ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কুয়াকাটা সমুদ্রসৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ-ত তিমি উদ্ধার


কুয়াকাটা সমুদ্রসৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ-ত তিমি উদ্ধার

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির মৃত 'বেলিন' তিমি ভেসে এসেছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে সৈকতের কাউয়ার চর বসুধা আইল্যান্ড সংলগ্ন এলাকা থেকে তিমিটি উদ্ধার করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। দৈত্যাকৃতির মৃত তিমিটিকে দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু সময় সংবাদকে বলেন, 'সকালে সৈকতের তীরে পর্যটকদের সেবা দেওয়ার স্থানীয় ট্যুর গাইড সদস্য তরিকুল ইসলাম প্রথম মৃত তিমিটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরবর্তীতে আমরা বন বিভাগকে বিষয়টি অবহিত করি। মৃত তিমিটির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। তিমিটির শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে গভীর সমুদ্রে এটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।'

উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, তিমিটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। কুয়াকাটা উপকূলে বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে, তিনি উল্লেখ করে বলেন, এর আগে ২০১৮ ও ২০২২ সালে একটি করে এবং চলতি মাসের ৩রা জুনও একটি তিমি সৈকতে ভেসে এসেছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও এমন মৃত তিমি, ডলফিন ও কচ্ছপ ভেসে আসার অন্তরালের রহস্য উন্মোচনের দাবি জানান তিনি।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, তিমিটির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি 'বেলিন তিমি' প্রজাতির সদস্য। এরা মূলত সমুদ্রের ক্ষুদ্র প্ল্যাঙ্কটন ও অন্যান্য অণুজীব ছেঁকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সমুদ্রের পরিবেশগত বিপর্যয়, অসুস্থতা, খাদ্যের অভাব, বড় কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষ অথবা সমুদ্রের তীব্র স্রোতের কারণে এমন স্তন্যপায়ী প্রাণী উপকূলে ভেসে আসতে পারে।

অধ্যাপক রাজীব আরও যোগ করেন, তিমিটির মৃত্যুর সঠিক কারণ জানতে বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা ও নমুনা সংগ্রহ জরুরি। এটি বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার জন্য তিমিটির কঙ্কাল সংরক্ষণ করা যেতে পারে।

যেহেতু তিমিটি পচা-গলা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই পর্যটক ও স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রান্ত ইউএনও) ইয়াসীন সাদেক জানান, পরিবেশ রক্ষায় উপরা সংগঠনটি সবসময় কাজ করে। তিমিটি পচে যাওয়ায় পরিবেশ দূষণ রোধে বন বিভাগ এবং পৌরসভার সহযোগিতায় সেটিকে দ্রুত সৈকতের বালুচরে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক এবং বাসিন্দাদের কোনো ধরনের ভোগান্তি বা দুর্গন্ধ পোহাতে না হয়।

আরও পড়ুন: জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেলেন জান্নাতুল নাঈমা!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজ পরিবেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


সবুজ পরিবেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করার জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে সবুজ পরিবেশ ও পরিবেশবান্ধব প্রকৃতি গড়ার অঙ্গীকার নিয়ে বক্তারা বৃক্ষরোপণের আহ্বান করেছেন।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে রংপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এই আহ্বান জানান।

আজ রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চারাগাছ রোপণের মাধ্যমে ‘এক শিশু, এক গাছ’ স্লোগানকে উপজীব্য করে দেশব্যাপী এই কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু।

রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মো. শহিদুল ইসলাম মিজু, যিনি রংপুরে স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে পরিচিত, রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেছেন, মানুষের বেঁচে থাকার জন্য গাছ থেকে অক্সিজেন, ফুল, ফল, খাদ্য ও বিভিন্ন উপকরণ পাওয়া যায়। পরিবেশবান্ধব সবুজ প্রকৃতি সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনও বিকল্প নেই।

প্রধান অতিথি মিজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর একটি দেশব্যাপী উদ্যোগের অধীনে একটি যুগান্তকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘শিক্ষার্থীদের বৃক্ষরোপণে অনুপ্রাণিত করতে তিনি আজ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এরও উদ্বোধন করেছেন। দুর্যোগ মোকাবেলা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ার জন্য বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।’

এই আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারলে তাঁদের মধ্যে বৃক্ষরোপণ-বান্ধব মানসিকতা গড়ে উঠবে। এর ফলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তাঁদের বাড়ির উঠোনে, ক্যাম্পাসে এবং অন্যান্য স্থানে গাছ লাগাতে উৎসাহী হবে, তিনি বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্নতা অভিযানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চাইলেন আফাজ উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


পরিচ্ছন্নতা অভিযানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চাইলেন আফাজ উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের আহ্বান করেন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে।

সোমবার (২৯ জুন) সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালের পাশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

আফাজ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে উত্তরার প্রায় ৬ কিলোমিটার লেক পরিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা জনপ্রতিনিধি হয়েছেন কিংবা ভবিষ্যতে জনপ্রতিনিধি হতে চান, তাদের এখন থেকেই জনসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়া উচিত। বিশেষ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করলে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে।

আফাজ উদ্দিন উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সচেতন নগর গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।

তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করা হবে। সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বনায়নের কোনো বিকল্প নেই।

এই সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকাজুড়ে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটিতে গার্দিওলার উত্তরসূরি মারেস্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


সিটিতে গার্দিওলার উত্তরসূরি মারেস্কা

ম্যানচেস্টার সিটি তাদের নতুন কোচ হিসেবে এনজো মারেস্কার নাম ঘোষণা করেছে। যিনি চেলসি ও লেস্টারের সাবেক কোচ। এই ইতালীয় কোচ ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত মেয়াদে তিন বছরের একটি চুক্তিতে সই করেছেন। এর আগে, মারেস্কা ম্যানচেস্টার সিটির হয়ে কাজ করেছিলেন। ২০২০-২১ মৌসুমে তার নেতৃত্বে সিটির ‘এলিট ডেভেলপমেন্ট স্কোয়াড’ প্রিমিয়ার লিগ ২-এর শিরোপা অর্জন করেছিল।

এছাড়া ২০১৮-১৯ মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ের সময় টীমের সহকারী কোচ হিসেবে গার্দিওলার অধীনে তিনি কাজ করেছিলেন। সম্প্রতি, পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ক্লাব ছাড়ার ঘোষণা দেন তার এক দশকের দায়িত্ব পালনের পর। তার এক মাস পর মারেস্কাকে নিয়োগ দিলে ক্লাবটি। ৪৬ বছর বয়সী মারেস্কার চেলসির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি ছিল, যা তিনি গত জানুয়ারিতে ছাড়েন।

মারেস্কা বলেন, “ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব যা আমি খুব ভালোভাবেই চিনি এবং এ দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ একটি ব্যাপার।” তিনি বলেন, সিটি “অবিশ্বাস্যভাবে সুপরিচালিত” একটি ফুটবল ক্লাব, এবং সেখানে “প্রত্যেকটি কাজই উদ্ভাবনী, সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক।” কোচ হিসেবে এটি “স্বপ্নের মতো একটি পরিস্থিতি” বলে মন্তব্য করেন তিনি।

মারেস্কা আরও জানান, “এটি আমার তৃতীয় অধ্যায় হতে যাচ্ছে। আমি এই ক্লাবটিকে চিনি, এবং এখানকার চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে আমার ধারণা আছে। এখানকার কর্মীদের গুণমানই ক্লাবটিকে অনন্য করে তুলেছে।” তিনি তাঁর সক্ষমতার ওপর আস্থা রাখার জন্য কর্মীদের ধন্যবাদও জানান।

তিনি আরও বলেন, “আমি খেলোয়াড়দের কোচিং করানোর কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি চাই আমরা জয়ী হই, ভালো ফুটবল খেলি এবং ম্যানচেস্টার সিটির প্রতিনিধিত্ব করার চাপটুকু উপভোগ করি।”

মারেস্কার ইংল্যান্ডে প্রথম সিনিয়র ম্যানেজমেন্ট বা প্রধান কোচের দায়িত্ব ছিল লেস্টার সিটিতে। সেখানে তিনি একমাত্র মৌসুমেই 'চ্যাম্পিয়নশিপ' শিরোপা জিতেছিলেন। এরপর তিনি চেলসিতে যোগ দেন এবং ব্লুজদের জন্য কাজ করার সময় উয়েফা কনফারেন্স লিগ জয় করেন। গার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটিতে মারেস্কার নামই সবচেয়ে বেশি আলোচিত ছিল। এখন তিনি ২০২৬-২৭ মৌসুমে আটবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির নেতৃত্ব দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার 'ক্লিনিং ডে' পালন হবে: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার

ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবার 'ক্লিনিং ডে' হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, সিটি কর্পোরেশন ও নগরবাসী যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে আগামী দুই বছরের মধ্যেই রাজধানীতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব। আজ সোমবার নগরভবনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, বিশ্বের দূষিত শহর, যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনার নেতিবাচক সূচকে ঢাকার অবস্থান কোনোভাবেই কাম্য নয়। রাজধানীকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে সিটি কর্পোরেশনকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি শহরকে বদলে দিতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। তার ভাষায়, 'আমি সবসময় বলি ৫০ শতাংশ দায়িত্ব সিটি কর্পোরেশনের, আর ৫০ শতাংশ দায়িত্ব জনগণের। এই দুই পক্ষ যদি শতভাগ দায়িত্ব পালন করে, তাহলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।' আব্দুস সালাম বলেন, একটি আধুনিক নগরের মৌলিক সেবাগুলোর মধ্যে অন্যতম হলো পর্যাপ্ত আলোকসজ্জা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। কোথাও স্ট্রিট লাইট ১৫ দিন, এক মাস কিংবা তারও বেশি সময় ধরে বিকল অবস্থায় পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা বা দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না। তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীরা যদি নিয়মিত ও সঠিকভাবে কাজ করেন, তাহলে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কঠিন নয়। তবে এ ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে হবে। বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা রয়েছে। বাজার ও বাণিজ্যিক এলাকার জন্যও নির্ধারিত বর্জ্য ফেলার স্থান রয়েছে। এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করলে রাজধানীর পরিচ্ছন্নতা অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব। রাজধানীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার বহু খাল বছরের পর বছর ধরে দখল, ভরাট এবং অব্যবস্থাপনার কারণে সংকুচিত হয়ে গেছে। অনেক খালের প্রস্থ ৪০ থেকে ৫০ ফুট থেকে কমে মাত্র ১০ থেকে ১৫ ফুটে নেমে এসেছে। আবার অনেক খাল প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্যে ভরে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, নিয়মিত খাল পরিষ্কার না হওয়া এবং ড্রেনগুলো বর্জ্যে আটকে থাকার কারণে সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায় এবং নগরজীবন অচ’ল হয়ে পড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইতোমধ্যে জলাবদ্ধতার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। যেখানে দ্রুত সমাধান সম্ভব, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে আধুনিক আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তুলে বৃষ্টির পানি সরাসরি বুড়িগঙ্গা নদীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবদুস সালাম জানান, বর্তমানে রাজধানীতে পর্যাপ্ত পানি নিষ্কাশন করিডোর নেই। প্রয়োজন অন্তত ২০ থেকে ৩০টি নতুন নিষ্কাশন পথ। সরকারের সহযোগিতায় চলতি বছর অন্তত দুটি নতুন সংযোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। এগুলো চালু হলে আগামী বছর থেকে জলাবদ্ধতার স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, এবার মৌসুম শুরুর আগেই দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে বিশেষ জরিপ পরিচালনা করা হয়েছে। সেই জরিপে প্রায় ৬০ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিকদের নিজেদের বাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা অন্য যেকোনো স্থানে দুই থেকে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে অসুস্থ হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অনেক বেশি কার্যকর। এ লক্ষ্যেই প্রতি মাসের প্রথম শনিবার 'ক্লিনিং ডে' পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুস সালাম বলেন, ওই দিন নগরবাসীকে নিজ নিজ বাড়ি, ছাদ, আঙিনা, রাস্তার সামনের অংশ এবং আশপাশের এলাকা পরিষ্কার করার আহ্বান জানানো হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, শুধু হোল্ডিং ট্যাক্স বা কর আদায়ের ওপর নির্ভর করলে চলবে না। নতুন নতুন রাজস্ব উৎস তৈরি করতে হবে। এ বিষয়ে সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিয়মিত কর পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়ন এবং বকেয়া রাজস্ব পরিশোধের আহ্বান জানান তিনি। এতে সিটি করপোরেশনের সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। রাজধানীর ফুটপাত দখল ও হকার সমস্যা প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত মানুষ ঢাকায় আসছে। ফলে নগর ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ফুটপাত অবশ্যই পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এজন্য হকারদের জন্য একটি মানবিক, পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সরকার এ বিষয়ে মানবিক অবস্থানে রয়েছে। তাই কাউকে জোরপূর্বক উচ্ছেদ নয়, বরং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। ডিএসসিসি প্রশাসক বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও টেকসই রাজধানী গড়ে তুলতে প্রশাসনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। নাগরিকদের দায়িত্বশীল আচরণ, সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ এবং সিটি কর্পোরেশনের কার্যকর সেবার সমন্বয়েই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য শুধু রাস্তা পরিষ্কার করা নয়। আমরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ স্বস্তিতে বসবাস করবে, নিরাপদ পরিবেশ পাবে এবং নিজেদের শহর নিয়ে গর্ব করতে পারবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তাহলে আগামী দুই বছরের মধ্যেই আমরা একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও উন্নত ঢাকার বাস্তব চিত্র দেখতে পাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%