা উন্নত করা, ইন্টারনেটের সচেতন ও মননশীল ব্যবহার নিশ্চিত করা, টেলি-কনসালটেশনের সুযোগ সহজলভ্য করা এবং কর্মক্ষেত্রে ডিজিটাল সুস্থতা বা ওয়েলনেস কর্মসূচি চালুর ওপর জোর দেয়।

গবেষকদের মতে, মানুষকে শুধু ‘অনলাইনে লক্ষণ খোঁজা বন্ধ করুন’ বললেই সমস্যার সমাধান হবে না। বরং নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য সহজলভ্য করা এবং চিকিৎসকদের পেশাদার পরামর্শের সুযোগ বাড়ানো জরুরি। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এই গবেষণাটি অনলাইনে নন-প্রোবাবিলিটি স্যাম্পলিং বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হওয়ায় এর ফলাফল সব মিলেনিয়ালের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়। প্রস্তাবিত প্রতিরোধমূলক ফ্রেমওয়ার্কটি বাস্তবে কতটা কার্যকর, তা যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদ্যুতিক বিমান নির্মাণে চীনের মাইলফলক: সিই-২৫এ যাত্রায় সফল উড্ডয়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


বৈদ্যুতিক বিমান নির্মাণে চীনের মাইলফলক: সিই-২৫এ যাত্রায় সফল উড্ডয়ন

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) শনিবার (১৪ নভেম্বর) শানডং প্রদেশের বিনঝৌতে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এটি স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার জন্য বৈদ্যুতিক বিমান তৈরির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উড়োজাহাজটি কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না দ্বারা নির্মিত হয়েছে এবং এতে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

পরীক্ষামূলক উড্ডয়নটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল এবং এই সময়ে এটি ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

কোমাক (COMAC) একটি বিবৃতিতে জানিয়েছে, বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং সব পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল।

সিই-২৫এ হলো কোমাক-এর প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান, যা বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে ১৯ জন যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।

বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন, ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার, ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং পাল্লা (রেঞ্জ) ৪০০ কিলোমিটার।

এটি ডানায় বসানো ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ডাক্টেড-ফ্যান প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়।

সূত্র: চায়না ডেইলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধারের দাবি করেছে। কিন্তু আমদানিকারক দাবি করেছেন যে ট্রাকে মোট ৩৩৪ বস্তা জিরা ছিল। ডিবির প্রকাশিত জব্দ তালিকা এবং সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা উল্লেখ করা হয়েছে, যা নিয়ে আমদানিকারকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এ ঘটনায় ৭৪ বস্তা জিরা আত্মসাতের অভিযোগও উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে পুলিশ জানায়, তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং অন্যজন রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া। ডিবি জানিয়েছে, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।

অন্যদিকে, আমদানিকারক মাহবুব উল্লাহ রকি দাবি করেছেন যে, তিনি গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় তিনি জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তার পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।

রকির ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। তিনি জানান, ট্রাক আটকের পর তারা পুলিশকে আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন। রকি দাবি করেন, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করেছে; বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে তিনি বিভ্রান্তিতে পড়েছেন।

তিনি আরো বলেন, প্রশাসনের প্রতি তাদের সব সময় শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং প্রশাসন ব্যবসায়িক নিরাপত্তা দেয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তার আমদানি করা মাল এখনো লোকসানে রয়েছে, আর এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবেন। তারা প্রশাসনের কাছে হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন।

একদিকে আমদানিকারক ও স্থলবন্দর কর্মকর্তার দাবি, ৩৩৪ বস্তার আমদানি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে; অন্যদিকে ডিবি বলছে, ২৬০ বস্তা পাওয়া গেছে এবং কোনো কাগজপত্র দেখানো হয়নি। ফলে ট্রাকে প্রকৃতপক্ষে কত বস্তা জিরা ছিল, বাকি ৭৪ বস্তার হিসাব কী এবং আমদানিসংক্রান্ত কাগজপত্র যাচাই না করেই মালামাল জব্দ করা হয়েছে কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নূর আলম সিদ্দিকী বলেছেন, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি আটকিয়েছে, সেটা তার বোধগম্য হচ্ছে না। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ৩৩৪ বস্তা নয়, তারা ২৬০ বস্তা পেয়েছেন এবং কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেছেন, তারা যতটুকু জানতে পেরেছেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে আজ একটি পক্ষ কাগজপত্র আছে বলে জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেয়নি। আর যদি বেশি মাল জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তাহলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%