০৬:০৪ এম
আদালতের নির্দেশনার পরও ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেনি মামলার অন্যতম অভিযুক্ত রিফাত বিন ওসমান। আদালত পুনরায় রিফাত বিন ওসমানকে তার আইনজীবীসহ তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছে।
গতকাল রোববার, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৭তম ধার্য তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু এবং আবু ইশতিয়াক সিদ্দিকী।
এই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাদের মধ্যে আজমেরী ওসমানের ড্রাইভার জমশেদ গতকাল ধার্য তারিখে কারাগার থেকে হাজিরা প্রদান করেন।
আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম
জামিনে থাকা আসামি সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত এবং আবদুল্লাহ আল মামুন পলাতক হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
অন্যদিকে, জামিনে থাকা আসামি তায়েফ উদ্দীন জ্যাকি, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, সাফায়েত হোসেন শিপন, ইয়ার মোহাম্মদ পারভেজ এবং রিফাত বিন ওসমান আদালতে সশরীরে হাজিরা দেন।
মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে এ বছরের ১৪ ডিসেম্বর।
এর আগে ১০৬তম ধার্য তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিফাত বিন ওসমানকে তদন্তকারী কর্মকর্তার অফিসে গিয়ে সাক্ষাৎ করার নির্দেশ দিয়েছিলেন। মামলাটির তদন্ত করছে এসআরবি-১১।
আরও পড়ুন: পিসিটির পর সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি কোম্পানি
২০১৩ সালের ৬ মার্চ, নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর, ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুলতান শওকত ভ্রমর এবং ইউসুফ হোসেন লিটনসহ ১০ জনকে গ্রেপ্তার করে এসআরবি-১১। তাদের মধ্যে সুলতান শওকত ভ্রমর এবং ইউসুফ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা এসআরবি এক সংবাদ সম্মেলনে জানায়, ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তারা একই সঙ্গে জানিয়েছিল, শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
তবে আজ পর্যন্ত সেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। ত্বকী হত্যাকাণ্ডের পর থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন