০১:৪০ পি.এম
মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আদালতের নির্দেশে রাশিয়ার তেলবাহী ট্যাংকার এমটি বেল্লা-১ জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জব্দের পর নিলামে বিক্রি হওয়া জাহাজটির মালিকানা দাবি করে বাংলাদেশের হাইকোর্টে মামলা দায়ের করেছে রাশিয়ার প্রতিষ্ঠান বুরেভেস্টমারিন এলএলসি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই বিষয়ে জানান, জাহাজটি গত ৪ নভেম্বর বন্দরের জলসীমায় প্রবেশ করে। পরদিন আদালতের আদেশে জাহাজটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, "এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালতের আদেশের ওপর নির্ভর করছে।"
মার্কিন আদালতের নিলামে জাহাজটি কিনে বাংলাদেশের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেটিং সিস্টেমস (জিএমএস)। এর ফলে মালিকানা বিরোধে ত্রিপক্ষীয় জটিলতা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
রুশ প্রতিষ্ঠানটির দায়ের করা অ্যাডমিরালটি মামলার প্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাইকোর্ট জাহাজটির জব্দের পরোয়ানা জারি করে। মামলায় জাহাজটির মালিকানা ঘোষণা ও দখল ফিরে পাওয়ার পাশাপাশি এক কোটি সাত লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
আদালতের নির্দেশে জাহাজটি যাতে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে না পারে, সে জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জাহাজটিতে আনসার ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ পর্যবেক্ষণ করা হচ্ছে।
জানা গেছে, ২০০২ সালে নির্মিত ট্যাংকারটির নাম আগে ছিল বেল্লা-১। এটি ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসে। চলতি বছরের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের সহায়তায় আইসল্যান্ডের দক্ষিণে মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করে। পরে মার্কিন ফেডারেল আদালতের নিলামে জিএমএস এটি কিনে পিএইচপির কাছে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে।
আমদানি-সংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ে জমা না দেওয়ার কারণে চট্টগ্রাম কাস্টম হাউস জাহাজটি ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করেছে। এতে আদালতের মালিকানা বিরোধের নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি স্ক্র্যাপ করার কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন