বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৫৭ পি.এম
রাজকীয় অনুদান দেওয়ার ক্ষেত্রে মুসলিম শাসকরা হিন্দু ও মুসলিম কবি-লেখকদের মধ্যে কোনো পার্থক্য করতেন না। ফলে দেখা যায়, বাংলা সাহিত্য সৃষ্টিতে দুই সম্প্রদায়ের সাহিত্যপ্রতিভারাই সক্রিয় ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কৃত্তিবাস, মালাধর বসু, শাহ মুহাম্মদ সগীর, যশোরাজ খান, কবীন্দ্র পরমেশ্বর, কৃষ্ণদাস কবিরাজ, বিপ্রদাস পিপিলাই, আমির জয়নুদ্দিন ও সৈয়দ সুলতান। বিশেষ করে ইলিয়াস শাহি ও হোসেন শাহি সুলতানি বংশ বাংলাকে একটি কথ্য উপভাষা থেকে সমৃদ্ধ সাহিত্যের পরিশীলিত ভাষায় রূপান্তরিত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। হোসেন শাহি যুগকে সর্বজনীনভাবে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলে গণ্য করা হয়। হিন্দু পৌরাণিক গ্রন্থ রামায়ণ সুলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহর (১৪১৫-৩১ খ্রিষ্টাব্দ) উদার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাসের হাতে প্রথমবারের মতো বাংলায় অনূদিত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ছেলে সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ ব্যক্তিগতভাবে মহাভারতের বাংলা অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। হোসেন শাহর কিংবদন্তিতুল্য সেনাপতি পরাগল খান ও ছুটি খান সাহিত্য-অনুরাগের জন্য পরিচিত ছিলেন।
দুর্ভাগ্যজনকভাবে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বাংলার সুলতানদের বিরাট অবদান এবং পৃষ্ঠপোষকতার জন্য তাদের প্রাপ্য স্বীকৃতি বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গে কোথাও বড় একটা দেওয়া হয় না। এর তিনটি কারণ আমার মতে রয়েছে।
১. ব্রিটিশ আমল (১৭৫৭-১৯৪৭): ব্রিটিশরা মুসলিম শাসকদের উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। নিজেদের ঔপনিবেশিক শাসনকে বৈধতা দিতে তারা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ধরে মুসলিম শাসকদের খলনায়ক হিসেবে চিত্রায়িত করে এবং তাদের সব গৌরবান্বিত সময়কে ইতিহাস থেকে মুছে বা বিকৃত করে দেওয়ার নীতি অনুসরণ করে।
ব্রিটিশ শাসনে বাংলা-পাক-ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল হিন্দু। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য ব্রিটিশরা হিন্দুদের খুশি করে চলত। আর হিন্দুদের খুশি করতে গিয়ে তারা মুসলমান শাসক ও সাধারণ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ১৯০ বছরের শাসনকালজুড়ে তারা মুসলমানদের অবদান মিটিয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে।
২. পাকিস্তান আমল (১৯৪৭-৭১): ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ক্ষমতা ছিল প্রধানত পশ্চিম পাকিস্তানি এলিটদের হাতে। তারা পূর্ববাংলার এই সমৃদ্ধ মুসলিম ও সুলতানি সাহিত্য-ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ ছিল। একই সঙ্গে তারা মনে করত, বাঙালি সংস্কৃতির পুরোটাই হিন্দু-প্রভাবিত এবং বাঙালিদের ওপর আধিপত্য বজায় রাখতে তারা এই ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে কোনো চর্চা করেনি।
আমার আরেকটা ধারণা, পাকিস্তানের শাসক ও এলিট শ্রেণির লোকরা যদি মেনে নেয় যে, বাংলার মুসলমানদের অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস রয়েছে, তাহলে আমাদের শাসন করার নৈতিক অধিকার অনেকটা কমে যায়। পাকিস্তানিরা বাংলাদেশিদের ডমিনেট করতে চেয়েছে। তাদের এই ডমিনেশনের মধ্যে এক ধরনের বর্ণবাদী ব্যাপার ছিল। পাকিস্তানিরা ছিল আর্যদের বংশধর। পাঁচ হাজার বছর আগে আর্যরা পাকিস্তান অঞ্চলে এসেছিল। আমাদের সম্পর্কে আর্যদের নেগেটিভ ধারণা, সেটি ৪৭-এর পর পাকিস্তানিদের মাথায়ও বংশ পরম্পরায় থেকে গিয়েছিল। এ কারণে বাংলার হাজার বছরের মুসলিম ঐতিহ্য নিয়ে তারা কোনো গবেষণা করেনি।
