ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আজ পালিত হচ্ছে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস


আজ পালিত হচ্ছে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস

একটি শিশুর প্রথম হাসি, প্রথম বসা, প্রথম হাঁটা—প্রতিটি মুহূর্তই পরিবারের জন্য আনন্দের। তবে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুর ক্ষেত্রে এই আনন্দের সঙ্গে শুরু হয় দীর্ঘ অনিশ্চয়তার পথ। বয়স বাড়লেও অনেক শিশু বসতে, দাঁড়াতে বা হাঁটতে পারে না। কারও কথা বলতে সমস্যা হয়, আবার কারও হাত-পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণে থাকে না। অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তি, শ্রবণ, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কিংবা খিঁচুনির মতো জটিলতাও দেখা দিতে পারে।

তবে সেরিব্রাল পালসি মানেই জীবন থেমে যাওয়া নয়। যথাসময়ে শনাক্তকরণ, চিকিৎসা, নিয়মিত থেরাপি এবং পরিবার ও সমাজের সহযোগিতা পেলে আক্রান্ত শিশুরাও নিজেদের সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

আজ ৬ অক্টোবর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস। এ বছরের আন্তর্জাতিক প্রচারের মূল বার্তা হলো—সেরিব্রাল পালসিতে আক্রান্ত ৫ কোটি মানুষের কণ্ঠকে একত্র করে পরিবর্তনের দাবি জোরালো করা। দিবসটির লক্ষ্য হলো আক্রান্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

আরও পড়ুন: আদ-দ্বীন মেডিক্যাল কলেজে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশে দিবসটি উপলক্ষে জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হচ্ছে।

কেন হয় সেরিব্রাল পালসি

বিশেষজ্ঞরা বলছেন, সেরিব্রাল পালসি মূলত শিশুর বিকাশমান মস্তিষ্কের অস্বাভাবিক বিকাশ বা মস্তিষ্কে ক্ষতির কারণে ঘটে। অনেক ক্ষেত্রে জন্মের আগে, জন্মের সময় অথবা জন্মের পরপরই মস্তিষ্কে ক্ষতির সঙ্গে এর সম্পর্ক থাকে।

অপরিণত বা কম ওজন নিয়ে জন্ম, জন্মের সময় অক্সিজেনের ঘাটতি, মস্তিষ্কে রক্তক্ষরণ, নবজাতকের কিছু সংক্রমণসহ বিভিন্ন জটিলতা এর ঝুঁকি বাড়াতে পারে। তবে অনেক শিশুর ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয় না।

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০৬

জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক ও অধ্যাপক ডা. মো. বরুল আলম গণমাধ্যমকে বলেন, সেরিব্রাল পালসির সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো নড়াচড়া ও অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণে সমস্যা। কারও পেশি শক্ত হয়ে থাকে, কারও অনিয়ন্ত্রিত নড়াচড়া হয়, আবার কারও শরীরের ভারসাম্য ও সমন্বয় করতে সমস্যা হয়।

তিনি আরও বলেন, সেরিব্রাল পালসি শুধু চলাফেরার সমস্যা নয়। আক্রান্ত শিশুর কথা বলা, গিলতে পারা, খাওয়া, দেখা, শোনা কিংবা শেখার ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে।

দ্রুত শনাক্তকরণ জরুরি

শিশুর স্বাভাবিক বিকাশের ধাপ সম্পর্কে পরিবারের সচেতনতার অভাবে অনেক সময় সেরিব্রাল পালসি শনাক্ত হতে দেরি হয়। যে শিশু নির্দিষ্ট বয়সে মাথা ধরে রাখতে পারছে না, বসতে পারছে না, হামাগুড়ি বা দাঁড়ানোর চেষ্টা করছে না, এক পাশের হাত-পা বেশি ব্যবহার করছে কিংবা শরীর অস্বাভাবিক শক্ত বা ঢিলে—এসব লক্ষণকে অনেক সময় পরিবার স্বাভাবিক বিকাশের অংশ বলে মনে করে।

