ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল কানাডা


যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় অটোয়ায় তিনি জানান, যুক্তরাষ্ট্র কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এর জবাবে কানাডা মার্কিন পণ্যের ওপর নতুন শুল্ক বসাবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে।

এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ‘কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। ওয়াশিংটন নতুন করে যে পরিমাণ শুল্ক বসিয়েছে, কানাডাও ঠিক সমপরিমাণ শুল্ক আরোপ করবে।’

কানাডা কোনো বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আক্রমণ করলে আপনিও যুদ্ধে জড়াতে বাধ্য হন। আমরা হামলার শিকার হয়েছি।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

শনিবার (২২ আগস্ট) মধ্যরাত থেকে কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। এর আগে শুক্রবার রাতে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়ে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে শেষ মুহূর্তে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ‘অন্যায্য, অর্থনৈতিকভাবে অযৌক্তিক এবং যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে’।

গত জুলাই থেকে দুই দেশের কর্মকর্তারা একটি চুক্তি করার জন্য নিবিড়ভাবে আলোচনা চালিয়ে আসছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১৯ আগস্টের মধ্যে কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের (২৮ বিলিয়ন কানাডিয়ান ডলার) মূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

গত বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা চলছে। ট্রাম্প বিশ্বজুড়ে ব্যাপক হারে শুল্ক আরোপের কর্মসূচি শুরু করলে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দশকের মুক্ত বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি থেকে বড় সুখবর, ইতিহাসের সেরা স্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


আইসিসি থেকে বড় সুখবর, ইতিহাসের সেরা স্থানে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের শেষটা মোটেও সুখকর হয়নি। ব্যাটারদের চরম ব্যর্থতায় ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথমবারের মতো দুই দিনে ইনিংস ও ৫১ রানে টেস্ট হেরেছে শান্তের দল।

তবে শেষ ম্যাচের এমন বিষণ্ণতার মধ্যেও লাল-সবুজের ক্রিকেটের জন্য এসেছে ঐতিহাসিক এক আনন্দের খবর। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে, লাল বলের ফরম্যাটে নিজেদের সর্বকালের সেরা অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ।

আজ (রোববার) আইসিসির পক্ষ থেকে হালনাগাদ করা সবশেষ দলীয় টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এক লাফেই তিন ধাপ এগিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ২৬ বছরের ইতিহাসে র‌্যাঙ্কিংয়ের এত উঁচুতে আগে কখনো উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের মহাকাব্যিক জয় এবং সিরিজ ১-১ সমতায় শেষ করার সুবাদে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট গিয়ে পৌঁছেছে ৭৮-এ। প্রথম টেস্টে অজি বধের ঐতিহাসিক প্রভাবই মূলত এই বিশাল অর্জনের পথ সহজ করে দিয়েছে।

রেটিং পয়েন্টে টাইগারদের সঙ্গে পরবর্তী তিনটি দলের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট।

বাংলাদেশের উত্থানে এক ধাপ করে যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।

এদিকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ ঘোষণা

বাংলাদেশ ব্যাংকে আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) ২০ বছর (অবশিষ্ট ১৯.০০ ও ১৩.৭৩ বছরের জন্য রি-ইস্যু) মেয়াদি দুটি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের জন্য ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির (অবশিষ্ট ১৯.০০ বছরের জন্য রি-ইস্যু) নিলাম আয়োজন করছে।

এবং এই নিলামে ২০২৫ সালের ২৭ আগস্ট ১০ দশমিক ৩০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪৫০৮১২০৮) ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪৫ সালের ২৭ আগস্ট।

আরেকটি বিজ্ঞপ্তিতে ডিসিপি জানিয়েছে, একই দিনে বাংলাদেশ ব্যাংক ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের মধ্যে (অবশিষ্ট ১৩.৭৩ বছরের জন্য রি-ইষ্যু) একটি বিক্রির নিলামও অনুষ্ঠিত করবে।

এ নিলামে ২০২০ সালের ২০ মে ৯ দশমিক ২০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪০৪০১২০৩) ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ডও রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪০ সালের ২০ মে।

উভয় ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলামটি প্রাইসভিত্তিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরো জানায়, নিলামে অংশগ্রহণ করতে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও নিজেদের খাতে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে এই নিলামে বিড দাখিল করতে সক্ষম হবে।

অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। বিড দাখিলের সময় সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করার সুযোগ রয়েছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক জানায়, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী

মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই তথ্য জানান।

রিজভী বলেছেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। তিনি জানান, যুদ্ধের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া মহেশখালীর এলএনজি টার্মিনালে কিছু ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু সেটি মেরামত করা হয়েছে।

তিনি আরও বলেন, এলএনজি ভর্তি কার্গো ইতোমধ্যে এসে পৌঁছেছে। এর ফলে গ্যাসের সরবরাহ এবং চাপ বেড়েছে। একই সাথে লোডশেডিংও কমে এসেছে।

নতুন দায়িত্ব নিয়ে রিজভী বলেন যে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে। নতুন নেতৃত্ব এসব অঙ্গ সংগঠনের দায়িত্ব গ্রহণ করবে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ফিলিস্তিন রাষ্ট্র হতে দেব না’: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ফিলিস্তিন রাষ্ট্র হতে দেব না’: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, যতদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গাজা বা দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না।

নেতানিয়াহুর এই মন্তব্য ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে। আব্বাস উল্লেখ করেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে।

শনিবার (২২ আগস্ট) তাকে আরব শহর তাইবেতে নিজের দলের সাধারণ সম্মেলনে ভাষণ দেয়ার সময় আব্বাস বলেন, তার দল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

আব্বাস তার বক্তব্যে উল্লেখ করেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে এবং বিশ্ব এটিকে স্বীকৃতি দিয়েছে।’ পাশাপাশি তিনি ওয়াশিংটন ও তেল আবিবকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

এদিকে নেতানিয়াহু জবাবে বলেন, ‘আমি যতদিন প্রধানমন্ত্রী থাকব, ততদিন ইরানের নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না।’ আগামী ২৭ অক্টোবর ইসরাইলের সংসদ নেসেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার জোটসঙ্গীরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে।

বর্তমানে নেসেটে লিকুদের আসন সংখ্যা ৩২টি, কিন্তু সাম্প্রতিক জরিপগুলোতে দলটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শুক্রবারের একটি সর্বশেষ জরিপ অনুযায়ী, দলটি আগামী নির্বাচনে মাত্র ২০টি আসন পেতে পারে।

এ ছাড়া ১৯ আগস্ট প্রকাশিত চ্যানেল ১৩-এর এক জরিপ বলছে, নেতানিয়াহুর লিকুদ এবং তাদের কট্টর ডানপন্থি ও অতি-ধর্মীয় জোটসঙ্গীদের মিলিতভাবে ৫১টি আসন পাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, যা ইসরাইলের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১০টি আসন কম।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%