৩. বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ (১৯৭১-পরবর্তী সময়): ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া কেন বাংলাদেশিদের সাহায্য করেছিল? এই প্রশ্নের দুটি উত্তর আছে। প্রথম উত্তর হলো, ইন্ডিয়া চেয়েছিল তাদের পূর্ব সীমানায় একটা দুর্বল রাষ্ট্র গড়ে উঠুক। যে রাষ্ট্র তাদের ওপর নির্ভর করে থাকবে। ফলে তাদের ডিফেন্স কস্ট কমে যাবে।
ইন্ডিয়া চেয়েছিল পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করে তাদের দুর্বল করে দিতে। কারণ পাকিস্তান ছিল ১৯৮৭-এর পর হিস্টোরিক্যাল এনিমি অব ইন্ডিয়া। ফলে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তারা আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। আর এই সাংস্কৃতিক আগ্রাসনের ফল হলো, আমরা বাংলা মানে কলকাতা বুঝি। আমরা কবি বলতে শুধুই রবীন্দ্রনাথ বুঝি। তারা বলতে শুরু করল, আমরা কালচারালি পিছিয়ে আছি। আমরা বাংলা বলতে পারি না। আমাদের বাংলা উচ্চারণ ভালো না। আমাদের বাংলা লেখা হয় না। এভাবেই তারা আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। এ কারণে তারা আমাদের বাংলার মুসলিম সালাতানাতের ইতিহাস জানতে দিতে চায়নি। জানলে আপনি জেনে যাবেন, বাংলার সার্বিক বিকাশ ও সমৃদ্ধিতে বাংলার সুলতানদের অবদান ছিল সবচেয়ে বেশি।
সুতরাং প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরাই হিন্দু জনগোষ্ঠীকে তুষ্ট করার জন্য মুসলিম শাসকদের অবদানকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষ, সংস্কৃতি ও ইতিহাসকে অবহেলা করেছে। বাংলার গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য আবিষ্কার করার বা বোঝার কোনো চেষ্টা তারা কখনো করেনি। ১৯৭১ সাল থেকে আমরা বাংলাদেশিরা ভারতের তীব্র সাংস্কৃতিক আগ্রাসনের মুখে নিজেদের শিকড় ও ঐতিহ্য খুঁজে পেতে সংগ্রাম করে আসছি। হয়তো জুলাই বিপ্লব আমাদের স্বকীয় বাঙালি মুসলিম সংস্কৃতিকে আবিষ্কার করার এক নতুন সুযোগ এনে দিয়েছে।
সুলতানি আমলে মুসলিম ও দেশজ সংস্কৃতির মিলন মধ্যযুগের বাংলায় একটি প্রাণবন্ত সমাজ এবং নতুন জাতি গঠনের ভিত্তি গড়ে তুলেছিল। পূর্ববঙ্গে ইসলামের সাফল্যই ১৯৪৭ সালে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের উদ্ভব এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের জন্মের ভিত্তি রচনা করেছিল। বৌদ্ধ মিয়ানমার ও হিন্দু ভারতের দ্বারা পরিবেষ্টিত একটি মুসলিম বদ্বীপ হিসেবে আমরা কৌশলগত অবস্থানে রয়েছি। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য মুসলিম বিশ্বে একটি স্বতন্ত্র ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক জনগোষ্ঠী হিসেবে বাঙালি মুসলমানের স্বকীয় পরিচয়কে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে দক্ষতা কাজে লাগিয়ে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম এবং জেলা পরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক উথোয়াই মং মারমা।
সংশ্লিষ্টরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে সেলাই মেশিন সরবরাহ করা হয়েছে। এর ফলে প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেরাই কাজের সুযোগ তৈরি করতে পারবেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীলতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষণভিত্তিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে প্রশিক্ষণার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ার ফলে সুবিধাভোগীরা দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে পারবেন। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার লালমোহনে কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ হওয়া প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশের বিতরণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। তবে, বাকি মাছের সঠিক হিসাব না পাওয়ায় তা কোথায় গেল, সে সম্পর্কে প্রশ্ন উঠেছে।