আরও পড়ুন: অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় বেশি: গবেষণা

কেউ কেউ আবার ভাবেন, বয়স বাড়লে শিশু ঠিক হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই অপেক্ষায় মূল্যবান সময় নষ্ট হতে পারে। কারণ শিশুর জীবনের প্রথম কয়েক বছর মস্তিষ্কের বিকাশ ও শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত দ্রুত সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় থেরাপি ও সহায়তা শুরু করা যায়, শিশুর কার্যক্ষমতা বাড়ানোর সুযোগ তত বেশি।

দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন।

সেরিব্রাল পালসির জন্য এমন কোনো একক চিকিৎসা নেই, যা সব শিশুকে পুরোপুরি সুস্থ করে তুলবে। চিকিৎসার মূল লক্ষ্য হলো শিশুর সক্ষমতা বাড়ানো, ব্যথা ও জটিলতা কমানো এবং তাকে যতটা সম্ভব স্বাধীনভাবে জীবনযাপনে সক্ষম করা।

এ জন্য প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপি, দৈনন্দিন কাজের দক্ষতা বাড়ানোর থেরাপি, কথা বলা ও ভাষা শেখার থেরাপি, পুষ্টি ব্যবস্থাপনা, প্রয়োজন অনুযায়ী ওষুধ, সহায়ক যন্ত্র, হুইলচেয়ার, দৃষ্টি ও শ্রবণ পরীক্ষা এবং খিঁচুনি নিয়ন্ত্রণের ব্যবস্থা। কিছু ক্ষেত্রে হাড় ও অস্থিসন্ধির অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে। অর্থাৎ চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: চিকিৎসকদের বদলিতে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জনের পদায়ন

চিকিৎসা পেতে ভোগান্তি

তবে বাংলাদেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা পেতে নানা সমস্যায় পড়তে হয়। বিশেষায়িত পুনর্বাসন ও শিশু স্নায়ুরোগের বড় অংশের সেবা রাজধানী ও কয়েকটি বড় শহরকেন্দ্রিক। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের পরিবারগুলোকে অনেক সময় চিকিৎসা ও থেরাপির জন্য ঢাকায় আসতে হয়।

নিয়মিত থেরাপির খরচের পাশাপাশি যাতায়াত, থাকা, অভিভাবকের কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অন্যান্য ব্যয়ও পরিবারের ওপর চাপ তৈরি করে। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য এই ব্যয় বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে শুরুতে নিয়মিত থেরাপি করালেও কয়েক মাস বা কয়েক বছর পর অনেক পরিবার তা বন্ধ করে দিতে বাধ্য হয়।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস এম মাহমুদুজ্জামান শোয়েব গণমাধ্যমকে বলেন, সেরিব্রাল পালসি মূলত দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার বিষয়। কয়েক সপ্তাহ বা কয়েক মাস থেরাপি করালেই সব সমস্যা দূর হয়ে যায়—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্র নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত

তিনি আরও বলেন, শিশুর বয়স ও শারীরিক অবস্থার সঙ্গে থেরাপির ধরন ও লক্ষ্যও পরিবর্তিত হতে পারে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ না থাকলে পেশি শক্ত হয়ে যাওয়া, অস্থিসন্ধির নড়াচড়ার সীমাবদ্ধতা, অস্বাভাবিক অঙ্গভঙ্গি, ব্যথা এবং দৈনন্দিন কাজের সক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

তার মতে, শুধু হাসপাতাল বা থেরাপি কেন্দ্র বাড়ালেই হবে না। পরিবারকে প্রশিক্ষণ দিয়ে ঘরেও নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশে শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞের সংখ্যা কম, শিশু পুনর্বাসনের সুযোগও সীমিত। একই সঙ্গে ফিজিওথেরাপি, দৈনন্দিন কাজের দক্ষতা বাড়ানোর থেরাপি ও কথা বলার থেরাপির সমন্বিত সেবাও পর্যাপ্ত নয়। বিশেষ করে জেলা পর্যায়ে একই জায়গায় সব ধরনের সেবা পাওয়ার সুযোগ কম।

পরিবারের ওপরও বাড়ে চাপ

সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু রক্তিমের মা ইশরাত জাহান (ছদ্মনাম) গণমাধ্যমকে বলেন, ‘সেরিব্রাল পালসি আক্রান্ত একটি শিশুর যত্নের সবচেয়ে বড় দায়িত্ব অনেক ক্ষেত্রে মায়ের ওপরই পড়ে। শিশুর দৈনন্দিন কাজ, খাওয়ানো, গোসল, পোশাক পরানো, থেরাপিতে নিয়ে যাওয়া—সবকিছু সামলাতে গিয়ে অনেক মাকে চাকরি বা আয়মূলক কাজ থেকে সরে দাঁড়াতে হয়। আমার নিজেকেও চাকরি ছাড়তে হয়েছে বাচ্চাকে সামলাতে গিয়ে।’

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, একিউআই স্কোর ১৫৮

শুধু চিকিৎসা নয়, সামাজিক দৃষ্টিভঙ্গিও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক সময় তাদের নিয়ে করুণা করা হয়, দূরে সরিয়ে রাখা হয় কিংবা তাদের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা হয়। এমনকি কিছু পরিবারও মনে করে, সন্তানটি কিছুই করতে পারবে না।

এর ফলে শিশুর শিক্ষা, খেলাধুলা, সামাজিক যোগাযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা শুরুতেই সীমিত হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসার পাশাপাশি প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা। সঠিক সময়ে শনাক্তকরণ, সহজলভ্য চিকিৎসা ও পুনর্বাসন এবং ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গেলে শরীরের সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ এম


পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

নোবেল পুরস্কারের সোয়া শ' বছরের দীর্ঘ ইতিহাসে একই পরিবারের একাধিক সদস্যের এই সর্বোচ্চ সম্মাননা অর্জনের ঘটনা অত্যন্ত বিরল এবং বিস্ময়কর। বিশ্বমঞ্চে পারিবারিক মেধার এই অনন্য উত্তরাধিকার প্রধানত পদার্থবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে দেখা গেছে। নোবেল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ইতিহাসে এ পর্যন্ত মোট ৭ বার পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য নজির সৃষ্টি হয়েছে।

নিচে নোবেলজয়ী সেই সফল পিতা-পুত্রদের বিবরণ তুলে ধরা হলো:

হেনরি ও লরেন্স ব্র্যাগ

এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বিশ্লেষণের মাধ্যমে স্ফটিকের গঠন আবিষ্কারের জন্য পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ ও পুত্র উইলিয়াম লরেন্স ব্র্যাগ ২৯১৫ সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পান। এটি একই বছর যৌথভাবে পিতা-পুত্রের নোবেল জয় একমাত্র রেকর্ড।

লরেন্স ব্র্যাগ মাত্র ২৫ বছর বয়সে বাবার সাথে যৌথভাবে এই পুরস্কার পেয়ে বিজ্ঞানের ইতিহাসে আজও সর্বকনিষ্ঠ পদার্থবিজ্ঞানী হিসেবে বিশ্ব রেকর্ড ধরে রেখেছেন।

জে জে থমসন ও জর্জ পেজেট

স্যার জোসেফ জন থমসন (জে জে থমসন) ১৯০৬ সালে ইলেকট্রন আবিষ্কার ও গ্যাসে বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পান। এর ৩১ বছর পর, ১৯৩৭ সালে তাঁর পুত্র জর্জ পেজেট থমসন ইলেকট্রনের তরঙ্গধর্মী বৈশিষ্ট্য প্রমাণের জন্য একই বিভাগে নোবেল লাভ করেন।

নিলস বোর ও অগে বোর

কোয়ান্টাম তত্ত্ব ও পরমাণুর গঠন ব্যাখ্যার জন্য বিখ্যাত পদার্থবিজ্ঞানী নিলস বোর ১৯২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। তাঁরই যোগ্য উত্তরসূরি অগে বোর ১৯৭৫ সালে পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে উপ-পারমাণবিক কণার গতিপ্রকৃতি আবিষ্কারের জন্য একই বিভাগে নোবেল জয়ের গৌরব অর্জন করেন।

ম্যান ও কাই সিগবান

এক্স-রে স্পেকট্রোস্কোপি আবিষ্কারের জন্য ১৯২৪ সালে সুইডিশ বিজ্ঞানী কার্ল ম্যান সিগবান পদার্থবিজ্ঞানে নোবেল পান। ১৯৮১ সালে তাঁর পুত্র কাই সিগবান উচ্চ-রেজোলিউশন ইলেকট্রন স্পেকট্রোস্কোপি উন্নত করার স্বীকৃতিস্বরূপ একই বিভাগে নোবেল লাভ করেন।

হ্যান্স ও উলফ ভন ইউলার

বাবা হ্যান্স ভন ইউলার-চেলপিন ১৯২৯ সালে এনজাইমের গাঁজন প্রক্রিয়ার ওপর গবেষণার জন্য রসায়নে নোবেল পান। অন্যদিকে তাঁর পুত্র উলফ ভন ইউলার স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার (নোরপাইনফ্রিন) সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য ১৯৭০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল লাভ করেন।

আর্থার ও রজার কর্নবার্গ

মার্কিন বিজ্ঞানী আর্থার কর্নবার্গ ১৯৫৯ সালে (উঘঅ) কৃত্রিমভাবে ডিএনএ সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান। এর দীর্ঘ ৪৭ বছর পর, ২০০৬ সালে তাঁর পুত্র রজার কর্নবার্গ ইউক্যারিওটিক কোষের জিনগত তথ্য প্রতিলিপিকরণ প্রক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল লাভ করেন।

নিলস জার্নি ও সোভান্তে পাবো

ইমিউন সিস্টেমের নিয়ন্ত্রণ তত্ত্বের জন্য ১৯৮৪ সালে নিলস জার্নি চিকিৎসায় নোবেল পান। আর ২০২২ সালে বিলুপ্ত হোমিনিন ও মানব বিবর্তনের জিনোম আবিষ্কারের জন্য তাঁর পুত্র সুইডিশ বিজ্ঞানী সোভান্তে পাবো চিকিৎসাবিজ্ঞানে নোবেল লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টের নির্দেশ

ভারতের সুপ্রিম কোর্ট বলিউড অভিনেতা রাজপাল যাদবকে কোটি রুপির চেক বাউন্স মামলায় তীব্র ভর্ৎসনা করেছে। আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে পাওনাদারদের বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিচারপতিরা তার প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেন। এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বলা হয়, "জেলই আপনার যোগ্য জায়গা।"

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৯ সেপ্টেম্বরের শুনানিতে রাজপালকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। শুনানির সময় তার আইনজীবী আদালতে ৫০ লাখ রুপির একটি ডিমান্ড ড্রাফট জমা দেন এবং জানান, সেটি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে।

তবে আদালত এতে সন্তুষ্ট হয়নি। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ আগের দেওয়া অঙ্গীকার অনুযায়ী পুরো অর্থ জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেন। বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, পাওনাদাররা হয়তো অভিনেতার চেয়ে আর্থিকভাবে বেশি সচ্ছল হতে পারেন, কিন্তু চুক্তি ভঙ্গের কারণে তারাও ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মামলাটির শুরু ২০১০ সালে। রাজপাল যাদব দিল্লির একটি প্রতিষ্ঠান থেকে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর সেই অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হয়।

এর আগে সেপ্টেম্বরের শুনানিতে আদালত রাজপালের বিরুদ্ধে দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন না করায় অসন্তোষ প্রকাশ করেছিল। এবার নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ না হওয়ায় বিষয়টি আরও কঠোর অবস্থানে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবি, নিহত ২

