ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গার্মেন্টসকর্মীদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার


গার্মেন্টসকর্মীদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে বোর্ডের স্থগিত হয়ে থাকা তৃতীয় সভা আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

গত ১৭ নভেম্বর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

সভায় দুটি বিষয় আলোচনা করা হবে। প্রথমত, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং দ্বিতীয়ত, এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল।

গত ৯ নভেম্বর, মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান। বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়।

আরও পড়ুন: ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার

২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

ক্যান্সারে আক্রান্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে গতকাল শনিবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার বিষয়ে তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় অভিনেত্রী ও নির্মাতার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে তাকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। যদিও তিনি সচেতন রয়েছেন, তবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন। পরবর্তী চিকিৎসা এবং লাইফ সাপোর্টের প্রয়োজনীয়তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও পরিবার দুশ্চিন্তায় রয়েছে। বর্তমানে যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানে খরচ অনেক বেশি। এই কারণে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে পরিবার।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে আসছেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তার নির্মাণে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, সংকট ও সমাজের নানা বাস্তবতা উঠে এসেছে। তিনি ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিছবি ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।

এছাড়া, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী মামলায় মুসলিম যুবকের আগাম জামিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী মামলায় মুসলিম যুবকের আগাম জামিন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি পাস হওয়া ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় দায়ের করা মামলায় এক মুসলিম যুবক আগাম জামিন লাভ করেছেন। ২২ বছর বয়সী এক হিন্দু নারীকে বিয়ে করার এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর মা।

মুম্বাইয়ের দিনদোশি দায়রা আদালতের বিচারক পি এ সানে গত ২০ নভেম্বর অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন। আদালত উল্লেখ করেন, ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন। এ পর্যায়ে তাদের মধ্যে নিকাহ বা নারীর ইসলাম ধর্ম গ্রহণের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, করোনার সময় থেকে অভিযুক্তের সঙ্গে ওই নারীর পরিচয় ও সম্পর্ক ছিল। পরে অভিযুক্ত ইসলাম গ্রহণের পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তার মা। ১৮ অক্টোবর, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওই নারী মাকে জানান, তিনি স্বেচ্ছায় অভিযুক্তকে বিয়ে করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত আদালতে জানান, ১৬ অক্টোবর বিশেষ বিবাহ আইনে তাদের বিয়ে সম্পন্ন ও নিবন্ধিত হয়েছে। তিনি ধর্মান্তরে বাধ্য করা বা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেন।

তদন্ত চলাকালে কথিত নিকাহ পরিচালনাকারী মৌলভির রেজিস্টার জব্দ করে পুলিশ। তবে সেখানে ওই যুগলের নিকাহের কোনো তথ্য পাওয়া যায়নি। আদালত বলেন, বোরকা পরা ছবি বা আমন্ত্রণপত্রে ‘আয়েশা’ নামের উল্লেখ এককভাবে ধর্মান্তরের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না।

আদালতে ওই নারীও আইনজীবীর মাধ্যমে জানান, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং তার ওপর কোনো ধরনের জবরদস্তি, হুমকি বা চাপ প্রয়োগ করা হয়নি।

জামিনের শর্ত হিসেবে অভিযুক্তকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের একজন জামিনদার দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৯০ দিন সপ্তাহে দুই দিন থানায় হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে এবং অভিযোগকারী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেরও অনুমতি নেই।

এদিকে, মহারাষ্ট্রের নতুন ধর্মান্তরবিরোধী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। বোম্বে হাইকোর্টেও আইনটির বিরুদ্ধে পৃথক আবেদন করা হয়েছে। আবেদনকারীদের দাবি, আইনটি ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে বর্ণবাদী নির্যাতনের দায়ে তিন পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ফ্রান্সে বর্ণবাদী নির্যাতনের দায়ে তিন পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

ফ্রান্সের আদালত কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক মিশেল জেকলারকে বর্ণবাদী নির্যাতন ও মারধরের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন। ২০২০ সালের প্যারিসে জেকলারের ওপর হামলার ঘটনায় বর্ণবাদকে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে শুক্রবার (২০ নভেম্বর) এই রায় প্রদান করা হয়েছে।

আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, ৪৭ বছর বয়সী জেকলার ঘটনার বিষয়ে ধারাবাহিকভাবে একই বক্তব্য প্রদান করেছেন। তিনি অভিযোগ করেছেন, মারধরের সময় পুলিশ কর্মকর্তারা তাঁকে বর্ণবাদী গালাগাল করেছেন। আদালত আরও জানায়, পুলিশি প্রতিবেদন জাল করার বিষয়টি কর্মকর্তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে।

রায়ে অরেলিয়াঁ লাপেরসন (২৯) ও ফিলিপ তোন্দ্যু (৫০) প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে লাপেরসনের তিন বছর এবং তোন্দ্যুর সাড়ে তিন বছর স্থগিত সাজা। বাকি সাজা তাঁরা কারাভোগ করবেন। তবে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ পরে কার্যকর হবে।

অন্যদিকে পিয়ের প্লঁতিয়েকে (৩৭) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার চার বছর স্থগিত। তাঁকে বাকি এক বছর কারাগারের পরিবর্তে ইলেকট্রনিক নজরদারির আওতায় নিজ বাসায় সাজা ভোগ করতে হবে। তিন কর্মকর্তাকেই স্থায়ীভাবে পুলিশে চাকরি করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এই ঘটনা ২০২০ সালের ২১ নভেম্বর, করোনা মহামারির সময় ঘটে। প্যারিসে নিজের স্টুডিওর বাইরে জেকলারকে থামান পুলিশ কর্মকর্তারা। মাস্ক না পরার অভিযোগ তুলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশ দাবি করে, তিনি এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তবে জেকলারের স্টুডিওর নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তাঁকে স্টুডিওর প্রবেশপথের ভেতরে নিয়ে মারধর করছেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে, ঠোঁট ও মাথার ত্বকে ক্ষত হয় এবং বাহুর বাইসেপস টেন্ডন পুরোপুরি ছিঁড়ে যায়।

জেকলারের অভিযোগ, মারধরের সময় তাঁকে কয়েকবার বর্ণবাদী গালাগাল করা হয়। আদালত জানায়, মারধরের পর হাতকড়া পরানোর সময় তিনি এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তাকে এ অভিযোগ জানিয়েছিলেন। পরে থানায়, হাসপাতালে নেওয়ার পথে এবং স্বজনদের কাছেও একই অভিযোগ করেন তিনি।

পুলিশ কর্মকর্তারা জেকলারকে মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি তাঁদের ওপর হামলা করেন এবং তাঁদের একজনের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ভিডিও ফুটেজ তাঁদের এ বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া ঘটনাটি আড়াল করতে পুলিশি প্রতিবেদন জাল করার দায়েও কর্মকর্তারা দোষী সাব্যস্ত হয়েছেন।

শুক্রবার রায় ঘোষণার আগে তিন কর্মকর্তাই জেকলারের কাছে ক্ষমা চান। তাঁদের মধ্যে প্লঁতিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। রায়ের পর আদালত থেকে বের হলে উপস্থিত লোকজন জেকলারকে করতালি দিয়ে স্বাগত জানান। তাঁর আইনজীবী সের্জ মানি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং একজন মানুষের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে।

ফ্রান্সে পুলিশি নির্যাতনের অভিযোগে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তুলনামূলক বিরল। এ রায়ে নির্যাতনের ঘটনায় বর্ণবাদকে গুরুতর কারণ হিসেবে স্বীকৃতি দেওয়াকে দেশটিতে পুলিশি সহিংসতা ও বর্ণবৈষম্য নিয়ে চলমান বিতর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%