ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের


এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

ইরান নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজায়ি এই হুমকি প্রদান করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি নতুন হামলা করে, তাহলে ইরান শুধুমাত্র আশপাশের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে না, বরং এমন দূরবর্তী ঘাঁটিতেও আঘাত হানবে যেখানে আগে হামলা হয়নি।

রেজায়ি আরও বলেন, যদি ইউরোপের কোনো দেশ থেকে মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলার উদ্দেশ্যে উড্ডয়ন করে, তাহলে সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা নেই। তবে ইরান সাতটি শর্ত যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে এবং এখন মার্কিন প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরানের প্রথম অগ্রাধিকার হলো সব ফ্রন্টে যুদ্ধের অবসান নিশ্চিত করা, বিশেষ করে লেবাননে চলমান সংঘাত বন্ধ করা।

এছাড়া, তিনি জানান, ইরান ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং ইরানকে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের নিরাপত্তাপ্রধান দাবি করেন, যখন দেশটি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, তখন আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

এদিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।

আধাঘণ্টা ব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের রাজনীতিতে চরম চাপের মধ্যে রয়েছেন। অক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর তিনি ক্ষমতা ধরে রাখার সংগ্রামে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন। বিরোধী দলগুলো একত্রিত হয়ে নতুন সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ায় নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এখন পর্যন্ত বিরোধীদের কঠোর সমালোচনা করে আসলেও, বর্তমান পরিস্থিতির কারণে নেতানিয়াহু ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রস্তাব দিচ্ছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেছেন, "বিরোধী জোট ক্ষমতায় এলে ইসরাইলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।"

তবে রাজনৈতিক বিশ্লেষকেরা নেতানিয়াহুর এই আহ্বান এবং গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশকে রাজনৈতিক কৌশল এবং ক্ষমতা ধরে রাখার জন্য সময়ক্ষেপণের চেষ্টা হিসেবে দেখছেন।

ইসরাইলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন। এতদিন নেতানিয়াহুর জোটের সমর্থক হিসেবে পরিচিত ধর্মভিত্তিক কয়েকটি দল এবার তার পক্ষ ত্যাগ করে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে বিরোধী জোটের আসনসংখ্যা বেড়ে প্রায় ৬৭-তে পৌঁছাতে পারে। ফলে নতুন সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়ে পড়ছে।

নিজের জোটে আসনসংখ্যা ধরে রাখতে এবং সম্ভাব্য দলবদল ঠেকাতে এখন বিভিন্ন দলের সঙ্গে কঠিন দরকষাকষি করতে হচ্ছে তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তি এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তবে নেতানিয়াহুর জন্য ক্ষমতা হারানোর অর্থ কেবল প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার ব্যক্তিগত ভবিষ্যৎ ও আইনি পরিণতি। ক্ষমতা হারালে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলাগুলোতে তাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ইসরাইলি সরকারের ব্যর্থতার দায় নিয়েও নতুন করে জবাবদিহির মুখে পড়তে পারেন তিনি। ওই হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা রয়েছে।

নতুন সংসদে শপথ নিতে যাওয়া অনেক সদস্য ওই হামলায় স্বজন হারিয়েছেন। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটও এই যুদ্ধে নিজের পরিবারের সদস্য হারিয়েছেন। ফলে নতুন সংসদে ৭ অক্টোবরের হামলা এবং সরকারের ব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্তের দাবি আরও জোরালো হতে পারে।

এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিরোধী দলগুলো তাকে আর রাজনৈতিক ছাড় দিতে আগ্রহী নয়। ক্ষমতা হারালে একদিকে দুর্নীতির মামলার আইনি লড়াই, অন্যদিকে ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি—দুই দিক থেকেই চাপের মুখে পড়তে পারেন তিনি।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন। ক্ষমতা ধরে রাখতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করলেও বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

বুধবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এই আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে গুরুত্বপূর্ণ এ বৈঠক আহ্বান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মন্তব্য করেন, বর্জ্যমুক্ত কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এমিনে এরদোয়ানের নেতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্দেশ্য এই উদ্যোগের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

ডা. জুবাইদা রহমান জানান, বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশলের মাধ্যমে বর্জ্য কমানো (রিডিউস), পুনর্ব্যবহার (রিইউজ) এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইকেল) উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ বা এনডিসি ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের অগ্রাধিকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করার কাজ চলছে।

তিনি জানান, ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ডা. জুবাইদা রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন করার কাজও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের হাতে রয়েছে, যা হলো আমাদের সোনালি আঁশ পাট। বাংলাদেশ প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

মিথেন নির্গমন কমানোর বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে একক প্রচেষ্টায় ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যমুক্ত বিশ্বের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। একই সঙ্গে বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, এ আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হওয়া উচিত ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা আগামী দিনের নেতাই নয়, বরং আজকের দিনের সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ অংশীদার।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে কোনো ধরনের ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে। তিনি বলেন, আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।

ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাফনের কাপড়সহ রহস্যজনক চিরকুটে হুমকি: ‘১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নিও’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


কাফনের কাপড়সহ রহস্যজনক চিরকুটে হুমকি: ‘১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নিও’

দুইটি আলাদা বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং একটি রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তির উদ্দেশ্যে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেয়ার কথা লেখা রয়েছে। এই ঘটনায় ওই দুই পরিবারের পাশাপাশি পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের বাচ্চু মালিথা (৩০) এবং মনি ডাক্তার (৪২) নামের দুই ব্যক্তির বাড়ির সামনে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। বাচ্চু মালিথা ওই গ্রামের ফকির মালিথার ছেলে এবং মনি ডাক্তার জসিম উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পৃথকভাবে বাড়ি দুটির সামনে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী এবং চিরকুট দেখতে পান।

 

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালোমন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে, মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগী মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও তিনি এখনই বিস্তারিত বলতে চান না। এই ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি থানায় এসেছেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটো বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় রয়েছেন। ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%