কৃষ্ণসাগরে রুশ ড্রোনের হামলার ফলে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে সেটি ডুবে গেছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোমানিয়ার কর্তৃপক্ষ জানায়, জাহাজটির ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবরটি এনডিটিভি থেকে জানা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, নিরপেক্ষ জলসীমায় তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক জাহাজে দুটি রুশ ড্রোনের দ্বারা ভয়াবহ হামলা চালানো হয়। উল্লেখ্য, জাহাজটি ভুট্টা বহন করছিল।

তবে রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। জাহাজটি রোমানিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছিল। এটি তুলচা কাউন্টির স্ফানতুল জর্জ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল বা ৫৫ কিলোমিটার দক্ষিণে ছিল।

আগুন লাগার কারণ সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। তবে রোমানিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের একটি শস্যবাহী জাহাজ কৃষ্ণসাগরের একটি তেল প্ল্যাটফর্মের দক্ষিণ-পূর্বে ড্রোন হামলার শিকার হয়েছে। তবে কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেনি।

রোমানিয়ার নৌ কর্তৃপক্ষ জানায়, ‘রোয়াদ মাম্মাদভ’ নামের জাহাজটিতে আগুন লেগেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, এটি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী একটি সাধারণ পণ্যবাহী জাহাজ। ইউক্রেনের ইজমাইল বন্দর থেকে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল।

রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটির ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। পরে দুজনের মরদেহও পাওয়া যায়। আহত কয়েকজনকে হেলিকপ্টারে করে জরুরি চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

জেলেনস্কি জানান, জাহাজটিতে আজারবাইজান ও ভারতের নাগরিকরা ছিলেন। জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং আরও একজন ক্রুর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, কৃষ্ণসাগরে উত্তেজনা কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন বারবার সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। তৃতীয় কয়েকটি দেশও এ বিষয়ে প্রস্তাব দিয়েছে। কিন্তু রাশিয়া স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের পরিবর্তে সন্ত্রাস ও বেসামরিক জাহাজ ডুবিয়ে দেওয়ার পথ বেছে নিচ্ছে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার পর থেকে কৃষ্ণসাগর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হিসেবে বাড়তি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে গত মাসে কৃষ্ণসাগরে নেপচুন ডিপ গ্যাস প্ল্যাটফর্মের কাছে বিস্ফোরক বহনকারী একটি নৌড্রোন শনাক্ত হওয়ার পর সেটি ধ্বংস করতে রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির নৌবাহিনী কৃষ্ণসাগরে ভেসে থাকা নয়টি সমুদ্র মাইন ধ্বংস করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী উপকূলে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ এম


সউদী উপকূলে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

সউদী আরবের উপকূলের নিকটে লোহিত সাগরের ওপর মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার জরুরি সংকেত পাঠানোর পর ফ্লাইট-ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে গেছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিএনেরও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সউদী উপকূলের কাছে উড্ডয়নরত হেলিকপ্টারটি প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় অবস্থান করার সময় জরুরি সংকেত পাঠায়। এরপর এর প্রদর্শিত উচ্চতা শূন্যে নেমে আসে এবং হেলিকপ্টারটি রাডার ও ফ্লাইট-ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটির কলসাইন ছিল ভিভিএইচআর৫১২। স্থানীয় সময় সোমবার বিকেলে এটি জরুরি অবস্থা ঘোষণা করে। তবে জরুরি সংকেত পাঠানোর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, হেলিকপ্টারটি লোহিত সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। কিন্তু এসব দাবির পক্ষে এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনী এখনও এই ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। হেলিকপ্টারটির আরোহীদের সংখ্যা, তাদের অবস্থা অথবা জরুরি অবস্থা ঘোষণার কারণ সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।

এমএইচ-৬০আর সিহক মার্কিন নৌবাহিনীর বহুমুখী সামুদ্রিক হেলিকপ্টার। এটি সাবমেরিনবিরোধী এবং নৌযানবিরোধী অভিযানে, অনুসন্ধান ও উদ্ধার, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য সামুদ্রিক কার্যক্রমে ব্যবহৃত হয়। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%