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ওয়েস্ট্রানপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান এবং খুলনা রুটের যাত্রীবাহী চাকলাদার পরিবহন ও মিমজাল পরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়। লালমোহন উপজেলা মৎস্য বিভাগ এবং বাংলাদেশ কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, জব্দ করা মাছ চরফ্যাশনসহ বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছিল। অভিযানের বিষয়ে তথ্য জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমে এ অভিযান প্রকাশ করতে চাননি বলে জানান। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অভিযানে প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, জব্দ করা মাছ এতিমখানা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের কথা থাকলেও বিতরণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। সেই হিসাবে, জব্দ করা মোট ৬৫০ কেজি মাছের মধ্যে প্রায় ৩৫০ কেজির বিতরণ বা ব্যবস্থাপনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য বিভাগের (ক্ষেত্র সহকারী রাজস্ব) কর্মকর্তা মোস্তফা মনোয়ার আলী বলেন, জব্দ করা মাছ কোস্টগার্ডের সহযোগিতায় বিতরণ করা হয়েছে। তিনি ১৫টি এতিমখানায় মাছ বিতরণের কথাও জানান। তবে, বাকি মাছের হিসাব জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করতে বলেন এই কর্মকর্তা।
অন্যদিকে, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আকাশ বলেন, জব্দ করা মাছ মৎস্য বিভাগ বিতরণ করেছে এবং কোস্টগার্ড সহযোগী হিসেবে কাজ করেছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে নামমাত্র মাছ বিতরণ করে বাকি মাছ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
জব্দ করা মাছের মোট পরিমাণ, বিতরণের তালিকা, সুবিধাভোগীদের সংখ্যা এবং অবশিষ্ট মাছের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জব্দ করা মাছ বিতরণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই সনদকে কেন্দ্র করে এনসিপি ও জামায়াতের আস্ফালনের ফলে ফ্যাসিবাদীরা অস্থিরতা সৃষ্টির সুযোগ লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের সাথে আলোচনা করার সুযোগ থাকার পরও জামায়াত-এনসিপি লং মার্চের নামে আহাম্মকি কাজ করেছে।
এ সময় তিনি বিরোধীদলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পায়। তাদের ফিরে আসলে স্থিতিশীল রাজনীতি বজায় রাখা সম্ভব হবে না।
শ্রমিকদের সর্বনিম্ন মজুরিসহ দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; তবুও পতিত ফ্যাসিবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানান নুরুল হক নুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পদ্মা ব্যারাজ প্রকল্পের জন্য ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, শিগগিরই এই মেগা প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হবে। তিনি উল্লেখ করেছেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্পও অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এই কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
মন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, এ বিষয়ে বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি এবং তার পক্ষ থেকেও একটি ব্যক্তিগত চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো জবাব বা দৃশ্যমান সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নতুন উদ্যোগে গঙ্গা চুক্তির সমাধান চান তিনি।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।
সভায় সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