০১:৪৪ পি.এম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। শনিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি হাসপাতালটিতে আগাম ঘোষণা ছাড়াই পৌঁছান। মহাপরিচালকের আকস্মিক আগমনে হাসপাতালজুড়ে তোলপাড় শুরু হয়, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী সবাই ছুটে আসেন।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসার পরিবেশ এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা সঠিকভাবে হচ্ছে কি না, তা পরীক্ষা করেন। কে সময়মতো আসছেন, কে দেরি করছেন- এসব বিষয়ে খোঁজ নেন। হাসপাতালের ওয়ার্ড, বারান্দা, টয়লেট, বহির্বিভাগ ও জরুরি বিভাগের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন। পুরোনো, অকেজো ও নষ্ট যন্ত্রপাতি ও মালামালের কনডেমনেশন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
মহাপরিচালক নিজ হাতে ফাইলপত্র দেখছেন, রেজিস্ট্রার খাতা পরীক্ষা করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। তিনি চিকিৎসকদের কক্ষে বসে রোগীদের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র যাচাই করছেন।
আরও পড়ুন: বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা
পরিদর্শনের সবচেয়ে মানবিক মুহূর্ত ছিল যখন মহাপরিচালক হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম (মিজেলস) আক্রান্ত রোগীদের দেখতে যান। তিনি রোগীদের বেডের পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কি না, সেবা পাচ্ছেন কি না- তা জানতে চান। চিকিৎসকদের তিনি হাম রোগীদের প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন।
হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন জানান, ‘মহাপরিচালক স্যার নিজে এসে আমার বাচ্চার খবর নিয়েছেন। এটা দেখে খুব ভালো লাগল। আমরা চাই হাসপাতালে সব সময় এমন সেবা থাকুক।’
পরিদর্শন শেষে মহাপরিচালক সংশ্লিষ্টদের রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দায়িত্বে অবহেলা না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, হাসপাতালে আসা প্রতিটি রোগী যেন সম্মান ও সঠিক চিকিৎসা পায়, সেটাই সবার প্রথম দায়িত্ব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। ডা. সাদিয়া তাসনিম মুনমুন মহাপরিচালককে হাসপাতালের সার্বিক কার্যক্রম, জনবল সংকট, ওষুধ সরবরাহ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন: ইনকিলাবের সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিনের ইন্তেকাল
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহাপরিচালকের এই আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই পরিদর্শন শুধুমাত্র একদিনের জন্য নয়, এর সুফল যেন স্থায়ী হয়।
স্থানীয় এক বাসিন্দা মন্তব্য করেন, ‘বড় স্যার এসেছেন, এটা ভালো খবর। এখন থেকে যদি ডাক্তাররা ঠিকমতো থাকেন, হাসপাতাল পরিষ্কার থাকে, রোগীরা ভালো সেবা পান- তাহলেই এই পরিদর্শন সার্থক হবে।’
আরেক বাসিন্দা বলেন, ‘কালিয়াকৈরে লাখ লাখ মানুষের ভরসা এই হাসপাতাল। গরিব মানুষ এখানেই চিকিৎসা নিতে আসে। আমরা চাই হাসপাতালটা আরও ভালো হোক।’
কালিয়াকৈরবাসীর একটাই চাওয়া- পরিদর্শনের পর হাসপাতালে সেবার মান আরও বাড়ুক, রোগীরা হাসিমুখে বাড়ি ফিরুক।
আরও পড়ুন: ভোলায় নতুন কূপ মিলছে, তবুও দেশজুড়ে গ্যাস সংকট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন